Home খেলাধুলা বিপিএল: আশা থেকে আইসিইউতে

বিপিএল: আশা থেকে আইসিইউতে

37

স্পোর্টস ডেস্ক।।
বিপিএলের নবম আসরের দ্বিতীয় দিনের খেলা চলছিল মিরপুরে। শীতের দুপুরে মেয়েকে নিয়ে খেলা দেখতে এসেছেন রমিজ মিয়া। বিপিএল কেমন উপভোগ করছেন জানতে চাইলে অকপট জবাব, ‘অন্যান্য দেশে দিন দিন যেখানে উন্নতি হয়, আমাদের হচ্ছে অবনতি। মিরপুরে নিয়মিত খেলা দেখতে আসি। বিপিএলের প্রথম আসরেও এসেছিলাম। তখনকার উত্তাপও এখন নেই। এবার আসতাম না। মেয়েটা খেলা দেখতে চাইছে, তাই বাধ্য হয়ে নিয়ে আসলাম।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাকচিক্য নেই। বিদেশি তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে আগ্রহ হারাচ্ছে রমিজ মিয়ার মতো দর্শকরাও। একসময় আইপিএলের পর দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বলে গলা ফাটানো বিসিবি কর্তারাও এখন আর বিপিএল নিয়ে উচ্চকণ্ঠ নন।

আইপিএলের আদলে বিপিএলটা মূলত ছিল বিসিবির সাবেক সভাপতি ও বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মস্তিষ্কপ্রসূত। ২০১২ সালে এই টুর্নামেন্ট চালু করার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় ক্রিকেটারদের টি–টোয়েন্টির পারফরম্যান্সে উন্নতি আনা। বিশ্বের বড় বড় ক্রিকেটারের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করে তাদের টি–টোয়েন্টিজ্ঞান ঋদ্ধ হবে, অনেক কিছু শিখবেন, জানবেন—এই ছিল আশা। তবে এরইমধ্যে একযুগ পার করা টুর্নামেন্টটি কতটা সফল?

যারা নিয়মিত ক্রিকেট খেলা দেখেন এবং খোঁজখবর রাখেন তাদের দৃষ্টিতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ, ‘দায়সারা গোছে চলে’। এক সময় দারুণ সম্ভাবনা জাগিয়েও এখন জৌলুস হারিয়ে নামমাত্র একটা টুর্নামেন্টে পরিণত হয়েছে বিপিএল। ‘বাংলাদেশ পেইন লিগ’, ‘বকেয়া প্রিমিয়ার লিগ’, ‘বিতর্ক প্রিমিয়ার লিগ’ ইত্যাদি খেতাব ভাগ্যে জুটেছে বিপিএলের। ক্রিকেটার থেকে সংগঠক, বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা প্রায়ই সমালোচনা করে থাকেন। নানা বিতর্ক আর অব্যবস্থাপনায় রীতিমতো আইসিইউতে আছে দেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগটি।

সাকিবের বোমা ও বিসিবির শাক দিয়ে মাছ ঢাকা
‘বিপিএল যা তা, ডিপিএলও এর চেয়ে ভালো’- ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরুর দিন দুয়েক আগে দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের এমন মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছিল। বিপিএলের মান নিয়ে ক্ষোভ জানানোর পাশাপাশি সাকিব বলেছিলেন, তাকে যদি সিইওর দায়িত্ব দেয়া হয়, বেশিদিন লাগবে না। সর্বোচ্চ ১ থেকে ২ মাস সময় লাগবে সব ঠিক করতে। সাকিবের মতে চাইলেই বদলে ফেলা সম্ভব। মূলত চেষ্টার অভাবেই বিপিএল এক জায়গায় আটকে গেছে বলে মনে করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। দায়িত্ব পেলে কি করতেন সেটাও জানিয়েছেন সাকিব। তার মতে, বিপিএলের সিইও হলে সব বাদ দিয়ে নতুন করে ড্রাফট অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, আধুনিক প্রযুক্তি থাকবে, সম্প্রচারের মান ভালো থাকবে, হোম ও অ্যাওয়ে ভেন্যুতে খেলা হবে।

অন্যান্য দেশে যখন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির জনপ্রিয়তা তুঙ্গে তখন বিপিএলের জনপ্রিয়তা তলানিতে। এমন হওয়ার পেছনে বিসিবি নিজেদের সীমাবদ্ধতার কথা বারবার জানালেও কর্তাব্যক্তিদের মার্কেটিং ব্যর্থতাকে দায়ী করেছেন সাকিব। তার মতে, ‘বাজার নেই, কারণ আমরা বাজার তৈরি করতে পারিনি। এই বাজার অনেক বড় হওয়ার কথা ছিল। এমন কোনো প্রত্যন্ত অঞ্চল দেখবেন না যেখানে ক্রিকেট খেলা হচ্ছে না। অজপাড়াগাঁয়েও কোনোমতে একটা ব্যাট, একটা বল, বল না পেলে অন্যকিছু দিয়ে ক্রিকেট খেলা হচ্ছে। এমন তো না যে, এটার জনপ্রিয়তা নেই। ১৬-২০ কোটি মানুষের দেশে এতো পছন্দের খেলার বাজার থাকবে না, এটা বিশ্বাস করা খুবই দুঃখজনক। আমি অন্তত বিশ্বাস করি না। মার্কেটিংয়ের জায়গা থেকে এটা অনেক বড় ব্যর্থতা।’

বিপিএলের মান নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্যের পর বিসিবির নীতিনির্ধারক মহল থেকে বারবার ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টা চলেছে। তবে সাকিবের সঙ্গে সুর মিলিয়েছেন দেশের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলকে যা-তা বলেছিলেন সাকিব, আর মাশরাফীর মতে, হ-য-ব-র-ল বিপিএল। চলতি আসর শুরুর আগে ম্যাশ বলেন, ‘পরিবেশ দেখলে আপনার তা-ই ( হ-য-ব-র-ল) মনে হবে। কারণ এক মাঠে ৬-৭ দল অনুশীলন করছে। এ বিষয়ে শুরু থেকে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, ‘ছোট ছোট সমস্যাগুলো এক সময়ে বড় আকার ধারণ করে। কিন্তু এখন থেকেই যদি ক্রিকেট বোর্ড চিন্তা করে, তাহলে এগুলো ঠিক করা সম্ভব। আর এমন নয় যে আমাদের ব্যবস্থা নেই, অনেকগুলো মাঠ পড়ে আছে। চাইলেই সেগুলো কাজে লাগানো সম্ভব। মাশরাফী জানান, আমাদের দুর্ভাগ্য আমরা পিছিয়ে আছি। কিন্তু অন্য দেশে এইসব টুর্নামেন্ট অনেক এগিয়ে গেছে। তাদের মিডিয়াতে এগুলো প্রচার করছে, উন্নতি হচ্ছে। সেই জায়গা থেকে আমরা এগোতে পারছি না। এটি ঠিক যে, আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিপিএলের ভবিষ্যৎ নিয়ে সাবেক এ অধিনায়কের পরামর্শ, ‘ দলগুলো কী চাচ্ছে, বিসিবি কী চাচ্ছে এগুলো কথা বলেই সমাধান করা সম্ভব। না হলে সেই পূর্বের অবস্থাই থেকে যাবে।’

কেন আগ্রহ হারাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো
সিলেট সিক্সারস, সিলেট সানরাইজার্স, সিলেট থান্ডার এবং সিলেট স্ট্রাইকার্স। বছর বছর বদলে যায় ফ্রাঞ্চাইজি আর পাল্টে যায় দলের নামও। ক্রিকেট সমর্থকরা তো বটেই, খোদ বিপিএল কাভার করা সাংবাদিকরাও হিমশিম খান দলের নাম ব্যবহার করতে গিয়ে। আপনার প্রশ্ন জাগতে পারে কেন আগ্রহ হারায় বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো? উত্তরটাও হয়তো আপনার জানা। ভারতের আইপিএল কিংবা পাকিস্তানের পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো ব্যবসাসফল টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হলেও একযুগেও এগোয়নি বিপিএল।

যদিও বিসিবি বরাবরই বলে এসেছে, রাজস্ব আয়ের চেয়ে বিপিএলে তাদের বড় উদ্দেশ্য দেশের ক্রিকেটারদের টি–টোয়েন্টির মান বাড়ানো। সে যাই হোক—ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে বিপিএল শুরু থেকেই বিসিবির রাজস্ব আয়ে খুব বড় অবদান রাখতে পারেনি। আর যে কারণে বাধ্য হয়ে সংকুচিত করতে হয়েছে আর্থিক কাঠামো। কমিয়ে দেয়া হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি ফি। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ হারানোর বড় কারণ, আইপিএল, পিএসএলে রেভিনিউ শেয়ার করা হয়। বিপিএল থেকে ফ্র্যাঞ্চাইজিরা কিছুই পান না। অন্যদিকে, বিসিবির বক্তব্য হচ্ছে, ক্রিকেটের প্রতি যাদের আগ্রহ বেশি, যারা ক্রিকেটকে ভালোবাসবে তাদের বিপিএলে আসতে হবে। এখানে কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নেই। ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এবং ক্রিকেটের উন্নয়নে কাজ করতে যারা ইচ্ছুক তাদের বেছে নেয়া হবে।

জোড়াতালির টুর্নামেন্ট
যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটেও সংযোজন ঘটছে নতুন নতুন প্রযুক্তির। তবে বিপিএল কর্তৃপক্ষের যেন তাতেই বয়েই গেছে দশা। আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নির্ভুল করতে এখন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি থাকা অত্যাবশ্যক। তবে বিপিএলের চলতি আসরে কাজ চলছে এডিআরএস দিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে যখন বিপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে জানতে চাওয়া হয়েছিল, ডিআরএস কেন ব্যবস্থা করেনি তারা? তখন তারা জানিয়েছিল, সীমাবদ্ধতার কথা।

তবে ডিআরএসের বিকল্প হিসেবে এমন সিস্টেমই নিয়ে এসেছে বিপিএলের আয়োজক কমিটি, যা সমাধানের চেয়েও সংশয় বাড়িয়েছে বেশি। চলতি আসরের প্রথম পর্বে ঢাকা ডমিনেটর্স এবং খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচে যে চিত্রও দেখা গেছে। যেখানে মাঠের আম্পায়ার গাজী সোহেল সৌম্যকে এলবিডব্লিউ আউট দেন। এডিআরএস নিয়ে সৌম্য জানিয়েছে, বল তার গ্লাভস ছুঁয়ে গেছে। তবে বিপিএলের অতি আধুনিক এডিআরএসে সেটি ধরা পড়েনি। ফলে টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখে। সৌম্য সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তের আবারও বিরোধিতা জানান। মাঠের আম্পায়ার বলে দেন কট বিহাইন্ড হয়েছেন সৌম্য। যদিও শেষ পর্যন্ত সৌম্যকে আবারও নট আউট ঘোষণা দেন টিভি আম্পায়ার।

যত বড় খেলোয়াড় তত বড় ছাড়!
দেশের ক্রিকেটপাড়ায় একটা গুঞ্জন আছে, যত বড় খেলোয়াড় তত বড় ছাড় দেয়া হয়। চলতি বিপিএলে যেমন ম্যাচ শুরুর আগমুহূর্তে এসে সময় পরিবর্তন, আম্পায়ার বিতর্ক কিংবা নানা অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে তেমনি মাঠেও খেলোয়াড়দের পেশাদারিত্বের ঘাটতি দেখা যাচ্ছে। এখানে বিসিবির কঠোর না হওয়াকে দুষছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিকরা।

আরও পড়ুন: সাকিবকে বিপিএলের সিইও হওয়ার আমন্ত্রণবিপিএল ঘিরে নানা বিতর্কের সঙ্গে সমালোচিত হয়েছে আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের দুর্ব্যবহারের বিষয়টিও। বিপিএলের দ্বিতীয় দিনে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাটিং করার সময় আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শিরোনাম হয়েছিলেন সাকিব আল হাসান। পরে গত মঙ্গলবার মাঠে ঢুকে আবারও বিতর্ক তৈরি করেন। এদিনও আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় তাকে। জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিকদের মতে, প্রথম ঘটনায় শাস্তি না পাওয়ার কারণেই এটা হয়েছে। যদিও দ্বিতীয় ঘটনায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়।

অন্ধকারে আশার আলো
মিরপুরের মরা উইকেট নিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ছাড়াও খোদ দেশি ক্রিকেটারদেরও ক্ষোভ ঝারতে দেখা যায়। তবে চলতি বিপিএলে এখন পর্যন্ত মিরপুরের উইকেট নিয়ে সবার মাঝেই সন্তুষ্টি। প্রতি ম্যাচেই রান পাচ্ছেন ব্যাটাররা। টি-টোয়েন্টির জন্য আদর্শ উইকেটে তরুণ ক্রিকেটারদের ঝলকও দেখা যাচ্ছে। চলতি বিপিএলে ব্যাট হাতে দ্যুতি ছড়ানো তৌহিদ হৃদয়ের নাম এ তালিকায় প্রথমেই থাকবে।