মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মহান বিজয় দিবসে মোংলায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যুদ্ধ জাহাজ উম্মুক্ত রাখা হয়েছে। শুক্রবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জেটিতে বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়। এছাড়া দিগরাজ নৌঘাঁটির জেটিতে বিএনএস করতোয়া একই সময়ে উম্মুক্ত রাখেন নৌবাহিনী।
কোস্ট গার্ড ও নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দুইটি পরিদর্শনে মোংলাসহ আশেপাশের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশুদের সমাগম ঘটে। এ সময় দর্শনার্থীরা যুদ্ধ জাহাজ ঘুরে দেখার পাশাপাশি জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পান। এছাড়াও এ যুদ্ধ জাহাজ সম্পর্কে মানুষের কৌতুহল ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোস্ট গার্ড এবং নৌবাহিনীর দ্বায়িত্বরত কর্মকর্তারা। এ ধরণের জাহাজের গভীর সমুদ্রে গমন, উপকূলীয় অঞ্চলে টহল, উদ্ধার, অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে
পেরে সকলেই খুশি মনে বাড়ীতে ফিরেন। এতে উৎসুক জনসাধারণের মাঝে কোস্টগার্ড ও নৌবাহিনী সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা











































