Home আঞ্চলিক খুলনায় সরকারি হাসপাতালে বাক্সবন্দি চিকিৎসা

খুলনায় সরকারি হাসপাতালে বাক্সবন্দি চিকিৎসা

12

স্টাফ রিপোর্টার।।

কয়েক কোটি টাকা দামের লিনিয়ার এক্সিলারেটর, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, সিটিস্ক্যান মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে আছে খুলনার সরকারি হাসপাতালগুলোতে। এর মধ্যে কোনো কোনোটি ১০ বছরেরও বেশি সময় ধরে বাক্সবন্দি। এতে একদিকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, অন্যদিকে সেবাবঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৫ মে জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য লিনিয়ার এক্সিলারেটর মেশিনটি কেনা হয়েছিল। ২০১২ সালের ২৯ মে মেশিনটি সরবরাহ করে ঠিকাদার। জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালে কোনো বাংকার না থাকায় সে সময় মেশিনটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাংকার হলো লিনিয়ার এক্সিলারেটর ব্যবহারের বিশেষ কক্ষ। সে সময় ৬ এমভির লিনিয়ার এক্সিলারেটর মেশিনটি ধারণ করার মতো বাংকার খুমেক হাসপাতালেও ছিল না। তখন বাধ্য হয়ে মেশিনটি বাক্সবন্দি অবস্থায় হাসপাতালের অনকোলজি বিভাগের সামনে রাখা হয়। সেই থেকে এখন পর্যন্ত বাক্সবন্দি অবস্থাতেই রয়েছে প্রায় ৮ কোটি টাকা দামের এই মেশিনটি। আর মেশিন থাকা সত্ত্বেও স্থাপন না হওয়ায় সেবা থেকে বঞ্চিত হয়েছেন খুলনা অঞ্চলের ক্যানসার রোগীরা।

খুমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মুকিতুল হুদা বলেন, ‘প্রায় এক যুগ ধরে বাক্সবন্দি থাকায় লিনিয়ার এক্সিলারেটর মেশিনটি অকেজো হয়ে গেছে। তাই যেসব ক্যানসার রোগীর কেমো বা সার্জারির পর টিউমার ধ্বংস করতে রেডিওথেরাপির দরকার হয়, তাদের আমরা ঢাকার হাসপাতালগুলোতে রেফার করি।’

রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেডিওথেরাপি দেয়ার জন্য খুমেক হাসপাতাল থেকে ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়। এতে তাদের চরম ভোগান্তি ও অর্থব্যয় হয়। অথচ রোগীরা সেসব হাসপাতালে যে ব্যয় করেন তার কমিশন পান সংশ্লিষ্ট চিকিৎসকরা।

অব্যবহৃত এক্স-রে, আল্ট্রাসাউন্ড ও অ্যানেসথেসিয়া মেশিন

খুলনার উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি দেয়া হলেও পর্যাপ্ত জনবল দেয়া হয়নি। যার ফলে এক্স-রে, আল্ট্রাসাউন্ড ও অ্যানেসথেসিয়া মেশিনের মতো ভারী যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অকেজো পড়ে আছে।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে অ্যানেসথেসিয়া মেশিন। তবে অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় সেগুলো কখনো ব্যবহার করা হয়নি।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ডিজিটাল এক্স-রে মেশিনটি পড়ে থেকে নষ্ট হচ্ছে। একই অবস্থা আল্ট্রাসনোগ্রাফ মেশিনের ক্ষেত্রে।

ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফ মেশিন থাকলেও অপারেটর নেই। একটি প্যাথলজিক্যাল ল্যাব আছে, কিছু কিছু পরীক্ষা হলেও প্রয়োজনীয় অনেক পরীক্ষাই হচ্ছে না সেখানে।

দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, আল্ট্রাসাউন্ড, প্যাথলোজিক্যাল যন্ত্রপাতি সবই আছে কিন্তু তালাবদ্ধ কক্ষে বস্তায় মোড়ানো। আধুনিক অপারেশন থিয়েটার আছে কিন্তু কখনো অপারেশন হয়নি।

তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, আল্ট্রাসাউন্ড, প্যাথলজিক্যাল যন্ত্রপাতি সবই আছে, কিন্তু বদ্ধকক্ষে বস্তায় মোড়ানো। কেননা সেখানে টেকনোলজিস্ট ও অফিস কর্মচারীদের অধিকাংশ পদই খালি। ফলে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না।

রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন এবং ল্যাবের কাজ বন্ধ থাকায় রোগীদের খুলনা শহরে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘অ্যানেসথেসিয়া মেশিন খুবই সেনসিটিভ। উপজেলা পর্যায়ে কোনো অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় আমরা সেই মেশিনগুলো চালাতে পারি না। ছোটখাটো অপারেশনের জন্য ট্রেনিং করা ডাক্তাররা রোগীকে অজ্ঞান করতে পারেন। তবে অভিজ্ঞরা ছাড়া অ্যানেসথেসিয়া মেশিন চালাতে পারেন না।’ তিনি বলেন, ‘সরকার উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত যন্ত্রপাতি দিয়েছে। তবে এখনো জনবল পাওয়া যায়নি। তাই মেশিনগুলো ব্যবহার করা যাচ্ছে না।

মন্ত্রণালয় ও চিকিৎসকদের গাফিলতির অভিযোগ

দীর্ঘদিন ধরে দামি চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত থাকার পেছনে মন্ত্রণালয় ও চিকিৎসকদের গাফিলতি রয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) খুলনা জেলার সভাপতি মো. কুদরত-ই-খুদা বলেন, ‘খুমেক হাসপাতালে যে লিনিয়ার এক্সিলারেটর মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে, হাসপাতাল থেকে কিন্তু সেই মেশিনটির রিকুইজেশন পাঠানো হয়নি। তারপরও মন্ত্রণালয় সেটি এখানে পাঠিয়ে দিয়েছে। আবার মেশিন পেয়ে এখানকার চিকিৎসকরা কিন্তু মন্ত্রণালয়কে তাগাদা দিয়ে সেটি স্থাপনের ব্যবস্থা নেননি। তাই এখানে দুর্নীতির ব্যাপার আছে।’

কুদরত-ই-খুদা বলেন, ‘বিভিন্ন হাসপাতালের জন্য ঠিকাদার যন্ত্রপাতির তালিকা তৈরি করে। মন্ত্রণালয় সেসব মালামাল ঠিকাদারদের মাধ্যমে কিনে হাসপাতালগুলোতে পাঠায়। তবে হাসপাতালে পর্যাপ্ত জনবল বা অবকাঠামো যে নেই, সেটা মন্ত্রণালয়ের খেয়াল থাকছে না। তাই এটা স্পষ্ট, কেনাকাটায় দুর্নীতি করার জন্য মন্ত্রণালয় থেকে এসব মালামাল ঠেলে পাঠানো হচ্ছে।’

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে যন্ত্রপাতি চালানোর জন্য অধিদপ্তর থেকে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। নিয়োগ হয়ে গেলে মেশিনগুলো আর অব্যবহৃত থাকবে না।’