হুসাইন ইমাম সবুজ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গলায় লিচু আটকে সালমান (৫) ও পানিতে ডুবে ফাতেমা (২) নামে দুই শিশুর মুত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া ও মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, নিহত শিশু সালমান কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে এসেছিল। আজ সোমবার দুপুরে লিচু খাওয়ার সময় তার শ্বাসনালীতে একটি লিচু আটকে যায়। পরে তাকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।সালমান বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার নগরবাড়ী গ্রামের সুমন সিকদারের ছেলে।
অপরদিকে, কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামে বাড়ির সামনের পুকুর থেকে ফাতেমার মৃতদেহ উদ্ধার করা হয়। সে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর বাড়ীর সামনের পুকুর থেকে ফাতেমাকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহত ফাতেমা মাঝবাড়ী গ্রামের কামাল দাড়িয়ার মেয়ে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।











































