Home আঞ্চলিক খুলনায়  তৃতীয় শ্রেনীতে একই ছাত্রী ৯ স্থানে চান্স পাওয়ায় তোলপাড়

খুলনায়  তৃতীয় শ্রেনীতে একই ছাত্রী ৯ স্থানে চান্স পাওয়ায় তোলপাড়

24

 

স্টাফ রিপোর্টার।।

খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছে যে এমন এক ছাত্রী যার নাম এক এক জায়গায় এক এক রকম হলেও পিতা-মাতা উভয়ের নাম একই। তবে জন্ম নিবন্ধন নম্বরও ভিন্ন ভিন্ন। লটারীর মাধ্যমে ভর্তির কারণে এমন প্রতারণার আশ্রয় নেয়ার সুযোগ পাওয়া গেলো বলেও মনে করছেন কোন কোন অভিভাবক। সোমবার সন্ধ্যায় লটারীর ফলাফল প্রকাশের পর বিষয়টি দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে বেশ সমালোচনার ঝড় ওঠে।

সংশ্লিষ্ট সূত্র মতে, সারা দেশের ন্যায় খুলনার ১১টি সরকারি স্কুলে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সোমবার বিকেল পাঁচটার পর। লটারির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ওই ফলাফলে দেখা যায়, মাত্র দু’টি ছবি ব্যবহার করে একটি মেয়ে করোনেশনের প্রাত:শাখায় আট জায়গায় এবং দিবা শাখায় এক জায়গায় অর্থৎ মোট নয় স্থানে চান্স পেয়েছে। মেয়েটির পিতার নাম দেয়া হয় অনিরুদ্ধ সরদার ও মায়ের নাম নিপা রায়। ছাত্রীর নাম কোথাও অনিন্দিতা সরদার আশি কোথাও অংকিতা সরদার নির্ঝ আবার কোথাও অংকিতা সরদার আশি দেয়া হয়। এভাবে ভিন্ন ভিন্ন নাম ও ভিন্ন জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করা হয় আবেদন ফরমে।

প্রাত:শাখার ফলাফল সীটের সিরিয়াল নম্বর ১৯, ৩২, ৩৭, ৮১, ৮২, ৯০, ৯৩ ও ১০৮ নম্বর এবং দিবা শাখার সিরিয়াল নম্বর ২৫ এ ওই ছাত্রীর নাম রয়েছে। অর্থাৎ ঘোষিত ফলাফল সীটে দেখা যায় অংকিতা নামের ওই ছাত্রী শুধুমাত্র করোনেশনেই প্রাত:শাখায় আট স্থানে ও দিবা শাখায় এক স্থানে অর্থাৎ মোট নয় স্থানে চান্স পেয়েছে নামের কিছুটা ভিন্নতা ও জন্ম নিবন্ধন ভিন্ন ভিন্ন ব্যবহার করে।

এছাড়া পিতা-মাতার মোবাইল নম্বরও ব্যবহার করা হয় দু’টি। এক জায়গায় মোবাইল নম্বর দেয়া হয় ০১৩১১-৩৩৩০২১ আবার অপর ফরমে নম্বর দেয়া হয় ০১৭৮৮-৬৫৬৬৪৪। যদিও গতরাতে এ ঘটনা জানাজানি হওয়ার পর উক্ত দু’টি নম্বরে রিং করে প্রথম নম্বরটি বন্ধ পাওয়া গেলেও ০১৭৮৮-৬৫৬৬৪৪ নম্বরের মোবাইলটি রিসিভ করে নিজের নাম নিপা বললেও তার মেয়ে করোনেশন স্কুলে ৫ম শ্রেণিতে পড়ে বলে জানান। তবে তার মোবাইলটি কিভাবে ভর্তির ফরমে আসলো সে সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান। অবশ্য তার ৫ম শ্রেণির মেয়েটি নগরীর মির্জাপুর রোডের একটি কোচিং সেন্টারে পড়ে বলেও তিনি জানান।

যেসব অভিভাবক এমনটি করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন অনেকে। কেউ কেউ বলেন, শুধু  ওই অভিভাবক জড়িত তাই নয়, বরং এর সাথে সংশ্লিষ্ট কাউন্সিলর অফিসের যে বা যারা একাধিক জন্ম নিবন্ধন দিয়ে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিত। একই ব্যক্তির নামে একাধিক জন্ম নিবন্ধন কিভাবে দেয়া হলো সেটিও খতিয়ে দেখতে হবে।

এ ব্যাপারে খুলনার জেলা প্রশাসক ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি খন্দকার ইয়াসির আরেফীন গনমাধ্যমকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অবশ্য কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এমনটি করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

খুলনা সরকারি করোনেশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকামী মাকসুদা বলেন, বিষয়টি আজকের খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের মিটিংয়ে জেলা প্রশাসককে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া এটি তিনি আজ মঙ্গলবার মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককেও জানাবেন। এরপর উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকেই ব্যবস্থা নেয়া হবে।