ঢাকা অফিস।।
আলেয়া সারোয়ার ডেইজীকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি হিসেবে ঘোষণা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে ‘ডেইজী আপা’ গান দিয়ে ব্যাপক আলোচনায় আসেন ডেইজী। ওই নির্বাচনে তিনি লাটিম মার্কায় নির্বাচন করে হেরে যান।
‘ডেইজী আপা’ গান প্রসঙ্গে এর আগে গণমাধ্যমকে আলেয়া সারোয়ার ডেইজী জানিয়েছিলেন, ‘ডেইজী আপার সালাম নিন, লাটিম মার্কায় ভোট দিন’ ওই র্যাপ গানটিতে ভোকাল ছিলেন ডেইজী নিজেই। গানের কথা লিখেন তার বড় ভাই। সঙ্গে ছিলেন মোহাম্মদপুরের কিছু তরুণ।
ডিএনসিসি সাবেক প্যানেল মেয়র সিটি নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীর কাছে হেরে যান। এরপর আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ডেইজী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। সেখানে তিনি দুর্ঘটনার শিকারও হন, যাতে তার হাত ভেঙে যায়। এরপর তিনি দেশে ফিরে আসেন।
আলেয়া সারোয়ার ডেইজী জানান, তিনি দেশের জন্য কাজ করতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো সবার কাছে তুলে ধরতে চান। যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ডেইজী বলেন, ‘বর্তমানে দেশে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে তাতে আগামীতে বিদেশের মানুষ বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার জন্য আসবে।’
ডেইজী বলেন, ‘আমি এতদিন মানুষের জন্য কাজ করে এসেছি। মানুষের জন্যই কাজ করতে চাই। এখন সেটা রাজনৈতিকভাবে হোক বা অরাজনৈতিকভাবে হোক। রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ না পেলে, যদি কোনো সামাজিক সংগঠনও হয় আমি কাজ করবো।’
বৃহস্পতিবার ( ১৫ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ নতুন নেতৃত্বের ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী এর আগের কমিটিতে ছিলেন সহ-সভাপতি পদে। নতুন সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি ছিলেন সাংগঠনিক সম্পাদক পদে।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও অপু উকিলের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১২টা ৫ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। তারপর সম্মেলনের মূল মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন।
বিদায়ী সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল ২০০৪ সালের ৫ মার্চ সংগঠনের শুরু থেকে নেতৃত্বে ছিলেন। এরপর ২০১৭ সালের ১৭ মার্চ পরবর্তী সম্মেলনেও তারা দুজন পুনরায় দায়িত্ব পান।











































