Home খেলাধুলা হঠাৎ ফুটবলকে বিদায় বললেন পিকে

হঠাৎ ফুটবলকে বিদায় বললেন পিকে

8

স্পোর্টস ডেস্ক।।

ফুটবল থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন বার্সেলোনা ও স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আকস্মিক এ ঘোষণা দেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। আগামীকাল শনিবার আলমেরিয়ার বিপক্ষে নিজের শেষ ম্যাচটি খেলবেন বলে জানিয়েছেন পিকে।

চার বছর আগে বিস্ময় জাগিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন পিকে। ঠিক তেমনি বৃহস্পতিবার আচমকা বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি প্রকাশ করেছেন পিকে, সেখানে তিনি বলেন, ‘২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেওয়ার। আমি চলে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আপনারা, আমাকে সবকিছু দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় বলেছি, বার্সার পর আমার ক্যারিয়ারে আর কোনো দল থাকবে না এবং সেটাই হবে। এই শনিবার ক্যাম্প ন্যুতে আমার শেষ ম্যাচ।’

বার্সাকে সবসময় সমর্থন করে যাবেন বললেন স্পেনের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার, ‘আমি একজন নিয়মিত ভক্ত হবো। দলকে সমর্থন দিবো। বার্সার জন্য ভালোবাসা আমি আমার বাচ্চার মধ্যে বপণ করবো, যেভাবে আমার পরিবার আমার মধ্যে করেছিল।’

বার্সেলোনায় সিনিয়র দলে ক্যারিয়ার শুরু ২০০৮ সালে। এই সময়ে ৬১৫ ম্যাচ খেলে করেছেন ৫২ গোল। কাতালানদের সঙ্গে ৮টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগসহ ৩০টি ট্রফি জিতেছেন। এছাড়া ইংল্যান্ডে ম্যানইউর সঙ্গে একটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ ট্রফিও জেতেন তিনি। আর জাতীয় দলের হয়ে ২০১০ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের ইউরোপ চ্যাম্পিয়ন হন পিকে।