Home আঞ্চলিক সুন্দরবনে ফাঁদসহ নানা কৌশলে হরিণ শিকারে মেতেছে চোরা শিকারীরা

সুন্দরবনে ফাঁদসহ নানা কৌশলে হরিণ শিকারে মেতেছে চোরা শিকারীরা

44

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

ফাঁদসহ নানা কৌশলে সুন্দরবনে হরিণ শিকারে মেতে উঠেছে চোরা শিকারীরা। এসব হরিণের মাংস আবার বন সংলগ্ন খুলনার দাকোপের বিভিন্ন এলাকায় হরহামেশা বিক্রি হচ্ছে। হরিণ শিকারের পাশাপাশি এসব শিকারীর কাছ থেকে অন্যান্য বণ্য প্রাণীও বেহাই পাচ্ছে না।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব ও পশ্চিম সুন্দরবনের কোল ঘেষা উপজেলার সুতারখালী, কালাবগী, নলিয়ান, কালিনগর, কৈলাশগঞ্জ, রামনগর, বানিশান্তা, ঢাংমারী, খেজুরিয়া ও লাউডোব এলাকা রয়েছে। এসব এলাকার চিহ্নিত কয়েকটি হরিণ শিকারী চক্রের সদস্যরা বেশ কিছুদিন যাবৎ সুন্দরবনে অবাধে ফাঁদসহ নানা কৌশলে হরিণ শিকার করে আসছে। বনবিভাগের কর্মকর্তা কর্মচারীদের চোখ ফাঁকি দিয়ে চুরি করে সুন্দরবনে ঢুকে অনেক লম্বা ফাঁদসহ নানা কৌশলে হরিণ শিকার করে খুব সহজেই লোকালয়ে নিয়ে আসে ওই চক্রের সদস্যরা। পরে বিভিন্ন এলাকা থেকে অগ্রিম অর্ডার নেয়া লোকজনের নিকট কেজি প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা দরে নগদ ও বাকিতে বিক্রি করছে। মাঝে মধ্যে বনবিভাগ ও কোস্টগার্ডের কাছে হরিনের মাংস ও চামড়াসহ এসব শিকারী চক্রের দুই একজন সদস্য ধরা পড়ে কয়েকটি মামলা খেলেও কখনও থেমে নেই হরিণ শিকার। এসব শিকারী চক্রের কোন কোন সদস্য আবার পালিয়েও যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এছাড়া স্থানীয় বেশ কয়েকজন ক্ষমতাশিন দলের প্রভাবশালী নেতা ও জন প্রতিনিধিরা এসকল শিকারী চক্রের সদস্যদের কাছ থেকে ইচ্ছামত হরিণের মাংসসহ নানা সুযোগ সুবিধা নিয়ে থাকে বিধায় হরিণ শিকার কিছুতেই বন্দো হচ্ছে না বলে এলাকার সচেত মহলের অভিযোগ। এমনিভাবে চোরা শিকারীদের সুন্দরবনে হরিণ নিধন চলতে থাকলে আগামীতে এ চিত্রল মায়াবী হরিণ বিলুপ্ত হতে পারে বলে ওই মহল মনে করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবন সংলগ্ন এলাকার একাধিক ব্যক্তি বলেন, চিহ্নিত হরিণ শিকারী চক্রের সদস্যরা প্রতি অমাবশ্যা ও পূর্নিমার গোনে গোপনে বনে ঢুকে ফাঁদসহ নানা কৌশলে হরিণ শিকার করে এলাকায় এনে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করে। এবিষয়ে এলাকার কোন লোক মুখ খুললে এলাকার কথিত প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধিদের রোষানলে বিভিন্ন রকমের হয়রানির স্বীকার হতে হয়। শুধু হরিণ নয় এসব শিকারীর হাত থেকে সজারুসহ বনের অন্যান্য বণ্য প্রাণীও বেহাই পায় না। ওই চোরা চক্রের সদস্যদের নামে হরিণ শিকারের একাধিক মামলা থাকলেও তারা বহালতবিয়তে এই অপকর্ম চালিয়ে আসছেন বলে তারা জানান।

এবিষয়ে কোষ্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানান, গত কয়েকদিন আগে ৩৬ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে বানিশান্তা বাজার থেকে আটক করা হয়। এছাড়া গত এক বছরে অভিযান চালিয়ে মোট ১৪৮ কেজি হরিণের মাংসসহ ৫টি চামড়া, ২টি মাথা, ৪টি পা ও ১টি ভুড়ি জব্দ করা হয়েছে। এঘটনায় ৫ জনকে আটকের পর মামলা দিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়। এ অভিযান সব সময়ে অবহ্যত থাকবে বলে তিনি জানান।

এব্যাপারে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, হরিণ শিকারীদের তৎপরতা আবারও বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগেও কয়েকজনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তা ছাড়া কোষ্টগার্ডও আমাদের কাছে কয়েকজনকে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সোর্সের মাধ্যমে খবর নিয়ে চোরা শিকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে আগাম ব্যবস্থাসহ আমাদের টহল অব্যহত আছে।