ঢাকা অফিস।।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নাইকো দুর্নীতির মামলায় অব্যাহতির আবেদনের শুনানির জন্য শেষবারের মতো সময় দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী অসুস্থ থাকায় শুনানি পেছানোর জন্য সময় আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শেষবারের মত আগামী ১৭ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেন। এ ছাড়া ওই দিনে শুনানি না করলে আদালত চার্জশুনানি সমাপ্ত ঘোষণা করে চার্জগঠনের বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত আদালতে খালেদা জিয়ার পক্ষে এ শুনানির কথা ছিল। এ সময় আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সময় আবেদন করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এ মামলার অপর দুই আসামি মওদুদ আহমদ ও এ কে এম মোশাররফ হোসেন মারা গেছেন।











































