খুলনাঞ্চল রিপোর্ট||
ডলার সংকটের কারণে কয়লা আমদানি করতে না পারায় জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে রামপাল বিদ্যুৎকেন্দ্র। নতুন করে কয়লা আমদানি না করলে এই কেন্দ্র চালু করা যাবে না। পায়রা বিদ্যুৎকেন্দ্রের কয়লার মজুদও শেষের দিকে। এ দুটি বিদ্যুৎকেন্দ্রে ডলারের সংকটের কারণে কয়লার এলসি বা ঋণপত্র খুলতে পারছে না। রোববার পর্যন্ত ডলারের সংস্থান হয়নি। এলসি খোলার অন্তত ৪০ দিনের মাথায় কয়লা এসে পৌঁছায় বিদ্যুৎকেন্দ্রে। এ দুটি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ঢাকায় সরবরাহ করা হয়। কেন্দ্র দুটি দীর্ঘ সময় বন্ধ থাকলে তার প্রভাব দেশের অন্য এলাকায় গিয়ে পড়বে। সরকার আগামী গ্রীষ্মে নতুন ছয়টি বিদ্যুৎকেন্দ্র দিয়ে লোডশেডিং সামাল দেবার পরিকল্পনা করেছিল। তার মধ্যে পায়রা ও রামপাল কেন্দ্র দুটি ছিল।
গত শনিবার সকালে কয়লার অভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের ইউনিটটি বন্ধ হয়ে যায়। এই বিদ্যুৎকেন্দ্রটি ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিটে মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুতের স্থাপিত ক্ষমতা। এর মধ্যে গত ১৭ ডিসেম্বর থেকে এখানে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।
২০২৩ সালের জুনে এ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে আরও বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। বাংলাদেশ-ভারতের সমান মালিকানায় বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার জন্য বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) নামে একটি কোম্পানি গঠন করা হয়েছে। এই কেন্দ্রের বিদ্যুৎ বর্তমানে ঢাকায় আসছে। কেন্দ্রটি বন্ধ হলে রাজধানীতে লোডশেডিং হবে। দেশের ব্যাংকগুলো রামপালকে এলসি খোলার জন্য ডলারের জোগান দিতে পারছে না।
বিআইএফপিসিএল উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম টেলিফোনে বলেন, কয়লা আমদানি না হওয়া পর্যন্ত রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু করা যাবে না।
এদিকে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটিও কয়লার অভাবে বন্ধ হবার উপক্রম। আর মাত্র ১২-১৩ দিনের কয়লার মজুদ আছে কেন্দ্রটির। দুটি ইউনিটে পায়রা বিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ৩২০ মেগাওয়াটের (৬৬০ করে একটি ইউনিটে)।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা বলেছেন, পায়রা বিদ্যুৎকেন্দ্রটি ৬ মাসের বাকিতে ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করে। ২০২২ সালের জানুয়ারিতে আনা কয়লা আমদানির অর্থ এখনো পায়রা বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষ বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফসিএল) পরিশোধ করতে পারেনি। পায়রা বিদ্যুৎকেন্দ্রের সমান অংশীদার হলো সরকারের নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চীনের সিএমসি।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেছেন, ছয় মাসের বাকিতে ২০২০ সালের ২০ এপ্রিলে পায়রা বিদ্যুৎকেন্দ্রে কয়লার দাম পরিশোধের একটি চুক্তি করে চীনা সিএমসি ও বিসিপিসিএল। কেন্দ্রটিতে কয়লা সরবরাহ করছে পিটি বায়ার্নস। পিটি বায়ার্নসকে নগদ মূল্য দিয়ে দেয় পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৫০ শতাংশের অংশীদার সিএমসি। আর সিএমসিকে ছয় মাস পর পায়রা বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বিসিপিসিএল কয়লার দাম পরিশোধ করে। ছয় মাসের বাকিতে এভাবেই কয়লা কিনে আসছিল পায়রা বিদ্যুৎকেন্দ্র।
তারা বলেন, গত জানুয়ারিতে কেনা কয়লার দাম গত জুনে দেয়ার কথা থাকলেও চলতি জানুয়ারিতেও বকেয়া টাকা দেয়া যায়নি। বৈদেশিক মুদ্রার অভাবে ১৫১ মিলিয়ন ডলার বা প্রায় ১৬০০ কোটি টাকা বাকি নির্দিষ্ট সময় দিতে ব্যর্থ হয়েছে পায়রা কর্তৃপক্ষ। দফায় দফায় বাংলাদেশ ব্যাংকের নীতি-নির্ধারকদের সঙ্গে দেখা করেও সংকটের সমাধান হয়নি। এর ফলে গত ১ জানুয়ারি পিটি বায়ার্নস কয়লা সরবরাহ বন্ধ করে দিয়েছে। সিএমসি অর্থের জন্য চাপ দিচ্ছে বিসিপিসিএলকে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা আরও জানিয়েছেন, ১৫১ মিলিয়ন ডলারের মধ্যে ১২১ মিলিয়ন ডলার জোগান দিতে চেয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু সেটিও হয়নি। ফলে পায়রার মজুত তলানিতে গিয়ে ঠেকেছে। এলসি খোলার পর কয়লার জাহাজ পায়রা বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়তে অন্তত ৪০ দিন সময় নেবে। এর আগেই কেন্দ্রটির কয়লার মজুত শেষ হয়ে যাবে বলেও তারা জানিয়েছেন।











































