Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

6
প্রবাদ আছে ধান, নদী, খাল এই তিনে বরিশাল। উৎপাদন হওয়া আমন ধান ট্রাক্টর চালিয়ে বাতাসের মাধ্যমে ধানে থাকা ধুলা-ময়লা ছাড়িয়ে নিচ্ছে কৃষকেরা। এরপর সেদ্ধ করে তা শুকিয়ে বস্তা বন্দি করে বাজারে বিক্রির জন্য রেখে দিবে। ছবিটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া এলাকা থেকে তোলা- পিবিএ

ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে বিএনপিকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে: সালাম মূর্শেদী

রূপসা প্রতিনিধি

খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আগামী নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামীলীগ দেশ পরিচালনার দায়িত্ব পাবে । তিনি বলেন নির্বাচন এলে বাংলার মানুষকে ধোঁকা দেয়ার জন্য বিএনপির সহ বিভিন্ন দল দেশবিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয় । তাদের সেই ষড়যন্ত্র রুখতে ঐক্যের কোন বিকল্প নাই । বাংলাদেশে এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে  দাঁড়িয়েছে । মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী ২০৪১ সালে  বাংলাদেশ  উন্নত রাষ্ট্রে পরিণত হবে । আর এই উন্নয়ন যাতে না হয় সে কারণেই বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে । বিএনপির ষড়যন্ত্রের  দাঁতভাঙ্গা জবাব দিতে হবে আগামী নির্বাচনে ।

তিনি ১৩ ডিসেম্বর বিকালে রূপসায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস ও  বিজয় দিবস সফল করার লক্ষ্যে রূপসা উপজেলা আওয়ামীলীগ এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশা । রূপসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম,আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা,মোর্শেদুল আলম বাবু,খান শাহাজাহান কবীর প্যারিস,আওয়ামীলীগ নেতা মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,দপ্তর সম্পাদক আকতার ফারুক,সেলিম মোল্যা,প্রভাষক ওয়াহিদুজ্জামান,শ,ম জাহাঙ্গীর,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক,মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ্বাস,বিনয় কৃষ্ণ হালদার,আরিফুজ্জামান লিটন, সরদার মিজানুর রহমান, মুনীর হোসেন মোল্যা, খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার, রবীন্দ্রনাথ বিশ্বাস,আসাদ শেখ,রিনা পারভিন,উপজেলা স্বেচ্চাসেবকলীগ নেতা রুহুল আমিন রবি,রাজীব দাস টাল্টু,কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ,ওয়াহিদুজ্জামান আরমান মিয়া,আওয়ামীলীগ নেতা হূমায়ূন মোড়ল,মোঃ ফরিদ শেখ,যুব মহিলালীগ নেত্রী আকলিমা খাতুন তুলি, সারমিন সুলতানা রুনা,তাহিদ মোল্যা,জেলা যুবলীগ নেতা হারুন মোল্যা, সাইফুল ইসলাম,ব্রজেন দাস,মোঃ ফরিদ শেখ,যুবলীগ নেতা বাদশা মিয়া,কামরুজ্জামান সোহেল, সাইদুর রহমান ছগির,এমপির সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,যুবলীগ নেতা সুব্রত বাকচী,সরদার জসীম উদ্দীন,শফিকুর রহমান ইমন,রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমূখ।

 

তৃণমূল পার্টির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পিতার ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

বাংলাদেশ তৃণমূল পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলামের পিতা আঃ সাত্তার শেখ গতকাল দুপুর সাড়ে ৩ টায় বাগেরহাটের কার্ত্তিকদিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর, তিনি স্ত্রী ৪ ছেলে, ৬ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ বুধবার সকাল ১০ টায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। এদিকে বাংলাদেশ তৃণমূল পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার। ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রশিদ শেখ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, খুলনা মহানগর আহবায়ক কমিটির আহবায়ক, আঃ মান্নান পাটোয়ারী, সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ,  সহ বাংলাদেশ তৃণমূল পার্টির বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ।

 

 

ডুমুরিয়ার মেধাবী ছাত্র সুজয় মন্ডল বুয়েটের শিক্ষক

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার মেধাবী ছাত্র সুজয় কুমার মন্ডল এবার বুয়েটের শিক্ষক হয়েছেন। সে উপজেলার শোভনা ইউনিয়নের অজপাড়া গায়ের পাতিবুনিয়া গ্রামের গোসাই বাড়ি খ্যাত অধ্যাপক সুশীল মন্ডলের ছেলে। সোমবার সকালে সে আনুষ্ঠানিকভাবে শিক্ষক হিসেবে বুয়েটে যোগদান করেন।

জানা যায়, সুজয় মন্ডল পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও পল্লীশ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ২০১৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ভর্তি পরীক্ষায় ৭ম ¯’ান অর্জন করে সেখানে ভর্তি হয়। লেখা পড়া শেষ করে বুয়েটের শিক্ষক হবার গৌরব অর্জন করেন। সোমবার সকালে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের প্রভাষক হিসেবে তিনি যোগদান করেছেন।

 

 

বাগেরহাটে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোটার,বাগেরহাট

শান্তি,শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই মন্ত্রকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩ই ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্য্যালয়ের আয়োজনে বাগেরহাট সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আজিজুর রহমান। এ সময় অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন বাগেরহাট আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট(চ:দা:) মো: মাজহারুল ইসলাম ভূইয়া, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) সৈয়দ মুরাদ হাসান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপক শুদাংশু কুমার দাস, প্রমুখ।

উল্লেখ্য এই সমাবেশে বাগেরহাট সদর উপজেলার ৩০০ জন আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রীদের তাদের কাজের স্বীকৃতি হিসাবে বাইসাইকেল, শেলাইমেশিন, ছাতাসহ অন্যন্য পুরস্কার প্রদান করা হয়।

 

দাকোপে তক্ষক সাপসহ দিপক বিশ্বাস ও শুভেন সরদার জঅই-৬ ও বন বিভাগের অভিমানে আটক

মোঃ শামীম হোসেন – বাজুয়া

খুলনার দাকোপের ৮ নং বাজুয়া ইউনিয়নের বেড়েরখাল নামক স্থানে ১২/১২/২২ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জঅই-৬ ও ঢাংমারী ফরেস্ট স্টেশনের ঝ/ঙ সাইফুল বারী,বি,এম, ইউনুস আলী ও নূরুল আলম। ঐ সময় তক্ষক সাপসহ দিপক বিশ্বাস পিতা শ্যামাপদ বিশ্বাস পশ্চিম বাজুয়া দাকোপ খুলনা ও শুভেন সরদার পিতা সুখলাল সরদার বুড়িরডাঙ্গা, মংলা কে হাতে নাতে গ্রেফতার করে। আসামি দিপক ও শুভেনকে বন্যপ্রানী সংরক্ষণ আইনে ২০১২ এর ৩৪( খ ) মোতাবেক আদালতে প্রেরণ করা হয়।

 

 

খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল

জনগনের বিপক্ষে দাঁড়িয়ে অবৈধ সরকারকে টিকিয়ে রাখা যাবেনা : মনা

খবর বিজ্ঞপ্তি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পুলিশী তান্ডব এবং গুলি করে দলীয় কর্মী হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নগরীর সাউথ সেন্ট্রাল রোড কয়লাঘাট কালীবাড়ি এলাকা থেকে মিছিল  শুরু হয়ে হাজী মহসিন রোড চার রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন  মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, শের আলম সান্টু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, এনামুল হক সজল, বেগ তানভিরুল আযম, এহতেশামুল হক শাওন, হাবিবুর রহমান বিশ^াস, শেখ সরোয়ার হোসেন, রাহাত আলী লাচ্চু, শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, সিরাজুল ইসলাম লিটন, মতলেবুর রহমান মিতুল, মোঃ জাবির আলী, আব্দুল মান্নান মিস্ত্রি, খান ইসমাইল হোসেন, মোঃ নাসিরউদ্দিন, শফিকুল ইসলাম শাহিন, মোঃ মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম বাচ্চু, শেখ শামীম আহমেদ, সগীর আহমেদ, আব্দুল জব্বার, শহিদুল ইসলাম শহীদ, দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন, বায়েজিদ হোসেন, বাদল মৃধা প্রমুখ। সভাপতির বক্তব্যে শফিকুল আলম মনা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। জনসমর্থনহীন এই নিশিরাতের সরকার এখন দেশে বিদেশে মিত্রহীন হয়ে পড়েছে। ক্ষমতায় টিকে থাকতে তারা পুলিশ এবং দলীয় ক্যাডার লেলিয়ে দিয়েছে।

বিএনপির কেন্দ্র ঘোষিত আজকের গণ মিছিল কর্মসূচি বানচাল করতে পুলিশ গতকাল থেকে সারা নগরী জুড়ে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেন মনা। সকাল থেকে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি স্থল রেল স্টেশন এবং কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় এক প্রকার অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ। সেখানে জলকামান ও রায়ট কার মোতায়েন রেখে যুদ্ধাবস্থা সৃস্টি করা হয়। শফিকুল আলম মনা বলেন, আপনারা কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে এই অবৈধ ফ্যাসিস্ট শাসককে টিকিয়ে রাখা যাবে না। তিনি সকল বাঁধা ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে যারা কর্মসূচীতে অংশ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান।

 

পাইকগাছায় ঠিকাদার কল্যান সমিতির সভাপতির সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দূর ব্যবহার

পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছায় ঠিকাদার কল্যান সমিতির সভাপতি সহ কয়েকজন ঠিকাদারের উপর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দূরব্যবহার। এ ঘটনায় বিচার চেয়ে উপজেলা চেয়ারম্যানসহ নির্বাহীকর্মকর্তা নিকট অভিযোগ করেছে ঠিক্দার কল্যান সমিতি।

ঠিকাদার সমিতির সভাপতি এমএম আব্দুস সামাদ জানান, উপজেলায় মঙ্গলবার একটি টেন্ডার ছিলো। যাদের টেন্ডার বাধেনি তারা তাদের বিডি(ব্যাংক পে- অডার) ফেরতের জন্য যায়। এ সময় প্রকল্প কর্মকর্তার অফিস সহকারীর ঠিকাদারদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। পরবর্তিতে প্রকল্প কর্মকর্তা তার অফিস থেকে বের হয়ে ঠিকাদারদের সাথে মারমুখি আচারণ করে। তখন ঠিকাদাররা এ অসৌজন্যমূলক আচরণে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে বিচার চেয়ে অভিযোগ করে। এ সময় উপস্থিত ছিলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এম এ জব্বার, আব্দুল হাকিম, ইউসুফ সরদার, শফিকুল ইসলাম, সাইফুল ইসলামসহ ১৫/২০ ঠিকাদার। এ বিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, ঠিকাদারদের সাথে অসৌজন্যমূলক আচরণের কথা স্বীকার করে বলেন, আমার উত্তেজিত হওয়া ঠিক হয়নি। আমি তাদের সাথে মিটিয়ে নিবো। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, বিষয়টি শুনেছি, দুই পক্ষের উপস্থিতে মিমাংশা করবো।

 

৩ ঘন্টা অপেক্ষা শেষে ফিরে গেছেন অতিথিরা:  আসেনি মুক্তিযোদ্ধারা

শামীম খান জনী,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুর শহরের পুরাতন চৌগাছা বাসস্ট্যান্ডে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তরের দিন ধার্য করা হয় গতকাল মঙ্গলবার। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত চিঠিও দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে। চিঠিতে প্রধান অতিথি করা হয় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলকে। কিন্ত নির্ধারিত দিন ও সময়ে প্রধান অতিথি কিংবা কোন মুক্তিযোদ্ধা উপস্থিত না হওয়ায় ৩ঘন্টা অপেক্ষা শেষে হস্তান্তর বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

সরজমিনে দেখা যায়, সকাল ১১টায় এই অনুষ্ঠানে যোগদেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সরকারি কর্মকর্তারা। তবে যাদেরকে ঘিরে এই অনুষ্ঠান তারা উপস্থিত না হওয়ায় দুপুর ২টার সময় অনুষ্ঠান ত্যাগ প্রশাসনের এসব কর্মকর্তারা।   সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব জানান, তাদের কিছু দাবি-দাওয়া গত এক বছর ধরে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী পূরণ না করায় তারা ওই অনুষ্ঠানে যোগদান করেননি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান, উপজেলা নির্বাহী অফিসারের চিঠিতে অনুষ্ঠানে যোগদান করি কিন্তু অনুষ্ঠান না হওয়ায় দীর্ঘ অপেক্ষা শেষে ফিরে এসেছি।

এ বিষয়ে উপজেলা চেয়ার ময়জদ্দীন হামীদ বলেন, গত ২০১৯ সালের ২৫শে জুলাই মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর ত্রিশ হাজার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে বিল পরিশোধ করে পুনঃরায় ভবনে বিদ্যুৎ দেওয়া হয়। মাননীয় এমপি সাহেবের সাথে আলোচনা স্বাপেক্ষে ১৩ ডিসেম্বর চাবি হস্তান্তরের দিন ধার্য করা হলেও তিনি ও মুক্তিযোদ্ধারা না আসায় ভবনটি হস্তান্তর করা সম্ভব হয়নি।

এবাপারে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন, উপজেলা চেয়ারম্যানের সাথে আলোচনা স্বাপেক্ষে আপডেট তথ্য পরে জানাচ্ছি। তবে পরে তিনি আর ফোন ধরেননি।

এ বিষয়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল বলেন, আমি খোঁজ নিয়ে জানতে পারলাম অনুষ্ঠানে যাদের কাছে ভবনের চাবি হস্তান্তর করা হবে সে সকল মুক্তিযোদ্ধাগন অনুষ্ঠানে যোগ দেননি। সে কারণে আমিও অনুষ্ঠানে উপস্থিত হয়নি। জানতে পেরেছি উপজেলা প্রশাসনের প্রতি মুক্তিযোদ্ধাদের ক্ষোভ সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধাদের সাথে বৈঠক করে খুবই দ্রুত সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি।

 

ডুমুরিয়া হানাদার মুক্ত দিবস পালিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ’র আয়োজনে পাক-হানাদার বাহিনী মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বাদ্যযন্ত্র বাজিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে খুলনা সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ শেষে শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,ডেপুটি কমান্ডার চন্দ্রকান্ত তরফদার, মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান মোল্লা, দিলীপ কুমার রায়, বঙ্গবন্ধু পরিষদ নেতা এমএম সুলতান আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন প্রমূখ। এ সময় উপ¯ি’ত ছিলেন মুক্তিযোদ্ধা গাজী নাজিমুদ্দিন, রবীন্দ্রনাথ বৈরাগী, আতিয়ার রহমান, সুধাংশু শেখর ফৌজদার, মোশারফ হোসেন শেখ ও হিমাংশু মন্ডল।

 

 

শ্রম প্রতিমন্ত্রীর সফরসূচি

তথ্য বিবরণী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে মঙ্গলবার রাতে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৪ ডিসেম্বর বিকাল চারটায় খুলনার দৌলতপুর এ্যাডামসে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) এর ৫০তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় যোগদান করবেন। তিনি ১৫ ডিসেম্বর বিকাল তিনটায় খুলনা শ্রম ভবনে নির্মিত জাতির পিতার ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং সাড়ে তিনটায় শ্রম ভবনের সম্মেলনকক্ষে রপ্তানিমূখী শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের সামাজিক সুরক্ষা বাস্তবায়ন নীতিমালা-২০২২ এর আলোকে উপকারভোগীর তথ্য আপলোড বিষয়ে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আওতাধীন খুলনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী সন্ধ্যা সাতটায় দৌলতপুর মধ্যডাঙ্গা রেনেসা ক্লাব আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণ ও লালনগীতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনার গল্ল¬¬ামারী শহিদ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পমাল্য অর্পণ করবেন। তিনি সকাল নয়টায় খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের র‌্যালিতে যোগদান, সকাল সাড়ে ১০টায় দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের র‌্যালিতে, বিকাল তিনটায় খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের র‌্যালিতে যোগদান এবং সন্ধ্যা ছয়টায় নগরীর শহিদ হাদিস পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভায় যোগদান করবেন। প্রতিমন্ত্রী ১৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

 

 

মহান বিজয় দিবসে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে

তথ্য বিবরণী

মহান বিজয় দিবসে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা যথাযথ নিয়মে উত্তোলন করতে হবে। বাংলাদেশের জাতীয় পতাকার রং উজ্জ্বল ঘন সবুজের মাঝখানে রক্তবর্ণের ভরাট বৃত্ত। পতাকার সবুজ অংশ তারুণ্যের উদ্দীপনা এবং গ্রাম বাংলার বিস্তৃত সবুজ প্রাকৃতিক পরিবেশের প্রতীক। পতাকার রক্ত বর্ণের ভরাট বৃত্তটি স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক। জাতীয় পতাকা হবে আয়তাকার যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১০:৬। পতাকার মাঝের লাল বৃত্তটি হবে দৈর্ঘ্যরে পাঁচ ভাগের এক ভাগ ব্যাসার্ধ বিশিষ্ট। দৈঘ্যের্েক সমান ১০ ভাগ এবং প্রস্থকে সমান ২ ভাগে ভাগ করে প্রত্যেক ভাগকে একটি ইউনিট ধরতে হবে। পতাকার দৈর্ঘ্যরে ডানদিকে সাড়ে ৫ ইউনিট এবং বাম দিকে সাড়ে ৪ ইউনিট রেখে একটি লম্ব টানতে হবে এবং প্রস্থকে সমান ২ ভাগে ভাগ করে প্রস্থের সমান্তরালে একটি সরলরেখা টানতে হবে। এ দুইটি রেখা পরস্পর যেখানে মিলিত হবে সে বিন্দুই হবে লাল বৃত্তের কেন্দ্রবিন্দু।

ভবনের জন্য জাতীয় পতাকার মাপ: বড়-১০:৬ (দৈর্ঘ্য ৩০৫ সে: মি:, প্রস্থ ১৮৩ সে: মি:), মধ্যম-৫:৩ (দৈর্ঘ্য ১৫২ সে: মি:, প্রস্থ ৯১ সে: মি:) ও ছোট-২.৫:১.৫ (দৈর্ঘ্য ৭৬ সে: মি:, প্রস্থ ৪৬ সে: মি:)। যানবাহনের জন্য জাতীয় পতাকার মাপ: দৈর্ঘ্য ৩৮ সে: মি: , প্রস্থ ২৩ সে: মি:  অথবা দৈর্ঘ্য ২৫ সে: মি:, প্রস্থ ১৫ সে: মি:।

 

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক পত্রে মহান বিজয় দিবসে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা  যথাযথ নিয়মে উত্তোলন করতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।

 

ঝিনাইদহে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা খাদ্য গুদামে জেলাব্যাপী এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা তাজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরান হোসেন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী তপন কুন্ডু, আজাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানায়, এ বছর জেলায় ৬ উপজেলার ২৭৪ জন মিলারের কাছ থেকে ৪২ টাকা কেজি দরে ৮ হাজার ২’শ মেট্টিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চাল সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

 

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

যথাযোগ্য মর্যাদায় আজ ১৪ ডিসেম্বর (বুধবার) শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, সকাল ৯টা ১০ মিনিটে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টা ৩০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০.৩০ মিনিটে আলোচনা সভা, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, বেলা ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৫.৩০ মিনিটে শহিদ মিনার ও অদম্য বাংলায় প্রদীপ প্রজ্জ্বলন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৪০ মিনিটে উপাচার্যের নেতৃত্ব অদম্য বাংলায় শোভাযাত্রা সহকারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলা ১২টায় অদম্য বাংলা চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী। এছাড়া দিবসটি উপলক্ষ্যে প্রশাসন ভবন, মেইন গেট, হাদি চত্বর পর্যন্ত রাস্তা ও গাছপালা, অদম্য বাংলা ও তৎসংলগ্ন গাছপালা, ক্যাফেটেরিয়া ইত্যাদি আলোকসজ্জা করা হবে।

 

 

 

খুবিতে সিটিজেন চার্টার ও সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় সিটিজেন চার্টার ও সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত ত্রৈমাসিক সভা ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ টিম লিডার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

সভায় খসড়া সিটিজেন চার্টার ও সেবার বিভিন্ন  দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির সদস্য উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন। এতে বিশ্ববিদ্যালয়ের বাইরে এবং ভেতরের ৪৯টি সেবাদান ক্ষেত্র চিহ্নিত করে তার বিভিন্ন দিক উল্লেখ করা হয়। সভার সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের সেবাদান কার্যক্রম জোরদারে উপাচার্যের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট বিভাগ ও শাখা প্রধানদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সভায় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. কানিজ ফাহমিদা, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. খায়রুল বাশার, অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখা প্রধান, এপিএ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।

 

 

 

 

মোংলায় পুষ্টি মেলা অনুষ্ঠিত

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় পুষ্টি মেলা ও পুষ্টি বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে থেকে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে পুষ্টি মেলার প্রচারাভিযান র‌্যালী বের। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্পে সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এ পুষ্টি মেলা ও প্রচারাভিযান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান। মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে ১৩টি প্রদর্শনী ষ্টল বসে। মেলার সার্বিক তত্বাবধানে ছিলেন জেজেএস’র উপজেলা সমন্বয়কারী তরুন বড়ুয়া, প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট আঃ বাকী,  রুপান্তর’র এ্যাডভোকসি স্পেশালিষ্ট তসলিম আহমেদ টংকার ও উপজেলা মোবিলাইজার বিপাশা রায়। প্রদর্শনী ষ্টলগুলোতে বিভিন্ন বয়সের ব্যাপক মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠিত হয় পুষ্টি বিষয়ক পট গানও।

 

অনুষ্ঠানের অতিথি ঝালমুড়ি বাদাম বিক্রেতা ফেরিওয়ালা!

যশোর অফিস

অনুষ্ঠানের অতিথি ঝালমুড়ি বিক্রেতা মোহা. জোনাব আলী, বাদাম বিক্রেতা মোহা. জালাল, ফেরিওয়ালা মোহা. জহুরুল ও বৃদ্ধা আলেয়া বেগম। ব্যতিক্রমী আয়োজনে তারা শোনালেন তাদের গল্প আর অতিথি হয়ে স্বল্পআয়ের মানুষদের মাঝে বিতরণ করলেন শীতবস্ত্র ও মশারি।

 

‘শীতবস্ত্র ও মশারি বিতরণ উৎসব এবং বঞ্চিতের সংলাপ’ শিরোনামে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে আইডিয়া।

 

মঙ্গলবার দুপুরে যশোরের সামাজিক সংগঠন আইডিয়া প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিনিয়ত হতাশা ও বঞ্চনার শিকার মানুষদের সম্মানিত অতিথি করা হয়।

 

বক্তব্য দেন অনুষ্ঠানের অতিথি ঝালমুড়ি বিক্রেতা মোহাম্মদ জোনাব আলী, বাদাম বিক্রেতা মোহাম্মদ জালাল, ফেরিওয়ালা মোহাম্মদ জহুরুল ও বয়োজ্যেষ্ঠ গৃহিণী আলেয়া বেগম।

 

জোনাব আলী বলেন, আজকের আয়োজনে আমাদের যেভাবে সম্মানিত করা হলো, আগে এমন কখনো হয়নি। সাধারণ কর্মজীবী হয়ে আমরা শুধু লাইনে দাঁড়িয়ে হাত পেতে সাহায্য নিই। আর যারা দেয় তারা শুধু ছবি তোলে। আজকে আমরাই সবার হাতে মশারি কম্বল তুলে দিলাম। এমন সম্মানে চোখে পানি চলে এসেছে।

 

বাদাম বিক্রেতা মো. জালাল বলেন, কম্বল যেমন প্রয়োজন ছিল, মশারির অভাবে রাত জেগে থাকার অবস্থা হয়েছিল। এই দুই জিনিস একসঙ্গে পাওয়ায় খুব আনন্দ হচ্ছে। এর আগেও আইডিয়া থেকে বহু কিছু পেয়েছি। এখানে এসে কখনই নিজেদের বঞ্চিত মনে হয় না, বরং মনে হয় আমরাই অতিথি।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক মো. হামিদুল হক শাহীন। তিনি বলেন, এই ব্যানারে নাম থাকা আমাদের সমাজের প্রান্তিক শ্রেণির মানুষেরা আমাদের আশপাশেই বেঁচে আছে। কিন্তু কিভাবে বেঁচে আছে তাই জানতেই তাদের বঞ্চনার কথামালা নিয়ে এ আয়োজন ‘বঞ্চিতের সংলাপ’। শীতের কম্বলের পাশাপাশি ডেঙ্গি পরিস্থিতির কথা বিবেচনায় সবার জন্যে এবার রাখা হয়েছে বাহারি মশারিও। আমার আইডিয়ান, আমার শিক্ষার্থীরা যদি একটুও শিখে ফেলে- ‘এগুলোর কোনটাই ত্রাণ নয়, বরং এ ওদের অধিকার’- তবে আমার শিক্ষকতা সার্থক হবে! সার্থক হবে আজকের আয়োজন।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন- প্রেস ক্লাব যশোরের যুগ্ম সম্পাদক মিলন রহমান, যুগান্তরের ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোমা খান, তানজিয়া জাহান মমতাজ প্রমুখ। সানাবিল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র ও কম্বল।

 

আ.লীগ সমর্থকের নাম বিএনপির কমিটিতে, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ সমর্থকের নাম বিএনপির সালামাবাদ ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কালিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে চা বিক্রেতা উপজেলার জোকা গ্রামের মো. সিরাজুল ইসলাম খান ওরফে মো. সিরাজ খান এ সংবাদ সম্মেলন করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, জন্মগতভাবে তিনি একজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার পৈতৃক আদিবাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শুকতাইল গ্রামে। তার দাদা মরহুম ওয়াজেদ খান একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ছিলেন। তাই তিনি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

 

তিনি জানান, উপজেলা বিএনপির কতিপয় ব্যক্তি তাকে বিপথগ্রস্ত করার উদ্দেশ্যে ও ক্ষতিসাধনের জন্য ষড়যন্ত্রমূলকভাবে ৭১ সদস্যবিশিষ্ট ৫নং সালামাবাদ ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ১৬নং ক্রমিকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে তার নাম অন্তর্ভুক্ত করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত করার অপচেষ্টা করছেন। কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব ওই কমিটি অনুমোদন করেছেন।

 

তিনি আরও জানান, বিএনপির রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। এমনকি তিনি কখনো বিএনপি বা এর সহযোগী কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। ফলে তার অজ্ঞাতে ও বিনানুমতিতে বিএনপিতে নাম অন্তর্ভুক্ত করায় রাজনৈতিকভাবে তিনি হেয়প্রতিপন্ন হয়েছেন ও তার মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপাশি বিএনপির উল্লেখিত কমিটি থেকে তথা বিএনপি থেকে তার নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

সংবাদ সম্মেলনে কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগ মনোনীত ৫নং ইউপির সাবেক চেয়ারম্যান মো. শামীম আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি হুমায়ুন কবীর, কালিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহীসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

 

মানব পাচার সিন্ডিকেট সক্রিয়: যশোরে দুই নারীর ব্যাংকে চার কোটি টাকা

যশোর অফিস

যশোরে মানব পাচারচক্রের শক্তিশালী সিন্ডিকেটের সন্ধান পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। লিবিয়ায় ওই সিন্ডিকেটের হাতে দুই যুবক জিম্মি হওয়ার ঘটনায় করা মামলার তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। তদন্তের সূত্র ধরে চক্রের হোতা রকিবুল ইসলাম ফরাজি ও দুই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ওই দুই নারী সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে এক মাসে ৪ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

 

রোববার রাতে যশোরে পিবিআই-এর পুলিশ সুপার রেশমা শারমিন জানান, নড়াইলে করা মানব পাচার মামলার তদন্তে চক্রের অন্যতম হোতা রকিবুল ফরাজির সম্পৃক্ততা পাওয়া গেছে। ২৬ বছর প্রবাসজীবন শেষে তিনি দেশে ফেরেন। লিবিয়ায় অবস্থানকালে তিনি মানব পাচার সিন্ডিকেট গড়ে তোলেন। সিন্ডিকেটের মাধ্যমে মানব পাচার করে এবং বিদেশে জিম্মি ও মুক্তিপণের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মামলার সূত্র ধরে শনিবার নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল গফুর ফরাজির ছেলে রকিবুল ফরাজি, যশোরের অভয়নগর উপজেলার ধুলগ্রামের আরশাদ আলীর স্ত্রী হাফিজা বেগম এবং হাফিজা বেগমের দুই মেয়ে শিরিনা আক্তার ও সুমনা আক্তারকে পিবিআই গ্রেফতার করে।

 

সূত্র জানায়, এ বছর ১১ ফেব্রুয়ারি কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের রবিউল ইসলাম মৃধার ছেলে নাইম মৃধা ও তার ভাগনে জহিরুল ইসলাম বৈধভাবে লিবিয়ায় যান। এরপর রবিউল মৃধাকে এক ব্যক্তি ফোন করে জানান, তার ছেলে ও ভাগনেকে নিরাপদে ইতালিতে পাঠিয়ে দেবে বলে আশ্বস্ত করেন। অজ্ঞাত ব্যক্তির আশ্বাসে তিনি অনীহা প্রকাশ করেন। এর ৫-৬ দিন পর লিবিয়া থেকে অজ্ঞাত ব্যক্তিরা তার মোবাইল ফোনে জানায়, তার ছেলে ও ভাগনেকে অপহরণ করা হয়েছে। দুজনকে বাঁচাতে হলে তাদের দেওয়া বিকাশ নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। অন্যথায় তাদের খুন করা হবে। এরপর বিভিন্ন তারিখে ব্যাংক ও বিকাশের মাধ্যমে তিনি ৬ লাখ ৬০ হাজার টাকা দেন। এরপরও ছেলে ও ভাগনের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনার পরিপ্র্রেক্ষিতে রবিউল নড়াইল মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনালে ২২ মে মামলা করেন। এসআই হাবিবুর রহমান মামলার তদন্ত করতে গিয়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর এসআই হাবিবুর রহমান জানান, রবিউল মৃধার ছেলে ও ভাগনেকে অপহরণের সময় রকিবুল ফরাজি লিবিয়ায় ছিলেন। ঈদুল-আজহার আগে তিনি দেশে ফেরেন। নাইম ও জহিরুলকে অপহরণের পর যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল, সেটির সূত্র ধরে তদন্ত করা হয়। গ্রেফতার হাফিজা ও শিরিনার ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছিল। তাদের দুই অ্যাকাউন্টে মার্চে ৪ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে হাফিজার অ্যাকাউন্টে ২ কোটি ২৪ লাখ এবং শিরিনার অ্যাকাউন্টে ২ কোটি ৮ লাখ টাকা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজা ও শিরিনা স্বীকার করেছেন ওই টাকা রকিবুল ফরাজির। তাদের অ্যাকাউন্টে আসা টাকা তারা রকিবুলের অ্যাকাউন্টে দিয়েছেন।

 

শনিবার অভিযুক্ত চারজনকে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত-২-এ সোপর্দ করা হয়। ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে রকিবুলের সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ ও জি এম কাদেরের সাক্ষাৎ

ঢাকা অফিস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে গণভবনে এ সাক্ষাৎ হয়। এ সময় জাতীয় পার্টির পক্ষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জি এম কাদের জানান, রওশন এরশাদ দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় নিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী জি এম কাদেরকেও যেতে বলেন। এর প্রেক্ষিতে আজ (মঙ্গলবার) বেলা দেড়টা থেকে দুইটা ১০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ৪০ মিনিটের সাক্ষাৎ হয়েছে।

 

সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর প্রধানমন্ত্রীর সঙ্গে যা আলোচনা হয়েছে তা তো তার অনুমতি ছাড়া বাইরে বলা ঠিক হবে না।

 

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠককালে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার শারীরিক খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।

 

এতে বলা হয়, প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলসমূহের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

 

জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, স্বাধীন বাংলাদেশে আজ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক ঘাত-প্রতিঘাতের পর একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে। যার সুফল বাংলাদেশের জনগণ ভোগ করছে। দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে। জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে বদ্ধ পরিকর এবং এ লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে যাবে।

 

 

জামায়াত আমির শফিকুর ৭ দিনের রিমান্ডে

ঢাকা অফিস

জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড মঞ্জুর করেন।

 

আদালতের যাত্রাবাড়ীর থানার সাধারণ নিবন্ধন (জিআর) কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার আজ শফিকুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। জামায়াত আমিরের পক্ষে অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আজ ভোর ৪টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শফিকুর রহমানকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছরতিনেক আগে। ডা. শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

 

এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

পড়ালেখা ছাড়ছেন আছিয়া খাতুনরা

বাগেরহাট প্রতিনিধি

মঙ্গলবার, ২৯ নভেম্বর। দুপুর গড়িয়ে ঘড়ির কাঁটা ৩টা ছুঁই ছুঁই। বাগেরহাট সদরের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে বিমর্ষ মুখে বসে আছেন এক ঝালমুড়ি বিক্রেতা। নাম সোহেল হাওলাদার (৩৪)। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই জানালেন কষ্টের কথা। কণ্ঠে হতাশা- ‘বাজার থেকে ছেলেমেয়ের বই-খাতা-কলম নাকি খাবার কিনব ভেবে কূল পাই না।’

শারীরিক প্রতিবন্ধী সোহেল বলেন, দিনে ঝালমুড়ি বিক্রি করে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয়। মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। অঙ্কে খুব ভালো। সব সময় অঙ্ক করতে চায়। আগে সপ্তাহে একটি করে খাতা কিনে দিতেন। সেই খাতা এখন প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ে। তার লেখাপড়া চালাতেও অনেক খরচ হয়। ৫০ টাকার খাতা যদি ৮০-৯০ টাকা হয় তাহলে লেখাপড়া করাবেন কীভাবে। সব জিনিসের দাম যেভাবে বেড়েছে, তাতে দু-মুঠো খাবারের ব্যবস্থা করাই কঠিন, ছেলেমেয়েকে লেখাপড়া করানো এখন বিলাসিতা মনে হচ্ছে। এভাবে চলতে থাকলে ওদের পড়ালেখা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।

সোহেলের চেয়েও করুণ অবস্থা বিদ্যালয়টিতে চুক্তিতে নিযুক্ত আয়া লিপি সুলতানার। মাত্র ৪ হাজার টাকা বেতনে সংসারের ঘানি টানছেন তিনি। দুই ছেলে, এক মেয়ের লেখাপড়া, সংসারের খরচ, অসুস্থ স্বামীর চিকিৎসা- সব কিছু সামলাতে হয় তাঁকে।

লিপি সুলতানা বলেন, তাঁর বেতনের অর্ধেক চলে যায় বাসা ভাড়া ও বিদ্যুৎ বিলে। মানুষের বাড়ি বাড়িও কাজ করেন একটু আয়ের আশায়। বড় মেয়ে লামিয়া ইসলাম যদুনাথ স্কুলের অস্টম শ্রেণির ফার্স্ট গার্ল। দুই ছেলে তামজীদ ও তাজীমও পড়ালেখায় ভালো। তাদের জন্য মানুষের কাছে খাতা-কলম চেয়ে পড়ালেখা করাচ্ছেন। লিপি বলেন, যেভাবে সব কিছুর দাম বেড়েছে, গরিবদের সন্তানদের আর লেখাপড়া হবে না।

বাগেরহাটের বিভিন্ন স্টেশনারি দোকান ঘুরে দেখা যায়, সব ধরনের কাগজ, কলম, পেনসিল, রাবার, মার্কার, স্ট্যাপলার, পিন, জ্যামিতি বক্স, কলমের বক্স, স্কেল, কাটার, অফিস ফাইল, ক্যালকুলেটর, ক্লিপবোর্ড, প্রিন্টারের কালিসহ শিক্ষা-সংশ্নিষ্ট কাজে ব্যবহূত প্রায় সব উপকরণের দাম বেড়েছে।

বিক্রেতারা বলছেন, পাগলা ঘোড়ার মতো ছুটছে কাগজের দাম। মাস দুয়েক আগে সপ্তাহের ব্যবধানে দাম বাড়লেও এখন বাড়ছে দিনের ব্যবধানে।

সদর উপজেলার কালাড়াপাড়া এলাকার জেমিস কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানের স্বত্বাধিকারী জেমিস মল্লিক এবং শহরের জননী স্টেশনারি পণ্যের পাইকারি বিক্রেতা বিধান চক্রবর্তী জানান, সাদা কাগজের ৮০ পৃষ্ঠার খাতার দাম ছয় মাস আগে ছিল ১৮ টাকা, দুই মাস আগে ২২ টাকা এবং বর্তমান দাম ৩০ টাকা। একইভাবে ১২০ পৃষ্ঠার সাদা খাতার দাম ৩৫ টাকা থেকে বেড়ে ৪০ ও বর্তমানে ৫০ টাকা। ২০০ পৃষ্ঠার সাদা খাতার দাম ৬০ টাকা থেকে বেড়ে ৬৫ ও বর্তমানে ৮০ টাকা হয়েছে। দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের এসব খাতা খুচরা বাজারে বিক্রি হচ্ছে এরচেয়ে অন্তত ১০ টাকা বেশিতে।

ভালো মানের প্রতি রিম সাদা কাগজের দাম ছয় মাস আগে ছিল ২৫০ টাকা, দুই মাস আগে ৩০০ ও বর্তমানে ৪৮০ টাকা। মাঝারি মানের কাগজের (৭০ গ্রাম) প্রতি রিম বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়, যা দুই মাস আগে ২১০ ও ছয় মাস আগে ছিল ১৮০ টাকা।

ছয় মাস আগে যে নিউজ প্রিন্ট কাগজ ছিল ১৬০ টাকা, দুই মাস আগে তার দাম দাঁড়ায় ১৮০ এবং এখন তা বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

ছয় মাস আগে ৭২ পৃষ্ঠার একটি ব্যবহারিক খাতা বিক্রি হতো ৩৫ টাকায়, দুই মাস আগে এর দাম বেড়ে হয় ৪২ টাকা, এখন আরও বেড়ে হয়েছে ৬০ টাকা। একইভাবে ১২০ পৃষ্ঠার ব্যবহারিক খাতা ৪০ টাকা থেকে বেড়ে দুই মাস আগে ৫০ এবং এখন ৬৫ টাকা হয়েছে।

ভালো মানের জ্যামিতি বক্স ছয় মাস আগে পাওয়া যেত ১০০ টাকায়। দুই মাস আগে এর দাম দাঁড়ায় ১২০ থেকে ১৩০ টাকা। এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। একইভাবে মধ্যম মানের জ্যামিতি বক্স ৭০ টাকা থেকে বেড়ে দুই মাস আগে ৯০ এবং এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ টাকার নিম্নমানের জ্যামিতি বক্সের

দাম ৪৫ টাকা হয়ে এখন ৬০ থেকে ৬৫ টাকায় কিনতে হচ্ছে।

এক ডজন পেন্সিল ছয় মাস আগে ছিল ৭০ টাকা, দুই মাস আগে ৮০, বর্তমানে ৯৫ টাকা। এক ডজন কলম ৫০ টাকা থেকে বেড়ে দুই মাস আগে হয় ৫৫, এখন ৬৫ টাকা।

সাধারণ মানের প্লাস্টিক ফাইল ৩০ টাকায় পাওয়া যেত, দুই মাস আগে এর দাম হয় ৩৫, এখন সেটাই বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

যাত্রাপুর এলাকার দিনমজুর আলামিন শেখ। সন্তানদের পড়ালেখার কথা জানতে চাইলে বলেন, ‘দুই বেলা খাবারই জুটছে না, আপনারা দেখতিছেন লেখাপড়া। দুই মেয়েরে ভালোভাবে শিক্ষিত করার ইচ্ছা ছিল; কিন্তু আর পেরে উঠছি না। একটু বড় হলেই বিয়ে দিয়ে দিব।’

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ আবু তালেব। বাড়ি রামপাল উপজেলার চাকশ্রী এলাকায়। সম্প্রতি কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। কারণ জানতে চাইলে আবু তালেব বলেন, দুই মাস আগে কলেজে যেতে ভাড়া লাগত ৬০ টাকা, সেই ভাড়া এখন ৯০ টাকা। যে খাতা কিনতেন ৪৫ টাকায়, দুই সপ্তাহ আগে সেই খাতা কিনেছেন ৭০ টাকা দিয়ে। বাবার স্বল্প আয়ে পরিবারের খরচ মেটাতেই হিমশিম অবস্থা। এখন পড়ালেখার টাকা চাইতেও লজ্জা লাগে তাঁর। তাই চাকরি খুঁজছেন।

আবু তালেব তবু চাকরি খুঁজছেন, পড়াশোনাটাও হয়তো চালিয়ে নেবেন। কিন্তু দারিদ্র্যের কারণে পড়ালেখা বন্ধ হয়ে গেছে একই এলাকার আছিয়া খাতুনের। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই ২০১৯ সালে মারা যান আছিয়ার বাবা হাকিম খান। চার সদস্যের পরিবারে নেমে আসে ঘোর অমানিশা। দুই মেয়ে আছিয়া ও ছুম্মাকে দাদা-দাদির কাছে রেখে মা আয়েশা বেগম ঢাকায় চলে যান কাজের উদ্দেশ্যে। খেয়ে না খেয়ে পড়ালেখা চালাতে থাকেন আছিয়া। ছোট বোনও স্কুলে যাচ্ছে নিয়মিত। কিন্তু ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর অর্থের অভাবে স্নাতকে ভর্তি হতে পারেননি আছিয়া।

সব কিছুর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে সংসারের খরচ। মায়ের পাঠানো টাকায় দুই বোনের যে কোনো একজন পড়াশোনা চলতে পারে। নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ূয়া ছোট বোনের দিকে তাকিয়ে নিজের পড়ালেখা বন্ধ করে দিয়েছেন আছিয়া। ভর্তিসহ পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা নেই তার। নিজে কাঁথা সেলাই করে অল্প কিছু টাকা আয় করলেও প্রয়োজনের তুলনায় তা নিতান্তই অপ্রতুল।

বাগেরহাট শহরের স্টুডেন্ট পেপারস হাউসের মালিক শেখ মোহাম্মদ রুমি। দুই দশক ধরে আছেন এই ব্যবসায়। তিনি বলেন, তাঁর ব্যবসায়ী জীবনে এত খারাপ অবস্থা যায়নি। দিন দিন মালপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। এমনকি টাকা দিয়েও কাগজ পাচ্ছেন না। গত বছর ১০০ রিম কাগজ বিক্রি করলেও এবার করেছেন ৬০ রিম। ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ছে।

জেমিস কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানের স্বত্বাধিকারী জেমিস মল্লিক বলেন, আগে ১ পৃষ্ঠা ফটোকপিতে নিতেন ২ টাকা, এখন নিতে হচ্ছে ৩ টাকা। প্রিন্ট দিতে ২০ টাকা নিলেও আগের চেয়ে লাভ কম হচ্ছে।

প্রান্তিক শিক্ষার্থীদের ওপর মূল্য বৃদ্ধির প্রভাব জানতে কথা হয় সদর উপজেলার কাড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুনের সঙ্গে। তিনি বলেন, গ্রামে বেশিরভাগ শিক্ষার্থীই নিম্নবিত্ত পরিবারের। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাঁরা যথাসম্ভব ছাড় দেন শিক্ষার্থীদের। কিন্তু প্রায় সব শিক্ষা উপকরণের দাম বেড়ে যাওয়ায় পরিবারগুলো আর পেরে উঠছে না। ফলে প্রভাব পড়ছে তাদের শিক্ষা কার্যক্রমে।

বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক মোল্লা মাসুদুল হক বলেন, দফায় দফায় শিক্ষা উপকরণের মূল্য বেড়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় অভিভাবকরা সন্তানের মুখে খাবার তুলে দিতেই হিমশিম খাচ্ছেন। এতে করে অনেক শিক্ষার্থী পড়ার প্রতি আগ্রহ হারিয়ে কাজে যুক্ত হচ্ছে।

বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বৈশ্বিক মন্দার কারণে বাজারে শিক্ষা উপকরণের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় উপকরণ আগেই কিনে রেখেছে। সরকার বছরের শুরুতেই বিনামূল্যে শিক্ষার্থীদের বই দেয়। ফলে কিছু উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও শিক্ষার্থীরা লেখাপড়া চালিয়ে যেতে পারবে।

 

একাধিক আবেদন করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না: শিক্ষামন্ত্রী

 

ঢাকা অফিস

জন্ম নিবন্ধনে নাম কিংবা জন্ম সনদের নম্বর পরিবর্তন করে একাধিক আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত পাঁচটি আবেদন পাওয়া গেছে যারা তাদের জন্ম নিবন্ধনের নাম এদিক ওদিক করে, জন্মসনদের নম্বর পরিবর্তন করে একাধিক আবেদন করেছেন। এগুলো যারা করেছেন সকলেই ধরা পড়বেন। কারণ ভর্তির সময় জন্ম নিবন্ধন যাচাই করেই ভর্তি করানো হবে। এসব শিক্ষার্থী কোনোভাবেই ভর্তি হতে পারবে না।

 

দীপু মনি বলেন, এর আগে প্রতিবছর ভর্তি নিয়ে যুদ্ধ হতো। কোমলমতি শিক্ষার্থীদের যুদ্ধে নামিয়ে দেওয়া হতো। একটা শিশু ভর্তি হতে এসেই হতাশ হয়ে যেতো। আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেত। এখন আর সেটা হচ্ছে না।

 

শিক্ষার্থীর চেয়ে আসন সংখ্যা বেশি আছে উল্লেখ করে তিনি বলেন, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কেউ বাদ যাবে না। কারণ শিক্ষার্থীর থেকে আসন বেশি। এখন মেধার সমতা হবে। কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়েছে। এ লটারি শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। যারা এখনো লটারিতে আসেনি, তাদেরও আনার চেষ্টা চলছে।

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, চলতি বছর দেশের বেসরকারি বিদ্যালয়ে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র দুই লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি আসন খালি থাকবে।

 

অন্যদিকে সরকারিতে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সেই হিসেবে প্রতি আসনে ভর্তি হতে ৫ দশমিক ৮ জন শিক্ষার্থী লড়াই করবে। গতকাল সোমবার সরকারি স্কুলে ভর্তি লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।

 

 

কারাগারে ডিভিশন পেয়েছেন ফখরুল-আব্বাস: হাইকোর্টে রাষ্ট্রপক্ষ

ঢাকা অফিস

কারাগারে ডিভিশন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হাইকোর্টকে এ তথ্য জানান। পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।

 

এর আগে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহামদ আলীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেছিলেন।

এদিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমরা আদালতকে জানিয়েছি, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আজ থেকে কারাগারে ডিভিশন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নথিও আদালতে দিয়েছি। সেজন্য তাদের রিট আবেদন প্রত্যাহারের জন্য বলা হয়েছিল। কিন্তু বিএনপির আইনজীবীরা নিশ্চিত হতে চান আসলেই মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিভিশন দেওয়া হয়েছে কি না। এ কারণে আদালত আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন।’

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে সকালে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের পক্ষে তাদের স্ত্রীরা রিট দায়ের করেন।

 

নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়াকে শেষবারের মতো সময় দিলেন আদালত

ঢাকা অফিস

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নাইকো দুর্নীতির মামলায় অব্যাহতির আবেদনের শুনানির জন্য শেষবারের মতো সময় দিয়েছেন আদালত।

মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী অসুস্থ থাকায় শুনানি পেছানোর জন্য সময় আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শেষবারের মত আগামী ১৭ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেন। এ ছাড়া ওই দিনে শুনানি না করলে আদালত চার্জশুনানি সমাপ্ত ঘোষণা করে চার্জগঠনের বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত আদালতে খালেদা জিয়ার পক্ষে এ শুনানির কথা ছিল। এ সময় আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সময় আবেদন করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

 

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এ মামলার অপর দুই আসামি মওদুদ আহমদ ও এ কে এম মোশাররফ হোসেন মারা গেছেন।

 

৮ পণ্য বাকিতে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা

ঢাকা অফিস

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে আট ধরনের পণ্য বাকিতে আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অনুমোদিত সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। যেসব পণ্য বাকিতে আমদানি করা যাবে তা হলো ভোজ্যতেল, খেজুর, ছোলা, ডাল, মটরশুঁটি, পেঁয়াজ, মসলা ও চিনি।

 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, আসন্ন রমজানে ভোজ্যতেল, খেজুর, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ৯০ দিনের সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ পাবেন। এ সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে।

 

এর আগে গত ১১ ডিসেম্বর রমজানে আট পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা নিশ্চিতে আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

গত রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন ব্যবসায়ী প্রতিনিধিদল। এফবিবিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে তারা গভর্নরের সঙ্গে দেখা করেন। এসময় রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে আমদানিতে বাণিজ্যিক ঋণপত্র (এলসি) খুলতে অগ্রাধিকার চান ব্যবসায়ীরা।

 

গভর্নরের সঙ্গে বৈঠকের পর ব্যবসায়ীরা জানান, রমজানে শুধু আট পণ্যই নয়, এর বাইরেও অনেক আমদানি পণ্য রয়েছে। রমজানের পর ঈদ আসবে। এসব দিক বিবেচনায় এলসি খোলায় যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, এজন্য জরুরি ভিত্তিতে রিজার্ভ থেকে ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করার অনুরোধ করেন তারা। একইসঙ্গে আমদানি ও রপ্তানিতে ডলারের এক রেটেরও দাবি জানান ব্যবসায়ীরা।

 

 

 

 

জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সব হুমকি মোকাবিলায় জোর প্রধানমন্ত্রীর

ঢাকা অফিস

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রথাগত ও অপ্রথাগত সব হুমকি মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

নতুন প্রযুক্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পরিবর্তিত হওয়ার পেরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেটের পাশাপাশি নন-ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেটগুলো প্রতিহত করাও সমান গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

 

 

এ প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, এখন নিরাপত্তার বিষয়টি অনেক বদলে গেছে। ডিজিটাল ডিভাইস যেমন আমাদের অনেক সুযোগ করে দিয়েছে তেমনি সন্ত্রাস-জঙ্গিবাদ কিংবা অপরাধের ধারাটাও পাল্টে গেছে।

 

 

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ‘ডিএসসিএসসি কোর্স ২০২২’র গ্রাজুয়েশন সেরিমনিতে শেখ হাসিনা কমপ্লেক্সে গ্রাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকুক এবং সেভাবেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষই এই ডিজিটাল ডিভাইস সম্পর্কে জানবে, ব্যবহার করবে।

 

 

শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের কল্যাণে অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

 

তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সব বিরোধ ও মতভেদ দূর করতে চাই।

 

 

 

প্রধানমন্ত্রী বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে উন্নত ও শক্তিশালী করে চলেছে। কিন্তু সেটা কারও সঙ্গে যুদ্ধ করার জন্য নয়। আমাদের পররাষ্ট্র নীতি, ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ খুব স্পষ্ট। আমরা জাতির পিতার গৃহীত পররাষ্ট্রনীতি অনুসরণ করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করছি।

 

তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন নিয়ে আমরা মিয়ানমারের সঙ্গে কোনো বিবাদে জড়াইনি। আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

 

প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আইনি লড়াইয়ে জয়ী হয়ে আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে স্থল সীমানা সমস্যা সমাধান এবং বিশাল সমুদ্র এলাকা ও এর সম্পদের অধিকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

 

তিনি আবারও দেশবাসীকে ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং তারল্য নিয়ে গুজবের বিরুদ্ধে সতর্ক করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং তারল্য নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে, গুজবে কান দেবেন না। ব্যাংকে পর্যাপ্ত বৈদেশিক রিজার্ভ এবং তারল্য থাকার বিষয়ে জনগণকে আশ্বস্ত করেন তিনি।

 

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত রূপকল্প-২০২১ অনুযায়ী বাংলাদেশকে একটি ডিজিটাল ও উন্নয়নশীল দেশে রূপান্তর করতে সক্ষম হয়েছে।

 

 

 

তিনি বলেন, গোটা জাতি যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে তখন বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করা আমাদের জন্য একটি বড় অর্জন।

 

প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ এবং ডিজিটাল বাংলাদেশকে একটি ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করতে প্রস্তুত। দয়া করে কেউ যাচাই না করে গুজবে কান দেবেন না বা বিভ্রান্ত হবেন না।

 

তিনি বলেন, করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং একে কেন্দ্র করে স্যাংশনের প্রেক্ষাপটে ব্রিটেন নিজেদের অর্থনৈতিক মন্দার দেশ ঘোষণা দিয়েছে। কিন্তু আমরা এখনো সেরকম দুরবস্থায় পড়িনি, অন্তত আমি এটুকু আপনাদের বলতে পারি।

 

এ প্রসঙ্গে তিনি যার যতটুকু জায়গা আছে তাতে কিছু না কিছু উৎপাদন করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, যেন আমরা নিজেদের খাবারটা নিজেরা উৎপাদন করতে পারি, কারও কাছে যেন হাত পেতে চলতে না হয়।

 

নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী টানেল, মেট্রো রেলসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমরা এমনভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি যেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ৬/৭ ঘণ্টার মধ্যে রাজধানীতে এসে পৌঁছানো যায়। সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি এবং কাজ চলমান আছে, চলমান থাকবে।

 

 

 

তিনি বলেন, বাংলাদেশকে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাঙালি জাতি যেন সারাবিশ্বের কাছে মাথা উঁচু করে চলতে পারে অন্তত সেটুকু করেছি। বাংলাদেশকে এখন আর কেউ অবহেলার চোখে দেখে না। বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবেই স্থান করে নিতে সক্ষম হয়েছে।

 

তিনি ধারাবাহিকভাবে সরকারে থাকার ফলে দেশের উন্নয়নকাজগুলো করতে পারা এবং দেশের মানুষের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারায় সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, কারো একার পক্ষে এ বিশাল কর্মযজ্ঞ সাধন সম্ভব ছিল না।

 

প্রধানমন্ত্রী বলেন, ৪০ হাজার মেট্রিক টন খাদ্য ঘাটতি থাকা অবস্থায় ১৯৯৬ সালে দেশের শাসনভার গ্রহণ করে দেশে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকালে ২৬ লাখ মেট্রিক টন উদ্বৃত্ত রেখে গিয়েছিলাম।

 

তিনি দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৬শ’ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৪ হাজার ৩শ’ মেগাওয়াটে উন্নীত করা এবং পরবর্তীকালে বিএনপি সরকারের সময়ে তা আবার ৩ হাজার ২শ’ মেগাওয়াটে নামিয়ে ফেলাসহ বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট এবং স্বাক্ষরতার হার, গড় আয়ু বৃদ্ধি প্রভৃতি সাফল্যের বিবরণ তুলে করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। সেসময় আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সামরিক বাহিনীর আধুনিকায়নে নানা উদ্যোগ নেওয়া হয়।

 

তিনি বলেন, আমরা ১৯৯৮ সালে ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ’ এবং ‘মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’, ১৯৯৯ সালে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং’ এবং ‘আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠা করি। আমরাই সর্বপ্রথম ২০০০ সালে সেনা, নৌ ও বিমানবাহিনীতে নারী অফিসার নিয়োগ করি।

 

তিনি বলেন, ২০০৮ সাল থেকে টানা তিনবার নির্বাচনে জয়লাভের পর আমরা অত্যাধুনিক ও যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা ১৯৭৪ সালে জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আওতায় ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও উন্নয়ন করছি। ২০১৬ সালে ‘বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার’ প্রতিষ্ঠা করেছি। জাতির পিতা প্রণীত প্রতিরক্ষা নীতি যুগোপযোগী করে ‘জাতীয় প্রতিরক্ষানীতি, ২০১৮’ প্রণয়ন করেছি। আমরা সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি।

 

 

 

তিনি জানান, ‘সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ’ থেকে এ পর্যন্ত ৫ হাজার ৯৭৯ জন অফিসার সাফল্যের সঙ্গে কোর্স সম্পন্ন করেছেন, এরমধ্যে ৪৪টি বন্ধুপ্রতীম দেশের ১ হাজার ৩০১ জন অফিসারও এ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমান কোর্সেও ২১টি বন্ধুপ্রতীম দেশের ৪৬ জন বিদেশি কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের ৩ জন কর্মকর্তাসহ আজ মোট ২৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণ শেষ করে পিএসসি ডিগ্রি লাভ করেছেন।

 

প্রধানমন্ত্রী গ্রাজুয়েশন প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মাতৃভূমির ওপর সম্পূর্ণ নিবেদিতপ্রাণ হয়ে যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

 

তিনি বলেন, আমি আশা করি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ তার শিক্ষা-প্রশিক্ষণের উচ্চমানের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। এ প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটরা তাদের অর্জিত জ্ঞান, ইচ্ছাশক্তি ও অঙ্গিকার সামনে রেখে দেশকে গৌরবময় অবস্থানের দিকে এগিয়ে নিয়ে যাবে।

 

পেশাদারিত্বের সঙ্গে ‘সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ ২০২২’ কোর্স সফলভাবে সম্পন্ন ও পরিচালনা করার জন্য তিনি কমান্ড্যান্ট ও ডিএসসিএসসিকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

একই সঙ্গে প্রধানমন্ত্রী বিদেশ থেকে আগতদের ধন্যবাদ জানিয়ে তাদের দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব যেন অটুট থাকে সেজন্য বাংলাদেশের এক একজন দূত হিসেবে তাদের নিজ নিজ দেশে কাজ করে যাওয়ারও আহ্বান জানান।

 

১০ ডিসেম্বর হেরেছে সরকার, জিতেছে জনগণ: মোশাররফ

ঢাকা অফিস

১০ ডিসেম্বর সরকার পরাজয়বরণ করেছে আর জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

 

তিনি বলেন, ‘এত বাধা-বিপত্তি, এত গ্রেফতার। তারপরও গণসমাবেশ গণসমুদ্রে পরিণত হয়েছে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার মনে করেছিল, তারা ঢাকা বিভাগীয় গণসমাবেশ ব্যর্থ করে দেবেন। সরকার তা পারেনি। দেশের জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ১০ ডিসেম্বর জিতেছে। আর পরাজয়বরণ করতে বাধ্য হয়েছে সরকার।’

 

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

 

খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে এখানে আমরা প্রতিবাদ করতে এসেছি। আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসে ৭ ডিসেম্বর যে বর্বর হামলা হয়েছে, তা নজিরবিহীন। অফিস থেকে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। অফিসের সব কিছু নিয়ে গেছে। এর নিন্দা জানানোর ভাষা নেই।’

 

বিএনপির সমাবেশে শুধু দলীয় নেতাকর্মীরা আসেননি, সাধারণ জনগণও এসেছে দাবি করে মোশাররফ বলেন, জনগণ এসে আমাদের সমাবেশ সফল করেছে। সাধারণ জনগণ এ সমাবেশগুলোর মধ্য দিয়ে বার্তা দিয়েছে, এ সরকারের হাত থেকে তারা মুক্তি চান। এ মুক্তি দিতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই লক্ষ্যে ঢাকায় ১০ ডিসেম্বর গণসমাবেশ করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে সেখান থেকে আমরা ১০ দফা দাবি জানিয়েছি।

 

 

আওয়ামী লীগের পক্ষে দেশকে রক্ষা করা সম্ভব নয় জানিয়ে বিএনপির সাবেক এ মন্ত্রী বলেন, ‘যারা দেশের অর্থনীতি নষ্ট করেছে, তাদের দিয়ে অর্থনীতি ঠিক করা সম্ভব নয়। তারা বিচার বিভাগকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। আইন বিভাগকে তারা নিরপেক্ষ করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, গায়ের জোরে টিকে থাকার জন্য অন্যায়ভাবে দেশের জনগণের ওপর লেলিয়ে দিয়েছে। এতকিছুর পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দুর্বল করতে পারেনি। যদি দুর্বল হতো তাহলে বিএনপি ১০টি গণসমাবেশ সফল করতে পারতো না।’

 

স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, পুলিশ বাহিনী আমাদের অফিস লন্ডভন্ড করেছে। মহাসচিব ও মির্জা আব্বাসকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে। কোনো কাজ হয়নি। এ সরকার নিজেরাই রাস্তাঘাট ও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। লাখ লাখ মানুষ ঢাকার সমাবেশে অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে সফল করেছে।’

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ লগি-বৈঠার রাজনীতি করে। তারা মানুষ হত্যা করে। কিন্তু এভাবে নিপীড়ন-নির্যাতন চালিয়ে দেশের মানুষকে ঠেকানো যাবে না। এখনো বলছি, শান্তিপূর্ণভাবে বিদায় নিন। এরইমধ্যেই বিএনপির সমাবেশে জনগণ রায় দিয়েছে যে, তারা আপনাদের আর ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিন।’

 

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের সভা-সমাবেশে কাউকে টাকা দিয়ে আনা হয় না। যারা আসেন, তারা দেশ ও মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। অন্য দলের সভায় যারা যান, তাদের বিরিয়ানি খাওয়া থেকে শুরু করে টাকা পয়সা ও টি-শার্ট দিয়ে সমাবেশে নিয়ে আসেন।’

 

তিনি বলেন, ‘সরকার বিদেশিদের বলে অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবেন না। আবার তারাই বিদেশিদের কাছে নালিশ করে। বিদেশিদের পেছনে দৌঁড়াচ্ছেন। কোনো কাজ হবে না। দেশের জনগণ এ সরকারকে আগেই বাতিল করেছে। এখন বিশ্ব তাদের বাতিল করেছে। তাদের বিদায় না হওয়া পর্যন্ত কোনো পথ নেই।’

 

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যেভাবে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী লুটপাট চালিয়েছে, সেভাবেই বাংলাদেশ পুলিশ বাহিনী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে নারকীয় তাণ্ডব ও লুটপাট চালিয়েছে। এ সরকারের অন্যায়, অত্যাচার ও দুর্নীতির প্রতিবাদ করলে পুলিশ গুলি চালাচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতার করেছে। আপনারা কাকে রক্ষার জন্য এ কাজ করছেন। গুটিকয়েক লোককে রক্ষার জন্য কোটি কোটি মানুষের বিরুদ্ধে কাজ করছেন। আমরা বলবো- গুটিকয়েক মানুষের স্বার্থরক্ষা না করে জনগণের পক্ষে থাকুন।

 

সভাপতির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, ‘সরকারের বুঝতে হবে বিএনপি এ দেশে ভেসে আসেনি। বাংলাদেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। হতে দেওয়াও হবে না। ভেবেছেন সবাইকে গ্রেফতার করে, গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকবেন, সেটা ভুল। এভাবে ২০১৪ ও ২০১৮ সালের একতরফা ও বিনাভোটের নির্বাচন দেশের মানুষ কোনো নির্বাচন হতে দেবেন না। এজন্য আমাদের আরও বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম সফল করতে হবে। আন্দোলনের মধ্য দিয়েই শেখ হাসিনাকে বিদায় করা হবে। প্রশাসন ও পুলিশকে বলবো নিরপেক্ষ থাকুন। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না।

 

ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের আবুল খায়ের ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব প্রমুখ।

 

সাতক্ষীরায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে স্কুলছাত্রসহ নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইটভাটার দুই শ্রমিক। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদরের বাইপাস সড়কের দক্ষিণ দেবনগর মোড়ে আব্দুর রকিবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নলকুড়া গ্রামের আবুল কালামের ছেলে ফয়সাল আহমেদ (২৮) ও মথুরাপুর গ্রামের মুজিবর সরদারের ছেলে সজীব হোসেন (১৪)। সজীব হোসেন স্থানীয় লাবসা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আহতরা হলেন সদর উপজেলার লাবসা গ্রামের হযরত আলী ও আব্দুস সবুর।

উত্তর দেবনগর গ্রামের ইটভাটা শ্রমিক আকবর আলী জানান, মঙ্গলবার দুপুরে তার মামাতো ভাই ফয়সাল বিনেরপোতায় শওকতের ইটভাটায় কাজ শেষে অপর দুই সহকর্মীকে নিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের ভ্যানের পেছনে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল স্কুলছাত্র সজীব হোসেন। তারা দেবনগর মোড় পার হওয়ার সময় বিনেরপোতাগামী একটি খালি ট্রাক (সাতক্ষীরা ট ১১-০৬৭২) ভ্যান ও সাইকেল আরোহী সজীবকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফয়সাল আহমেদ। আহত হন হযরত আলী, আব্দুস সবুর ও স্কুলছাত্র সবুজ হোসেন।

 

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেব কুমার জানান, স্থানীয়রা আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বিকেল ৪টার দিকে সজীবের মৃত্যু হয়। খাদ থেকে ট্রাকটি তোলা হয়েছে।

 

এসআই আরও জানান, ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

জীবননগর সীমান্তে যুবককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে তারিক (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

সোমবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তে ৬৮ নম্বর মেইন পিলারের কাছে দোয়াড় মাঠে এ ঘটনা ঘটে।

 

 

নিহত তারিক উপজেলার গয়েশপুর পুকুরপাড়ার প্রান্তিক কৃষক রবগুল হোসেনের ছেলে। তিনি বিজিবির সোর্স ছিলেন বলে দাবি করেছে তার পরিবার।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে তারিককে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে তিনি মারা যান।

 

ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত তারিকের মরদেহ ঢাকায় ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্র জানায়।

 

 

পারিবারিক সূত্র জানায়, বিজিবির সোর্স হিসেবে তারিক কাজ করতেন। গতরাতে তাকে বাড়ি থেকে কে বা কারা ডেকে নিয়ে যান। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তারা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ঘটনার ব্যাপারে আমাদের কেউ জানাননি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ বলেন, ঘটনাটি শুনেছি। তারেক বিভিন্ন সময় তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।

 

বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হবো: সিইসি

ঢাকা অফিস

বিএনপিকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কমিশনের সব সময় ইচ্ছা সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তাই সকল দলের প্রতি আহ্বান আপনারা সবাই নির্বাচনে আসুন। বিশেষ করে বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হবো। আমরা চাই প্রতিটি দল নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি করুক।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে রংপুর সিটি কপোরেশনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, কোনো অবনতি ঘটবে না, রংপুরে যারা আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন তারা আশ্বস্ত করেছেন। তাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। কমিশন মনে করে এই নির্বাচনে ভোটাররা কোনো বাধার সম্মুখীন হবে না। এছাড়া কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

তিনি আরও বলেন, সিটি নির্বাচন সিসি ক্যামেরা দিয়ে ঢাকা এবং রংপুর থেকে পর্যবেক্ষণ করা হবে। কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, দায়িত্বরত পোলিং এজেন্টকেও পর্যবেক্ষণ করা হবে। তারা কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রিসাইডিং অফিসারদের দায়িত্ব নিতে হবে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। এ সময় তিনি নগরবাসীকে আবারও নির্ভয়ে নির্বিঘ্নে এবং বিশ্বাস নিয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান।

 

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, আরপিএমপি কমিশনার নুরে আলম মিনা, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন প্রমুখ।

 

 

দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটিতে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এবার মেয়র পদে ৯ জনসহ মোট ২৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

২০১৭ সালের ২১ ডিসেম্বর এ সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হলেও এবার পুরো সিটির ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

 

জ্বালানির দাম সমন্বয়ে আসছে নতুন পরিকল্পনা

ঢাকা অফিস

জ্বালানির দাম সমন্বয়ে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি জানান, তিন মাস পর পর জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দাম খোলা বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম সমন্বয় হবে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জাপানের দাতা সংস্থা জাইকা আয়োজিত সভায় তিনি এসব তথ্য জানান। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর ও বিভিন্ন কোম্পানির প্রধানরা অংশ নেন।

 

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দামের বিষয়টি বিইআরসির ওপর নির্ভর করবে। তারা যদি বিবেচনা করে, দাম বাড়ানোর প্রয়োজন নেই, তাহলে বাড়বে না।

 

অনুষ্ঠানে মিশ্র জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে ২০৩০ সালের আগে নতুন কোনো পরিকল্পনা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, যেসব প্রকল্প চলমান তা শেষ হওয়ার পর নতুন কিছু নিয়ে পরিকল্পনা করা যাবে।

 

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ২০৩০ সালের পর হাইড্রোজেন, ক্ষুদ্র রিয়াক্টরে পরমাণু বিদ্যুৎ, কার্বন ক্যাপচারসহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। উন্নত অনেক দেশ কয়লা থেকে সরে ক্লিন এনার্জির দিকে যাচ্ছে। তবে, সেটি এখনই বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।

 

বিএনপির ‘আমেরিকা নিষেধাজ্ঞা ষড়যন্ত্র’ ব্যর্থ হয়েছে: কাদের

ঢাকা অফিস

সরকারকে চাপ দিতে আমেরিকা যেন নিষেধাজ্ঞা দেয়, সেজন্য বিএনপি ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ দাবি করেন তিনি।

 

 

 

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী একটি ‘মিশন’ নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমির খসরু সাহেব ওয়াশিংটনে গেছেন। সরকারকে নিষেধাজ্ঞা দিতে। তদবির করতে গেছেন। আমির খসরু সাহেব, কী পেলেন? আমির খসরুর মিশন ব্যর্থ। হতাশ হয়ে পড়েছেন।

 

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দিনে বিএনপির ডাকা সমাবেশ প্রত্যাহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন। সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা? সেদিন কেন তাদের কর্মসূচি, আমি জানতে চাই। প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুই মাস আগে আমাদের নেত্রী ২৪ তারিখ ডিক্লেয়ার (ঘোষণা) করেছেন। এ কর্মসূচির অর্থ সংঘাতের উসকানি দেওয়া। ১০ তারিখে ব্যর্থ হয়ে এখন ২৪ তারিখে গণ্ডগোল করার ষড়যন্ত্র করছে বিএনপি।

 

 

 

নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, আপনারা সতর্ক থাকবেন। জঙ্গিদের (বিএনপি) মাঠে নামিয়েছে।

 

তিনি বলেন, ১০ তারিখে হলো খেলা? কী হলো? বিএনপির ১০ ডিসেম্বর ভুয়া, সরকারের পতন ভুয়া, বিজয় মিছিল ভুয়া, আন্দোলন ভুয়া। কী, খেলা হবে।

 

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কাদের বলেন, পাকিস্তান ছাড়া আল্লাহর দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। আমরা কেন তত্ত্বাবধায়ক আনব? মৃত ইস্যু জীবিত করতে চাইছে বিএনপি।

 

বিভিন্ন দেশের উদাহরণ টেনে কাদের বলেন, দুনিয়ার কোনও দেশে ত্রুটিমুক্ত গণতন্ত্র নেই। গণতন্ত্রে ত্রুটি আছে, কোথাও গণতন্ত্র ত্রুটিমুক্ত নেই। সে হিসেবে আমরা ভাল আছি।

 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

গোপালগঞ্জ সদরে আনাবাদি ৬০ হেক্টর জমি চাষাবাদের আওতায়

অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ

চলতি রবি মৌসুমে গোপালগঞ্জ সদর উপজেলায় আনাবাদি ৬০ হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবনে সাড়া দিয়ে  গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস ইতিমধ্যে এসব জমি শাক-সবজি চাষাবাদ হয়েছে। কৃষক এসব জমিতে রবি মৌসুমের শুরুতে লালশাক, ডাটাশাক,পালংশাক, লাউ, কুমড়াসহ বিভিণ্ন প্রকার শাক সবজি আবাদ করেন। কৃষক মাঠ থেকে এসব শাক সবজি তুলে বাজারে বিক্রি করছেন। শাক সবজি ১৫ দিনে মধ্যে শেষ হয়ে যাবে। এরপর কৃষক এসব জমিতে তেল জাতীয় ফসল আবাদ করবেন। ৩০ হেক্টর জমিকে ৪ ফসলী জমিতে পরিণত করা হয়েছে। এছাড়া ভাসমান বেডে সবজি, মসলা ও ফলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জায়গাও ফাঁকা না রেখে চাষাবাদ বৃদ্ধির আহবান জানিয়েছেন। আমরা এ আহবানে সাড়া দিয়ে রবি মৌসুমে আনাবাদি ৬০ হেক্টর জমি চাষাবাদের আওতায় এনেছি। আমাদের কাছ থেকে বীজ, সারসহ কৃষি প্রণোদনা পেয়ে কৃষক ইতমধ্যে এসব জমিতে শাক,সবজি ফলিয়েছে। এগুলো বাজারে বিক্রি করে তারা ভালো দাম পেয়েছেন। তাদের শাক-সবজি প্রায় শেষ পর্যায়ে। এইসব জমিতে তারা এখন তেল জাতীয় ফসলের আবাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এভাবে আমরা ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছি। এছাড়া আমরা ৩০ হেক্টর জমিকে ৩ ফসল থেকে ৪ ফসলী জমিতে পরিণত করেছি। এসব জমিতে ধান,পাট, সবজি, ডাল, তেলসহ বিভিন্ন ফসল চাষাবাদ করা হচ্ছে। আমরা কৃষকের আয় দ্বিগুন করে দিতে চাই। সেই সাথে খোরপোষের কৃষিকে আমরা বাণিজ্যিক কৃষিতে পরিণত করব। সেইভাবে আমরা কৃষককে চাষাবাদের আধুনিক কলাকৌশল শিখিয়ে দিচ্ছি। তারা এটি গ্রহণ করে অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন। ৬০ হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে। সেই সাথে ৩০ হেক্টর জমিকে আমরা ৪ ফসলী জমিতে পরিণত করেছি। ভাসমান বেডে সবজি, মসলা ও ফল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এতে করে গোপালগঞ্জে ফসলের মোট উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষি উৎপাদন বৃদ্ধি করে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ে তুলব।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার বলেন, আমার ইউনিয়নে সাড়ে ৩ হাজার হেক্টর আনাবাদি জমি রয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের দিক নির্দেশনায় আমি আনবাদি ২ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় এনেছি। এসব জমিতে আগাম শাক,সবজি হয়েছে। এখন তারা এখানে তেল জাতীয় ফসল আবাদ করছেন। চলতি অর্থবছরে এ ইউনিয়নে ফসল উৎপাদন আন্তত ২৫ % বৃদ্ধি পাবে। এ ইউনিয়নে ভাসমান বেডে সবজি, মসলা ও ফল উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

রঘুনাথপুর ইউনিয়নের নকড়িরচর গ্রামের কৃষক মোঃ সবুজ মোল্লা (৩৫) বলেন, আগে আমাদের জমিতে শুধু আমন ধান হত। বছরে আমরা মাত্র একটি ফসল পেতাম। তারপর সারাবছর জমি পতিত থাকত। কৃষি অফিসের পরাামর্শে আমরা এইসব জমিতে সারা বছর শাক,সবজি,তরমুজসহ বিভিন্ন ফসল ফলাচ্ছি। কৃষি বিভাগ আমাদের প্রয়োজনীয় পরামর্শ, বীজ,সারসহ কৃষি প্রণোদনা প্রদান করছে। আমাদের ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার সার্বক্ষণিক আমাদের সহায়তা করছেন। এ কারণে আমরা সারাবছর শাক, সবজিসহ অন্যন্য ফসল আবাদ করে লাভের মুখ দেখছি। কৃষি বিভাগের এ সহযোগিতা অব্যাহত থাকলে আমরা ফসল উৎপাদন ২ থেকে ৩ গুন বৃদ্ধি করতে পারব। এছাড়া বর্ষাকালে আমরা ভাসমান বেডে সবজি,মসলা ও ফল উৎপাদন করছি।

একই গ্রামের কৃষক হানিফ মল্লিক (৫০) বলেন, কৃষি বিভাগ আমাকে ভাসমান বেডে চাষাবাদ থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তির চাষাবাদ আমাকে দিয়ে করাচ্ছে।  আমি এটি গ্রহণ করেছি। এ চাষাবাদে লাভবান হচ্ছি। আমার দেখাদেখি আমার এলাকার কৃষক এসব প্রযুক্তি গ্রহণ করছেন। তারাও কৃষি উৎপাদন বৃদ্ধি করে টাকা কামাচ্ছেন। তারও আধুনিক চাষাবাদে ঝুঁকে পড়ছেন।

একই গ্রামের কৃষক মোঃ শাহাবুদ্দিন মল্লিক (৬০) বলেন, সফল ও আদর্শ কৃষক হানিফ মল্লিক আমার ভাতিজা। সে আমাদের এলাকায় আধুনিক কৃষি প্রচলন করেছে। তার চাষাবাদ দেখে আমরা কৃষির নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করেছি। এখন আধুনিক কলা-কৌশলের মাধ্যমে আমরা অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করে আয় বাড়িয়েছি। তাই পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি।

রঘুনাথপুর গ্রামের কৃষক সরোজ কান্তি বালা (৪৮) বলেন,আমরা আনাবাদি ১ একর জমিতে এই বছর কৃষি বিভাগের পরামর্শে  সবজি করেছি। এতে খরচ হয়েছে ৪৫ হাজার টাকা। ইতমধ্যে ১ লাখ টাকার শাক-সবজি বিক্রি করেছি। আশা করছি আগামী ১৫ দিনে আরো ৫০ হাজার টাকার সবজি বিক্রি করতে পারব। এরপর তেল জাতীয় ফসল আবাদ করব। কৃষি বিভাগ প্রশিক্ষণ, পরামর্শ ও প্রণোদনা দিয়ে আমাদের কৃষিকে লাভজনক করেছে।

 

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

বিশেষ প্রতিনিধি

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা একই দিনে সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করেছেন। এদিন সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। দিবসটি উপলক্ষে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ। সকাল  ৭টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন এবং সকাল ৭টা ৩০ মিনিটে  বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও   সকাল ৮টা ৩০ মিনিটে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। এছাড়াও এদিন বিকাল ৩টায়  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্ত্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তরে ত্রিশ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানী বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।

ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতার সহধর্মিনী বাসন্তী গুহঠাকুরতা তার একটি গ্রন্থে লিখেছেন, ‘নীল নকশার রেখা অংকন শুরু হয়েছিল একাত্তরের পয়লা মার্চের আগেই সত্তরের ১৭ ডিসেম্বর গণভোট বা তারো অনেক আগে উনসত্তরের  গন আন্দোলনের সময় থেকেই , কিংবা বাহান্নর ভাষা আন্দোলনের পরে। একাত্তরে তারা প্ল্যান করে যুদ্ধে নামে। যুদ্ধতো নয় , কেবল নিরস্ত্র মানুষ নিধন। প্রথমে ওদের এলোপাতাড়ি মারা , তারপর শহরে , গ্রামে গঞ্জে বেছে বেছে ধনী , ব্যাবসায়ী , বুদ্ধিজীবি নিধণ করে নদীতে খালে ফেলে দেয়া। অনেকে মনে করেন, চরম বিপর্যয় আসন্ন, পরাজয় একেবারেই সন্নিকটে- তখনই তারা সেই পরিকল্পনা কার্যকর করে। তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের চোখ বেঁধে নিয়ে হত্যা করে। তারা স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎকে এভাবেই অন্ধকার করার পাঁয়তারা করেছিল। ’

একাত্তরের সেই যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবী হত্যার সাথে সংশ্লিষ্ট অনেকের বিচারের রায় কার্যকর হয়েছে।এর মধ্যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অনেকের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষিত হয়েছে। মানবতাবিরোধী হত্যা মামলায় দ-িত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির দ- কার্যকর হয়েছে। জামায়াতের অপর নেতা মো. কামারুজ্জামান এবং বুদ্ধিজীবী হত্যার অন্যতম হোতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে । ২০১৬ সালের ১১ মে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকান্ডের নীলনকশা বাস্তবায়নকারী গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দন্ড কার্যকর হয়। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশীয় দোসর আল-বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয়। পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়। এ দু’টি স্থান এখন বধ্যভূমি হিসেবে সংরক্ষিত।

মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন, অধ্যাপক মুনির চৌধুরী, ডা.আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী,অধ্যাপক গিয়াস উদ্দিন,অধ্যাপক আনোয়ার পাশা,অধ্যাপক রশীদুল হাসান, ড.আবুল খায়ের,ড.মুর্তজা,সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিনসহ আরো অনেকে।

 

৩৬ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

ঢাকা অফিস

সুন্দরবন সংলগ্ন বানিয়াশান্তা এলাকা থেকে ৩৬ কেজি হরিণের মাংসসহ আজিজুর গাজী নামক এক ব্যাক্তিকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য  নিশ্চিত করেছেন।

এক মেইল বার্তায় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ ডিসেম্বর গভীররাতে  বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা কর্তৃক সুন্দরবন সংলগ্ন দাকোপ থানাধীন বানিয়াশান্তা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক এক মোটর সাইকেল আরোহীকে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হলে মোটর সাইকেল আরোহী না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মো. আজিজুল গাজী(৩৮) নামক এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরে মোটর সাইকেলের পিছনে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৬ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি খুলনা জেলার দাকোপ থানার আমতলা গ্রামের বাসিন্দা।

সকালে জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিকে বন্য প্রাণী হত্যা ও বিক্রয়ের অপরাধে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনেরব ডাংমারি ফরেষ্ট স্টেশনে হস্তান্তর করা হয়।

 

প্লাস্টিকের বাক্সের ভেতরে নতুন সম্ভাবনা

কয়রা প্রতিনিধি

ইটের সলিং রাস্তার পাশে ঘের, তার পানিতে ভাসছে প্লাস্টিকের ছোট ছোট অনেক বাক্স। মাঝ বরাবর বাঁশ আর কাঠ দিয়ে বানানো টিনের ছাউনি দেওয়া টংঘর। সেই ঘরের কাঠের পাটাতনের ওপর বসে একজন প্লাস্টিকের বাক্সগুলো খুলে দেখছেন। প্রতিটি বাক্সের মধ্যে রয়েছে কাঁকড়া। সেগুলোর কোনোটা খোলস ছেড়েছে কি না, তা পরীক্ষা করে দেখছেন তিনি। মাত্র দুই বিঘা জমির ঘেরের মধ্যে রয়েছে ১২ হাজার বাক্সবন্দী কাঁকড়া।

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ফুলতলা গ্রামে এই চিত্র ‘তপু সফট শেল ফার্ম’ নামের একটি কাঁকড়ার খামারের। খামারটিতে বছরে উৎপাদন করা হচ্ছে প্রায় ২৫ হাজার কেজি কাঁকড়া, যার সবই রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আসছে বৈদেশিক মুদ্রা। কর্মসংস্থান হয়েছে বহু নারী-পুরুষের।

খামারের টংঘরের পাটাতনের ওপর বসে ছোট লাঠির মাথায় থাকা আংটা দিয়ে বাক্সগুলো টেনে দেখছিলেন খামারের মালিক সুধাংশু শেখর মণ্ডল। তিনি বলেন, তিন ঘণ্টা পরপর তিনি এভাবে কাঁকড়াগুলো পরীক্ষা করেন। কোনো বাক্সে মৃত কাঁকড়া পেলে সেটি উঠিয়ে মাটির নিচে পুঁতে ফেলেন। কাঁকড়াদের খাবার হিসেবে চার দিন পরপর প্রতিটি বাক্সে তেলাপিয়া মাছ কেটে ৫ থেকে ৮ গ্রাম ওজনের টুকরা দেওয়া হয়। এক হাজার কেজি কাঁকড়া তিনি প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন সুধাংশু শেখর মণ্ডল।

সুধাংশু শেখর মণ্ডল জানান, কয়েক বছর আগে সাতক্ষীরার ঘড়িলাল এলাকায় গিয়ে কাঁকড়া চাষের খামার দেখে খুবই ভালো লাগে তাঁর। পরিকল্পনা করেন ওই পদ্ধতিতে কাঁকড়া চাষের। এরপর ২০২১ সালে দুই বিঘা জমি বাৎসরিক ১৮ হাজার টাকায় লিজ নিয়ে পরীক্ষামূলকভাবে কাঁকড়া চাষ শুরু করেন। তখন প্লাস্টিকের বাক্সে কাঁকড়া ছিল মাত্র তিন হাজার। সে বছর সফল হয়ে এবার ১৩ হাজার বাক্সে কাঁকড়া চাষ করছেন। গত বছর ৯ হাজার কেজি কাঁকড়া উৎপাদন করা হয়েছিল। তবে এবার ২৫ হাজার কেজি কাঁকড়া উৎপাদন করা হবে বলে তিনি আশা করছেন।

আগে যে এলাকায় ঘেরে কেবল চিংড়ি চাষ হতো, সেখানে এখন কাঁকড়া চাষ লোকজনকে নতুন আশা দেখাচ্ছে। একে স্থানীয় অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কয়রায় সুধাংশু শেখর ঘেরে কাঁকড়া চাষের পথিকৃৎ। তাঁর কাঁকড়ার ফার্মে কর্মরত শ্রমিক নারায়ণ বর্মন ও মাধব মণ্ডল বলেন, বাক্সে কাঁকড়া চাষের জন্য তাঁরা ঘেরটি পাঁচ-ছয় ফুট গভীর করে খনন করেছেন। ঘেরে কোনো ধরনের সার তাঁরা ব্যবহার করেন না। পানির ওপরে প্লাস্টিকের বাক্স সাজিয়ে তাতে মাঝারি আকারের একটি করে কাঁকড়া দিয়েছেন। কাঁকড়াগুলো বাক্সে ভরার সময় কাঁকড়ার শুধু বড় দুটি পা রেখে ছোট পাগুলো কেটে দিয়েছেন। এতে কাঁকড়া দ্রুত খোলস ছেড়ে নরম হয়। খোলস ছেড়ে দেওয়া কাঁকড়ার দাম বেশি পাওয়া যায় বলে জানান তাঁরা।

খামারের মালিক সুধাংশু শেখর মণ্ডল বলেন, ঘেরের মধ্যে বাক্সে কাঁকড়া দেওয়ার ১৫ দিনের মধ্যে খোলস ছাড়লে উঠিয়ে নিয়ে পরিষ্কার পানিতে ধোয়া হয়। এরপর প্যাকিং করে ক্রেটে ভর্তি করে সাতক্ষীরার বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসের পাশে বায়ারদের (বিদেশি ক্রেতা) কাঁকড়া কেনার ঘর রয়েছে, সেখানে বিক্রি করা হয়। এক হাজার কেজি কাঁকড়া তিনি প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন।

 

কয়রা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, আগে বাক্সে কাঁকড়া চাষের খামার কয়রায় মাত্র একটি ছিল, সেটি তপু সফট শেল ফার্ম। এক বছরের মধ্যে আরও কয়েকজন এ ধরনের খামার গড়ে তুলেছেন। বাক্সে কাঁকড়া চাষ করা বেশ লাভজনক। এই পদ্ধতিতে খাবার নষ্ট হয় না, কাঁকড়ার মৃত্যুর হার তুলনামূলক কম। যখন কাঁকড়ার দাম বাড়ে, তখন চাষিরা সহজে ও দ্রুত বাক্স খুলে কাঁকড়া ধরে তা বিক্রি করতে পারেন।

 

 

 

আলোচিত আমজাদ দম্পতির বিরুদ্ধে ৩৮৮ কোটি টাকা ঋণ আদায়ে ব্যাংকের মামলা

স্টাফ রিপোর্টার

খুলনার বহুল আলোচিত লকপুর গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৩৮ কোটি টাকা ঋণ খেলাপির জন্য অর্থ ঋণ আদালতে ৩০ নভেম্বর জনতা ব্যাংক, খুলনা মামলা দায়ের করেছে। মামলায় আসামি করা হয়েছে এস এম আমজাদ হোসেন ও তার স্ত্রী বেগম সুফিয়া আমজাদকে।

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং লকপুর গ্রুপের কর্ণধার এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে গত বছর দুদক কয়েকটি মামলা করায় তিনি দেশ ত্যাগ করে আমেরিকায় অবস্থান করছেন বলে পারিবারিক সূত্র জানায়। অর্থ ঋণ আদালত, খুলনায় দাখিল করা পৃথক এই তিনটি মামলা আদালত নথিভুক্ত করে এবং আসামিদের বিরুদ্ধে আদেশ দেবার জন্য আগামী জানুয়ারী ২০২৩ মাসে দিন ধার্য করেছে। জনতা ব্যাংক, খুলনা কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার এই তিনটি মামলার বাদি।

ইষ্টার্ন পলিমারের বিরুদ্ধে ১৫১ কোটি টাকার মামলা:

লকপুর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইষ্টার্ণ পলিমার লি: মোংলা ইপিজেডে অবস্থিত এবং সম্পূর্ণ রপ্তানীমুখি প্রতিষ্ঠান। বিশেষ করে গার্মেন্টস ও হিমায়িত মৎস্য রপ্তানীকারকদের মোড়ক সামগ্রী সরবরাহ করত। উৎপাদিত মোড়ক সামগ্রীর কাঁচামাল আমদানী নির্ভর এ প্রতিষ্ঠান যা বন্ড সুবিধার প্রাপ্যতায় আমদানি হয়। প্রতিষ্ঠানটি জনতা ব্যাংকের সাথে ২০১৩ সালের এপ্রিল মাসে হিসাব খুলে বিদেশ হতে পন্য আমদানি করত। এই আমদানির জন্য এলসি মার্জিন ঋণ সহ বিভিন্ন প্রকার ঋণ মিলে ৩১ অক্টোবর ২০২২ পযর্ন্ত পাওনা মোট ১৫১ কোটি ৮৪ লাখ ৫ হাজার ৬১৬ টাকা। এই মামলায় আসামি করা হয়েছে প্রতিষ্ঠানের এমডি হিসাবে এস এম আমজাদ হোসেন এবং পরিচালক হিসাবে তার স্ত্রী বেগম সুফিয়া আমজাদকে। মামলার আর্জিতে বলা হয়, ব্যাংক বিগত ০৫/০১/২০২২ এবং ০৭/০৪/২০২২ তারিখ বিভিন্ন প্রকার ঋণের টাকা পরিশোধের জন্য তাগাদাপত্র দেয়া হয়। কিন্তু আসামিগণ কোনরুপ ঋণ পরিশোধ না করায় ব্যাংক নিযুক্ত আইনজীবী ০১/০৮/২০২২ তারিখ লিগ্যাল নোটিশ প্রদান করেন। তারপর ঋণ আদায়ের জন্য তফশিল বর্ণিত সম্পত্তি ও ফ্যাক্টরি যেখানে যে অবস্থায় আছে তার নিলামের জন্য ২০ অক্টোবর নির্দিষ্ট করে একটি জাতীয় এবং একটি স্থানীয় পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু আসামিদের অসহযোগিতার কারণে কোন বিডার নিলামে অংশগ্রহণ না করায় জমি-জমিসহ ফ্যাক্টরি বিক্রি করা সম্ভবপর হয়নি। ফলে ঋণের ১৫১ কোটি টাকা কোন ভাবেই আদায় করা যায়নি।

 

তবে অনুসন্ধানে জানা গেছে, এই ১৫১ কোটি টাকার ঋণের বিপরীতে রূপসার জাবুসা মৌজায় মোট নয় একর জলাভূমি বন্ধক দেখানো আছে। অথচ খুলনা সাব রেজিষ্টার দপ্তরে এই জলাভূমির দর দেখানো হয়েছে একর ৭৫ হাজার টাকা করে। এ ব্যাপারে জনতা ব্যাংক খুলনার জেনারেল ম্যানেজার অরুন প্রকাশ বিশ্বাস জানান, মোট ১৫১ কোটি টাকার মধ্যে বিভিন্ন প্রকার ঋণ রয়েছে, প্লেজ ঋণ, হাইপো, এলসি মার্জিনসহ বিভিন্ন প্রকারের ঋণ ও গ্যারন্টি রয়েছে। জমি বন্ধক ছাড়াও ফ্যাক্টরির যন্ত্রপাতি ও উৎপাদিত পন্য বন্ধক ছিল।

 

মুনষ্টার পলিমারের নামে ৯০ কোটি ৮১ লাখ টাকা:

 

লকপুর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মুনষ্টার পলিমার এক্সপোর্ট লি: ২০১৭ সাল জনতা ব্যাংক দিলকুশা শাখা ঢাকা হতে প্রথম ঋণ গ্রহন করে। যা পরবর্তীতে খুলনা কর্পোরেট শাখায় স্থানান্তর করা হয়। মোংলা ইপিজেডে অবস্থিত সম্পূর্ণ রপ্তানীমুখি এই প্রতিষ্ঠানের কাছে ৩১ অক্টোবর ২০২২ পযর্ন্ত মোট পাওনা ৯০ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৬৩৩ কোটি টাকা। ব্যাংকের এই টাকা আদায়ের জন্য বিগত ৬ জুন ২০২২ তারিখ চূড়ান্ত তাগাদাপত্র এবং ০১/০৮/২০২২ তারিখে ব্যাংক আইনজীবী লিগ্যাল নোটিশ দেন। এই মামলায় মুন ষ্টার পলিমার এক্সপোর্ট লি: এমডি হিসাবে এস এম আমজাদ হোসেন এবং পরিচালক হিসাবে তার স্ত্রী বেগম সুফিয়া আমজাদকে আসামি করা হয়েছে । একই ভাবে এই ঋণের বিপরীতে মটগেজ রাখা জমিজমা নিলামে বিক্রির জন্য জাতীয় এবং স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু সে নিলামেও কেউ অংশগ্রহণ করেনি।

 

বাংলাদেশ পলি প্রিন্টিংয়ের ৯৫কোটি ৪৭ লাখ টাকা:

লকপুর গ্রুপের অপর প্রতিষ্ঠান বাংলাদেশ পলি প্রিন্টিং ইন্টারন্যাশনাল লি: শতভাগ রপ্তানীমুখি প্রতিষ্ঠান হিসেবে জনতা ব্যাংকের সাথে ২০১৪ সাল হতে হিসাব পরিচালনা করে আসছিল। প্রতিষ্ঠানটি বাগেরহাট জেলা ফকিরহাট থানার নওয়াপাড়া শ্যামবাগান এলাকায় অবস্থিত। এই মামলায়ও আসামি হিসাবে উল্লেখিত দুই জনের নাম রয়েছে। তবে এই তালিকায় তার আরো পাচঁটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। সে প্রতিষ্ঠানগুলি হলো বাগেরহাট সী ফুড, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লি:, মেট্রো বিক্স লি:, রুপসা ফিস এন্ড এ্যালাইড ইন্ডা লি: ও সাউদার্ন ফুডস লি: এর এমডি হিসেবে এস এম আমজাদ হোসেন এবং পরিচালক হিসাবে বেগম সুফিয়া আমজাদকে আসামি করা হয়েছে ।

 

এই মামলায় মোট ৯৫ কোটি ৪৭ লক্ষ ২৯ হাজার ৭৫৩ টাকা পাওনা দেখানো হয়েছে। এজাহারে বলা হয়েছে, ব্যাংক আসামিদের বকেয়া ঋণ পরিশোধের জন্য তলব তাগাদার ধারাবাহিকতায় ৬ জুন ২০২২ তারিখে চূড়ান্তপত্র এবং পরবর্তীতে ব্যাংক আইনজীবী ০১/০৮/২০২২ তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। তারপর ২০সেপ্টেম্বর ২০২২ তারিখ নিলামের দিন ধার্য করে দুটি পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু বিবাদীগনের অসহযোগিতায় নিলামে কোন বিড়ার অংশগ্রহণ করেনি।

 

জমি বন্ধক মূল্য অস্বাভাবিক দেখিয়ে ঋণ ও তদন্ত কমিটি: খোজঁ নিয়ে জানা গেছে, ৩৩৮ কোটি টাকা বিভিন্ন ঋণের বিপরীতে তিনটি প্রতিষ্ঠান খুলনা রুপসায় ৮ দশমিক ১৪ একর, বটিয়াঘাটা থানার জিরোপয়েন্টে ৯ দশমিক ২৮ একর জলাভূমি এবং বাগেরহাটের ফকিরহাটে ৩ দশমিক ৩৩ একর জমি বন্ধক দেয়া হয়েছে। স্থানীয় ভূমি অফিস এবং সাব রেজিষ্টার অফিস সরকারী দর অনুযায়ী এই জমির মূল্য সর্বোচ্চ ৫০ কোটি টাকার অধিক হবে না। অর্থাৎ ৫০ কোটি টাকার সম্পত্তি বন্ধক দিয়ে প্রায় সাড়ে তিন শত কোটি টাকার ঋণ নিয়েছে। শুধু তাই নয়, প্রধান কার্যালয় হতে দেয়া ঋণ মঞ্জুরীর অতিরিক্ত টাকা এই প্রতিষ্ঠানকে দেয়া হয় বলে ইতিপূর্বে প্রধান কার্যালয়ের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এই তদন্ত কমিটি গত ২৩/০৮/২০২১ তারিখে তৎকালিন ডিজিএম, জনতা ব্যাংক খুলনা কর্পোরেট শাখাকে ১১টি বিষয় অভিযুক্ত করে কারণ দর্শানো নোটিশ জারী করেন। জনতা ব্যাংক খুলনা কর্পোরেট শাখার ডিজিএম সহ তিনজন উর্দ্ধতন কর্মকর্তাকে মঞ্জুরীর অতিরিক্ত প্রায় ৫২ কোটি টাকা জামানত ছাড়াই অনিয়মের মাধ্যমে ঋণ সুবিধা দেবার জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থ্ ানেয়া হবে না, তা জানতে শো-কজ এবং বিভাগীয় মামলা দায়ের করেছে। ব্যাংকের কেন্দ্রীয় ডিসিপ্লিনারী ডিপার্টমেন্ট এই একই ভাবে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করেছে।

 

ব্যাংক কর্মকর্তাদের শো-কজ: জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস ছালাম আজাদের পক্ষে উপ-মহাব্যবস্থাপক একেএম ফজলুর রহমান স্বাক্ষরিত পত্রে জনতা ব্যাংক খুলনা কর্পোরেট শাখার ডিজিএম অরুন প্রকাশ বিশ্বাস, এজিএম কাজী জাফর হায়দার এবং সিনিয়র অফিসার মো: আব্দুল হাইকে জবাব দানের জন্য দশ দিনের সময় বেধে দেয়া হয়। মোট দশটি অভিযোগের প্রথমেই বলা হয়, প্রধান কার্যালয়ের অনুমোদন ব্যাতিরেকে মুনষ্টার পলিমারকে অতিরিক্ত ২৮ কোট ৩৭ লাখ ৪৫ হাজার টাকার ঋণ সুবিধা প্রদান করেছেন। একই ভাবে এই ঋণ প্রদানকালে প্রথম বছরে কমিশন অগ্রিম আদায়ের শর্ত পালন করা হয়নি। ৬ নং অভিযোগে বলা হয়েছে, ইষ্টার্ণ পলিমার লি:কে মঞ্জুরীকৃত ৬০ কোটি টাকার অতিরিক্ত ২১ কোটি ৫২ লাখ ওভারডিউ সুবিধা প্রদান করেছেন। একইভাবে ঋণ প্রদানের নানাবিধ শর্তাবলী মানা হয়নি । ৭ নং অভিযোগে বলা হয়েছে, ইষ্টার্ণ পলিমার লি: ঋণসীমার বিপরীতে প্রতিমাসে এক কোটি টাকার এফডিআর গঠন করে লিয়েন রাখার শর্ত পালন করা হয়নি এবং বিবিধ অনিয়ম করা হয়েছে।

 

পত্রে আরও বলা হয়েছে, জনতা ব্যাংক লি: চাকুরী প্রবিধানমালা -২০২০ এর ৬২ [খ] ১ উপপ্রবিধি মোতাবেক কেন শাস্তিমূলক ব্যবস্থ্ ানেয়্ াহবে না , তা পত্র প্রাপ্তির দশ দিনের মধ্যে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার যা বলেন: এ ব্যাপারে জনতা ব্যাংক খুলনা জোনের জেনারেল ম্যানেজার অরুন প্রকাশ বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই জমি ছাড়াও ফ্যাক্টরী যন্ত্রাংশ, উৎপাদিত পণ্যের প্লেজ ঋণ, এলসি মার্জিন ঋণসহ নানাবিধ ঋণ রয়েছে। যা সুদে আসলে এত টাকা হয়েছে। তিনি জানান, জমির মূল্য আগামীতে বৃদ্ধি পেতে পারে। তিনি জানান, এই ঋন তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। একই ভাবে এলসি মার্জিনের টাকা ১৮০ দিনের মধ্যে দেবার কথা থাকলেও তারা কোন টাকা দেয়নি। তিনি জানান, ব্যাংক ঋণের বিধি অনুযায়ী তারা এই মামলা দায়ের করেছেন। তিনি নিজে জনতা ব্যাংক কর্পোরেট শাখার ডিজিএম থাকাকালে তার বিরুদ্ধেও শোকজ করা হয়েছিল। কিন্তু তারা জবাব ব্যাংক কর্তৃপক্ষ গ্রহণ করেছে।

 

এ ব্যাপারে এম এম আমজাদ হোসেনের আমেরিকার মোবাইল নম্বরে কল করলে তিনি কল রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিলেও তিনি কোন জবাব দেননি।

 

 

৫৫ শতাংশ বর্জ্যকর্মীর নিয়োগ হয় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে: টিআইবি

ঢাকা অফিস

সরকারি হাসপাতাল, সিটি করপোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোতে বর্জ্যকর্মী নিয়োগে ২ হাজার  থেকে ২ লাখ টাকা থেকে পর্যন্ত লেনদেন হয়। ৫৫ শতাংশ বর্জ্যকর্মীর নিয়োগ হয় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে। স্বজনপ্রীতির মাধ্যমে ৪৬ শতাংশ, প্রভাবশালীর হস্তক্ষেপে ৪২ শতাংশ ও সরাসরি ঘুষের মাধ্যমে ১৪ শতাংশ বর্জ্যকর্মীর নিয়োগ হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার  সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক’ এ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির রিসার্চ ফেলো মো. নেওয়াজুল মওলা। জরিপে অংশ নেওয়া ৪৫টি জেলার ১৮১টি হাসপাতাল, ৩৮ সিটি করপোরেশন-পৌরসভা, ১২টি ঠিকাদারি প্রতিষ্ঠান ও ৯৩ জন বর্জ্যকর্মীর দেয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সূচনা বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, স্বাস্থ্য ও চিকিৎসার জন্য অপরিহার্য বিষয় হচ্ছে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা। এ খাতের সুরক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি বিবেচনায় রেখে আমাদের গবেষণা প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালগুলোতে বর্জ্যকর্মী নিয়োগে ১ থেকে ২ লাখ টাকা দুর্নীতি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা এই অর্থের ভাগ পান। সিটি করপোরেশন ও পৌরসভায় নিয়োগ পেতে একজন বর্জ্যকর্মীকে দিতে হয় ৫ হাজার থেকে ৬০ হাজার টাকা। মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে কর্মচারীরা এই অর্থ নেন।

 

আর ঠিকাদার প্রতিষ্ঠানে নিয়োগ পেতে বর্জ্যকর্মীদের দিতে হয় ২ হাজার থেকে ১০ হাজার টাকা।

হাসপাতালের কর্মীদের একাংশ আর্থিকভাবে লাভবান হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একইভাবে হাসপাতালের কর্মীদের একাংশ পুনঃচক্রায়নযোগ্য চিকিৎসা বর্জ্য (ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, ছুরি, কাঁচি, রক্তের ব্যাগ ও নল, ধাতব উপকরণ ইত্যাদি) নষ্ট/ধ্বংস না করে সংক্রমিত অবস্থাতেই ভাঙারি দোকানে এবং রিসাইক্লিং কারখানাগুলোতে বিক্রি করে দেন। সংক্রমিত অবস্থায় এসব বর্জ্য পরিবহন করার ফলে এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও রিসাইক্লিং কারখানার কর্মীদের বিভিন্ন সংক্রমক রোগে আক্রান্ত হওয়া এবং পরিবেশ দূষণের ঝুঁকি বৃদ্ধি পায়। একটি জেলার বিভিন্ন হাসপাতালের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিদিন প্রায় ৩ হাজার ৫০০ কেজি প্লাস্টিক চিকিৎসা বর্জ্য অবৈধভাবে বিক্রির অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে ৯টি সুপারিশ দিয়েছে টিআইবি। এর মধ্যে রয়েছে-প্রতিষ্ঠানগুলোর সমন্বয়, তদারকি ও তত্ত্বাবধান নিশ্চিত করতে ‘কর্তৃপক্ষ’ গঠন করতে হবে এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করতে হবে, আন্তর্জাতিক মানদ- অনুসরণ এবং সংশ্লিষ্ট অংশীজনের দায়িত্ব নির্দিষ্ট করে চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ সংশোধন করা, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় সুস্পষ্টভাবে চিকিৎসা বর্জ্যকে পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে সংজ্ঞায়িত করা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল, সিটি করপোরেশন/পৌরসভাসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে সমন্বয় করে কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা।

এছাড়া চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনের সক্ষমতা ও কার্যকরতা বৃদ্ধির জন্য এই ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে সরকারের পক্ষ থেকে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা, প্রত্যেক সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য ইটিপি ও এলাকভিত্তিক কেন্দ্রীয় ইনসিনারেটর স্থাপন, দক্ষ জনবল দিয়ে চিকিৎসা বর্জ্য পরিশোধন ও অপসারণ, চিকিৎসা বর্জ্যের ঝুঁকি সম্পর্কে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, চিকিৎসা বর্জ্যকর্মী এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সিটি করপোরেশন/পৌরসভায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদাভাবে জনবল নিয়োগ এবং যথাযথ প্রশিক্ষণ দেয়া ও চিকিৎসা বর্জ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যবিমা সুবিধা প্রদান করার সুপারিশ দেয়া হয়।

 

 

 

 

কুয়াকাটায় ২৩৮ বছরের প্রাচীন নৌকাটি পড়ে আছে অযত্নে অবহেলায়

খুলনাঞ্চল রিপোর্ট

কুয়াকাটা সৈকতের বুক চিরে জেগে ওঠা ২৩৮ বছরের পুরাতন প্রাচীন পালতোলা নৌকাটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা হয়নি গত ৯ বছরেও। ফলে অযত্ন আর অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক এ নিদের্শনটি। নৌকাটি ২০১৩ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন বেড়িবাঁধের পাশে স্থাপন করে। সেই থেকে এখনো অরক্ষিতই রয়ে গেছে। নেই রাত্রিকালীন আলোর ব্যবস্থা। তাই দ্রুত সময়ের মধ্যে প্রাচীন এ নৌকাটি যথাযথভাবে সংস্কার ও রক্ষণের দাবি জানিয়েছে পর্যটকসহ স্থানীয়রা।

জানা গেছে, পর্যটকদের ব্যাপক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ নৌকাটি ২০১২ সালে জেলেদের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে পূর্বদিকে বালুর বুক চিরে নৌকাটি তখন সামান্য বেড়িয়ে আসে। বাংলাদেশ সেনাবাহিনীর টেকনিক্যাল সহায়তায় বাংলাদেশ রেলওয়েকে সম্পৃক্ত করে ২০১৩ সালের ২৭শে ফেরুয়ারি রেললাইনে তুলে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে বৌদ্ধবিহারের পাশে প্রতিস্থাপন করা হয়। ৭২ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের নৌকাটির ওজন ৯০ টন। এই  নৌকাটি ২শ’ বছর বা তারও অধিক পুরনো। এটি রাখাইনদের তৈরি নৌকা হতে পারে বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দাবি।ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক মো. আল মামুন বলেন, নৌকাটি উদ্ধার করা হয়েছে গত প্রায় দশ বছর আগে। অথচ এখনো সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব হয়নি এটা দুঃখজনক। কুয়াকাটার কেরানীপাড়া রাখাইন নেতা উচাচিং মাতুব্বর বলেন, এই নৌকা তাদের পূর্বপুরুষরাই আরাকানে বসে তৈরি করেছে। এরপর এমন অন্তত ৫০টি নৌকাযোগে ১৫০টি পরিবার মিয়ানমারের আরাকান রাজ্য থেকে এসে ১৭৮৪ সালে বাংলাদেশের উপকূলীয় কুয়াকাটাসহ আশপাশের এলাকায় তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) এর সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, ২০১৩ সালে নৌকাটি সংরক্ষণ করলেও এটি যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। নৌকাটি কুয়াকাটা বিচ থেকে একটু দূরে কোথাও সংরক্ষণ করা হলে আরও একটি পর্যটন স্পট বাড়বে। নৌকাটি থেকে যেসব নিদর্শন পাওয়া গেছে তা কুয়াকাটায় সংরক্ষণ ও প্রদর্শনের দাবি জানান তিনি। খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বরত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, সংরক্ষণের কাজ চলমান রয়েছে।

 

প্যানেল মেয়র টিপু’র অপারেশন আজ: দোয়া প্রার্থনা আ’লীগের সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু’র গলায় সিস্ট হয়েছে। ঢাকার একটি বেসরকারী হাসপাতালে আজ বুধবার তার অপারেশন। দলীয় নেতাকর্মীসহ খুলনাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন তিনি।

তার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ

খবর বিজ্ঞপ্তি

শহীদ বুুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বুধবার বাদ মাগরীব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

আগামী ১৭ ডিসেম্বর নগরীর শীববাড়ী মোড় চত্বরে মহান বিজয় উপলক্ষে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করার লক্ষে সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব নগরীর নবপল্লি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের  পরিচালনায় বিশেষ কর্মীসভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. রাজিউল ইসলাম রাজু, মো. রুহুল আমিন হাওলদার, মো. জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মাওলা টিংকু, মো. কামরুল ইসলাম, মো. জিলহজ¦ হাওলাদার, মো. বুলবুল আহমেদ, মো. জাহাঙ্গীর হোসেন, এস এম আসিফ ইকবাল সবুজ, রাজিব হোসেন, রুপম তালুকদার, মো. জাহিদ হোসেন, ফাহিদ হোসেন ঐশ্যর্য, আসাদুল ইসলাম সানি,  আমিরুল ইসলাম বাবু, মো. দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম কাজল, রবিউল ইসলাম, মারুফ চৌধুরী রিমন, মো. জিল্লুর রহমান, মো. ইমরান শেখ, শেখ সাঈদ, মো. রফিক শেখ, রাজিব হোসেন, মো. আবু হানিফ, মো. কামরুল ইসলাম ইকবাল, মো. আনোয়ার হোসেন, হামিদা বেগম, সাকিব হাসান,  সুমন দত্ত, আব্দুল্লাহ আল মামুন পিয়াল, মুরাদ শেখ, মো. সোলাইমান, মো. আউয়াল, মিলন গাজী, ওমর ফারুক, মো. ফরিদুজ্জামান, শেখ হারুন, মো. ইমরান হোসেন, জাহিদ শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির  স্মরণ সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ০৯.০০ টায় প্রয়াত আবু মহম্মদ ফেরদাউস, এম নুরুল ইসলাম দাদু ভাই, আলহাজ্ব লিয়াকত আলী, এ্যাড. কাজী আব্দুস সালাম, এ্যাড. ফিরোজ আহমেদ ও আরজুল ইসলাম আরজু সহ প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করা হয়। সন্ধ্যা ০৬.০০ টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রয়াত নেতৃবৃন্দের অবদানের কথা স্মৃতিচারণ করেন। আলোচনা সভার পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে ও মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন-সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মোঃ নিজাম-উর রহমান লালু, অধ্যাপক মোঃ আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, মিনা আজিজুর রহমান, মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, মোঃ খলিলুর রহমান,, সরদার রবিউল ইসলাম রবি, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, আফজাল হোসেন রাজু, এ্যাড. আবুল কাসেম, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, আতিয়ার রহমান ও প্রমিতি দফাদার প্রমূখ।

 

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১১০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৭১/২, বড় বয়রার আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩২), খুলনা জেলার ডুমুরিয়া থানার শোভনা গ্রামের  মো. জুলফিকার আলী খানের ছেলে মো. জাহিদুল ইসলাম খান (২৮), টিপনা গ্রামের শেখ রেজাউল করিমের ছেলে মো.   বোরহান পারভেজ (২০) ও  পাইকগাছা থানার বেতবুনিয়া গ্রামের মো. মনিরুদ্দিন ফকিরের ছেলে  মো. হুশিয়ার রহমান ফকির (৪১)।

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান,  গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১১০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

 

দাকোপে র‌্যাবের অভিযানে তক্ষকসহ দু’পাচারকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার দাকোপ থানাধীন বাজুয়া এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক উদ্ধারসহ দু’পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ১২ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু’পাচারকারী হলেন খুলনা জেলার দাকোপ থানা এলাকার দিপক বিশ্বাস (৩৭) ও বাগেরহাট জেলার মোংলা থানা এলাকার সুবেন্দু সরদার (৪৭)।

র‌্যাব-৬ জানায়, তক্ষক দক্ষিণ এশিয়ায় বিলুপ্তপ্রায় একটি প্রাণী। তক্ষক সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়। এশিয়ান প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক বিভিন্ন চিকিৎসার ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশের গ্রাম বাংলার জঙ্গলে টিকিটিকির মতো দেখতে প্রাণীটি কোটি কোটি টাকায় বিভিন্ন দেশে অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকেদাকোপ থানাধীন বাজুয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় বিলুপ্ত প্রজাতির একটি তক্ষকসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত তক্ষক এবং আসামীদের স্টেশন কর্মকর্তা, ঢ্যাংমারি স্টেশন, পূর্ব সুন্দরবন বনবিভাগ, দাকোপ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

খুলনা মহানগর জাতীয় শ্রমিক লীগের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা

খবর বিজ্ঞপ্তি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর এর অধীনে যে সকল কমিটি আছে থানা, ওয়ার্ড কমিটি, ইউনিট, ইস্টার্ন, মহিলা ও যুব কমিটি এবং  খুলনা মহানগর ইজি বাইক শ্রমিক লীগ কমিটি, খুলনা মহানগর পেশাজীবী শ্রমিক লীগ কমিটি, খুলনা মহানগর অটো রিক্সা শ্রমিক লীগ কমিটি ও খুলনা মহানগর হুকার শ্রমিক লীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আজম খসরুর স্বাক্ষরিত নবগঠিত খুলনা মহানগর আহবায়ক কমিটির আহবায়ক  মো. হারুন অর রশিদ ও সদস্য সচিব  মো. আসাদুজ্জামান আসাদের মঙ্গলবার (১৩ ই ডিসেম্বর) স্বাক্ষরিত এক  প্রেস বিভক্তিতে এ তথ্য জানানো হয়েছে।