ঢাকা অফিস।।
বিয়ে করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান জয়। শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার আকদ সম্পন্ন হয়।
ওই সময় তার স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ অনেকে।
আকদের সময় তার পরনে ছিল ঘিয়া রঙের পাঞ্জাবি, হালকা গোলাপি কটি। জয়ের স্ত্রীর নাম কাকন ভুঁইয়া। তিনি ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
জয়ের ছোট বোন ইনিন তাজনিন বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে। কনে কাকন ভুঁইয়ার বাড়ি কুমিল্লাতে। তিনি ইডেন কলেজ থেকে সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
জয়ের বিয়ের বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ছবি শেয়ার করে অনেকেই নবদম্পতির সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন।











































