মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
সুন্দরবনের করমজলে বিভিন্ন জায়গা থেকে জব্দকৃত কুমির, তক্ষক ও পাখি অবমুক্ত করা হয়েছে। এর আগে নভেম্বরে মাদারীপুর ও যশোরসহ বিভিন্ন এলাকা থেকে এ বন্যপ্রাণীগুলো জব্দ করেন খুলনার বন্যপ্রণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, মাদারীপুরের একটি মাছের খামার ও যশোরের জেএস গার্ডেন থেকে দুইটি কুমির উদ্ধার করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

এছাড়াও তারা বিভিন্ন এলাকা থেকে ১টি তক্ষক, ১টি বক, ১১টি কালিম পাখি, ১টি ভূবন চিল ও ২টি মাছ কুড়ালও উদ্ধার/জব্দ করেন। সেগুলোর মধ্যে বুধবার বিকেল ৪টার দিকে কুমির ২টি করমজলের কেওড়ার খালে ও অন্যান্যা প্রাণীগুলো বনের অভ্যন্তরে এবং জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগের জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আশ্চর্য ও করমজল ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির।











































