Home আঞ্চলিক পদ্মায় জেলের জালে ২৭ কেজির বাগাইড়

পদ্মায় জেলের জালে ২৭ কেজির বাগাইড়

16

খুলনাঞ্চল রিপোর্ট।।

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে জেলার পিয়ার আলীর মোড় এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।

এরপর মাছটি দৌলতদিয়ার হালিম ফকিরের আড়তে আনলে উৎসুক জনতা ভিড় করেন। সেখানে মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলামে এক হাজার দুইশত টাকা কেজি দরে মোট ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় এক মৎস্য আড়তের মালিক।

দৌলতদিয়ার আড়ৎদার হালিম ফকির জানান, এখন পদ্মা নদীতে পানি কম থাকায় বড় মাছগুলো খাদ্যের সন্ধানে নদীর কিনারায় আসছে। যে কারণে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।

মাছটি কিনে নেওয়া শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া জানান, প্রায় ২৭ কেজি ওজনের বাগাইড় মাছটি কিনে নেওয়ার পর কেজি প্রতি ৫০ টাকা লাভে মোট সাড়ে ১২ শত টাকা কেজি দরে ৩৩ হাজার ৩৭৫ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে তা বিক্রি করা হয়েছে।

 

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, এবছর মাঝেমধ্যেই এমন বড় আকৃতির বিভিন্ন প্রকার মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।