Home আঞ্চলিক কুয়াকাটায় ২৩৮ বছরের প্রাচীন নৌকাটি পড়ে আছে অযত্নে অবহেলায়

কুয়াকাটায় ২৩৮ বছরের প্রাচীন নৌকাটি পড়ে আছে অযত্নে অবহেলায়

9

খুলনাঞ্চল রিপোর্ট
কুয়াকাটা সৈকতের বুক চিরে জেগে ওঠা ২৩৮ বছরের পুরাতন প্রাচীন পালতোলা নৌকাটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা হয়নি গত ৯ বছরেও। ফলে অযত্ন আর অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক এ নিদের্শনটি। নৌকাটি ২০১৩ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন বেড়িবাঁধের পাশে স্থাপন করে। সেই থেকে এখনো অরক্ষিতই রয়ে গেছে। নেই রাত্রিকালীন আলোর ব্যবস্থা। তাই দ্রুত সময়ের মধ্যে প্রাচীন এ নৌকাটি যথাযথভাবে সংস্কার ও রক্ষণের দাবি জানিয়েছে পর্যটকসহ স্থানীয়রা।

জানা গেছে, পর্যটকদের ব্যাপক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ নৌকাটি ২০১২ সালে জেলেদের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে পূর্বদিকে বালুর বুক চিরে নৌকাটি তখন সামান্য বেড়িয়ে আসে। বাংলাদেশ সেনাবাহিনীর টেকনিক্যাল সহায়তায় বাংলাদেশ রেলওয়েকে সম্পৃক্ত করে ২০১৩ সালের ২৭শে ফেরুয়ারি রেললাইনে তুলে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে বৌদ্ধবিহারের পাশে প্রতিস্থাপন করা হয়।

৭২ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের নৌকাটির ওজন ৯০ টন। এই নৌকাটি ২শ’ বছর বা তারও অধিক পুরনো। এটি রাখাইনদের তৈরি নৌকা হতে পারে বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দাবি।ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক মো. আল মামুন বলেন, নৌকাটি উদ্ধার করা হয়েছে গত প্রায় দশ বছর আগে। অথচ এখনো সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব হয়নি এটা দুঃখজনক। কুয়াকাটার কেরানীপাড়া রাখাইন নেতা উচাচিং মাতুব্বর বলেন, এই নৌকা তাদের পূর্বপুরুষরাই আরাকানে বসে তৈরি করেছে। এরপর এমন অন্তত ৫০টি নৌকাযোগে ১৫০টি পরিবার মিয়ানমারের আরাকান রাজ্য থেকে এসে ১৭৮৪ সালে বাংলাদেশের উপকূলীয় কুয়াকাটাসহ আশপাশের এলাকায় তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) এর সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, ২০১৩ সালে নৌকাটি সংরক্ষণ করলেও এটি যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। নৌকাটি কুয়াকাটা বিচ থেকে একটু দূরে কোথাও সংরক্ষণ করা হলে আরও একটি পর্যটন স্পট বাড়বে। নৌকাটি থেকে যেসব নিদর্শন পাওয়া গেছে তা কুয়াকাটায় সংরক্ষণ ও প্রদর্শনের দাবি জানান তিনি। খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বরত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, সংরক্ষণের কাজ চলমান রয়েছে।