স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা জাহানারা আলম লিওনেল মেসির ভক্ত। এবার মেসির হাতেই তিনি বিশ্বকাপ দেখতে চান। অন্যদিকে, বিশ্বকাপ থেকে পর্তুগাল বাদ পড়ে যাওয়ায় দলটির অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও তার মন খারাপ বলে জানিয়েছেন।
নিউজিল্যান্ডে থাকা জাহানারা ফোনে সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে। তিনি বলেন, ‘আমরা এখন নিউজিল্যান্ডে রয়েছি। ১৮ তারিখ দেশে ফেরার বিমান। সব ঠিকঠাক থাকলে কাতার বিমানবন্দরে বসেই হয়তো ফাইনাল ম্যাচ দেখব। আর তা না হলেও বিমানে বসেই খেলা দেখবো। এই ম্যাচ কি ছাড়া যায়?’
কিউয়ি নারীর বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আগামীকাল শনিবার সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ।
জাহানারা বলেন, ‘আমাদের ক্রিকেট দলের অনেকেই ভোর ৪টায় উঠে খেলা দেখেছে। সেই খেলা নিয়ে আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে আলোচনা করেছি। আমাদের দলে বিভিন্ন দেশের সমর্থক রয়েছে। কেউ উরুগুয়ের, কেউ ফ্রান্স, কেউ ব্রাজিল আবার কেউ আর্জেন্টিনার। মেসিরা ফাইনালে পৌঁছানোয় অনেকেই দল বদলাচ্ছে। আর্জেন্টিনার হয়ে গলা ফাটানোর সিদ্ধান্ত নিয়েছে সবাই।’
পছন্দের মেসির হাতে বিশ্বকাপ উঠবে কি না, এমন প্রশ্ন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এ তারকা খেলোয়াড় বলেন, ‘আমার বিশ্বাস, আমার মন প্রাণ বলছে মেসিই এবার বিশ্বকাপ জিতবে। যে ভালো মানুষ, ভালো খেলোয়াড়, তার জন্য সর্বশক্তিমান ঈশ্বর অন্য এক চিত্রনাট্য আগাম লিখে রাখেন। মেসির আরও আগে হয়তো বিশ্বকাপ জেতা উচিত ছিল। কিন্তু এবার আরও একবার সুযোগ এসে গিয়েছে তার সামনে।”
এ বিষয়ে জাহানারা আরও বলেন, ‘মেসিকে দেখে শচীন টেন্ডুলোরের কথা মনে পড়ছে। উনিও শেষ বিশ্বকাপে এসে সাফল্য পেয়েছিলেন। শচীন স্যার মানুষ হিসেবে অনেক বড়, কঠিন পরিশ্রম করেছেন, ক্রিকেট মাঠে ছড়িয়ে দিয়েছেন কত মণিমুক্তা। মেসিও তেমনই। মানুষ হিসেবে খুব ভালো। এরকম একজন ক্রীড়াব্যক্তিত্বের হাতেই তো বিশ্বকাপ দেখতে চান সবাই। আমিও চাই।’
বিশ্বকাপ মঞ্চ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের প্রসঙ্গে এ মেসিভক্ত বলেন, ‘মেসির মতোই রোনালদোও মেগাস্টার। ফুটবল মাঠে কত জাদু ছড়িয়ে দিয়েছেন, তার ইয়ত্তা নেই। রোনালদোর বিদায় আমারও চোখে পানি এনেছে। শূন্য হাতে তাকে ফিরিয়ে দিয়েছে বিশ্বকাপ।’











































