Home সম্পাদকীয় স্মার্টফোনে দাম্পত্য অশান্তি

স্মার্টফোনে দাম্পত্য অশান্তি

8

অকপটে স্বীকার করতে হবে যে, প্রযুক্তির ভালোমন্দ উভয়ই রয়েছে। পারমাণবিক বোমা যেমন মানব সভ্যতার সমূহ ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে, তেমনি এর সাহায্যে বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করা যায় মানব কল্যাণে। অনুরূপ হয়েছে স্মার্টফোনের ক্ষেত্রেও। তথ্যপ্রযুক্তির যুগে স্মার্টফোন মানুষের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। স্মার্টফোনের কল্যাণে বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ব্যক্তিগত যোগাযোগসহ তথ্য আদান-প্রদান করা যায় মুহূর্তের মধ্যেই স্বল্প খরচে। একই সঙ্গে পাওয়া যায় দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় প্রায় সব উপাদান এবং বিনোদনের উপকরণ।

নানাবিধ বিল পরিশোধসহ আর্থিক লেনদেন এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনাও ঘরে বসেই সম্পন্ন করা যায় স্মার্টফোনের বদৌলতে। ব্যক্তিগত যোগাযোগ, কথোপকথন, ছবি-ভিডিও আদান-প্রদানসহ পারস্পরিক ভাববিনিময় তো রয়েছেই। তবে স্মার্টফোনের কিছু নেতিবাচক দিকও লক্ষ্য করা যায়। এর অন্যতম ব্যক্তিগত গোপনীয়তা ফাঁসসহ তথ্যাদি হ্যাক হয়ে যাওয়া। দ্বিতীয়ত, প্রবল আসক্তি। প্রতিবেশী দেশ ভারতের বিখ্যাত একটি ফোন কোম্পানি পরিচালিত জরিপে দেখা যায়, স্মার্টফোনের মাত্রাতিরিক্ত আসক্তি স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ-বিবাদ-অশান্তি ডেকে আনছে, যা এমনকি গড়াচ্ছে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত। এর মূলে রয়েছে স্বামী বা স্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং সেই থেকে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস। এর পাশাপাশি সমূহ আসক্তি তো রয়েছেই।

সমীক্ষায় বলা হয়েছে, বিবাহিত দম্পতিদের ৬৭ শতাংশ পারস্পরিক সময় কাটানোর সময়েও আবদ্ধ থাকে স্মার্টফোনে। ফলে, একে অন্যকে সময় দিতে পারেন না ঘর-সংসারে। দুর্বল হয়ে পড়ছে দাম্পত্য সম্পর্ক। স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে স্মার্টফোন যদি প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তাহলে নিজেদের মধ্যে টানাপোড়েন দেখা দিতে বাধ্য। বিখ্যাত ও জনপ্রিয় লেখক যাযাবর বহুল পঠিত উপন্যাস দৃষ্টিপাতে লিখেছেন, বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। স্মার্টফোনের ক্ষেত্রেও বোধকরি কথাটি সত্যি হতে চলেছে। সেক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার সম্পর্কে আরও বেশি সচেতন, সাবধান ও সতর্ক থাকতে হবে। স্বামী-স্ত্রী উভয়কে একে অন্যের ব্যক্তিস্বাধীনতা ও অধিকারে হস্তক্ষেপ করা চলবে না কিছুতেই। মনে রাখতে হবে, মানুষ যেন প্রযুক্তির দাস না হয়ে মনিব হয়ে ওঠে।

সবচেয়ে ভয়ংকর উদ্বেগজনক তথ্য হলো, ইদানীং শিশু-কিশোরদের হাতেও উঠেছে স্মার্টফোনসহ তথ্যপ্রযুক্তির যাবতীয় সুযোগ-সুবিধা। সামাজিক সচেতনতার অভাবে এর অপব্যবহারই পরিলক্ষিত হচ্ছে বেশি। বিশেষ করে কোভিড-১৯ অতিমারির সন্ধিক্ষণে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় শিশুরা ছিল গৃহবন্দি। ফলে, আসক্তি তৈরি হয়েছে মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ফেসবুক, টিকটক ইত্যাদিতে। কিছুসংখ্যক কিশোর এর বদৌলতে জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকা-ে। জড়িত হচ্ছে গ্যাং কালচারে। এহেন বিপথগামী শিশু-কিশোরদের মোবাইল ফোন, কম্পিউটার, ফেসবুক, ইন্টারনেট সর্বোপরি স্মার্টফোন থেকে আসক্তি দূর করার জন্য অভিভাবক শিক্ষক ও সমাজের সবিশেষ দায়দায়িত্ব ও করণীয় রয়েছে। তবে শুধু শাসন করে নয়, বরং ভালোবাসা ও সঠিক পরিচর্যার মাধ্যমেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব।