Home খেলাধুলা লিটনের পা পিছলে হোঁচট বাংলাদেশের

লিটনের পা পিছলে হোঁচট বাংলাদেশের

8

ইয়াসিন হাসান, অ‌্যাডিলেড থেকে ||
সেদিন সোহান ডাগআউটে ছিলেন। ২০১৬ সালের ২৩ মার্চ। হার্দিকের বল শুভাগত মিস করার পর প্রান্ত বদলের সময় মোস্তাফিজের রান আউটে হৃদয় ভেঙেছিল বাংলাদেশের। বেঙ্গালুরুতে বিশ্বকাপ মঞ্চে ভারত বধের কাব‌্য রচনা করতে গিয়েও ১ রানে পারেনি বাংলাদেশ।

সেই ভূত ছয় বছর পর বাংলাদেশ ফেরালো অ‌্যাডিলেড ওভালে। এবার সোহান নিজে ২২ গজে। বৃষ্টি আইনে ১৬ ওভারে ১৫১ রানের টার্গেটে নেমে আসা ম‌্যাচে হয় নানা পালাবদল। পেণ্ডুলামের মতো ঝুলতে থাকা ম‌্যাচ কখনো ভারতের কোর্টে। কখনো বাংলাদেশের। সোহানের হিরো হওয়ার সুযোগ ছিল। শেষ বলে দরকার ৭ রান। একটা ছক্কা হলেই ম‌্যাচটা সুপার ওভারে গড়াত।

কিন্তু ভারতের নতুন পেস সেনসেশান অর্শদ্বীপের ইয়র্কারে সোহান ১ রানের বেশি নিতে পারলেন না। সেদিন ডাগআউটে চোখের পানি ফেলা সোহান এবার হার মানলেন ৫ রানে। হারলো বাংলাদেশও। সঙ্গে সেমিফাইনাল খেলার স্বপ্নও কঠিন করে ফেললো। শেষ ম‌্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারালে (বিশাল ব‌্যবধানে) এবং ভারত জিম্বাবুয়ের কাছে হারলে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে। কাছে গিয়ে বারবার হৃদয় ভাঙে বাংলাদেশের। এবার আরও একবার ভাঙলো। সঙ্গে যোগ হলো বেদনাবিধুর রচনা।

তবে এই হারে সবচেয়ে বড় ধাক্কাটা হজম করেছেন বুঝি লিটন দাসই। বৃষ্টির আগে অ‌্যাডিলেডে ভারতকে তুলোধুনো করে যে ঝড় তুলেছিলেন তাতে রোহিত, বিরাটদের মুখের দিকে তাকানোও যাচ্ছিল না। চার-ছক্কার ফুলঝুরিতে ২৬ বলে ৫৯ রান করেছিলেন। ৭ চার ও ৩ ছক্কায় ভারতের গ‌্যালারির ‘জিতেগা ভাই জিতেগা’ স্লোগান বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু বৃষ্টির পর তার পা পিছলে রান আউটে ম‌্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ।

 

লিটনের টর্নেডো ইনিংসের পর ছন্দ হারায় বাংলাদেশ। মুহূর্তেই শান্ত, আফিফ, সাকিব, ইয়াসির ও মোসাদ্দেক বড় শট খেলতে গিয়ে আত্মসম্পর্ণ করে ফেরেন সাজঘরে। ভারতের শারীরিক ভাষায় প্রতিটি আউটের পর যে জৌলুস, তেজ, জাঁজ ছিল তাতে বোঝা যাচ্ছিল ম‌্যাচটা কোনোভাবেই তারা হারতে চায় না। অথচ বৃষ্টির পর ৫৪ বলে ৮৫ রানের সহজ সমীকরণও বাংলাদেশ মেলাতে পারেনি। ম‌্যাচ হারের পর সাকিব আল হাসান নিজেদেরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ‘এরকম কন্ডিশনে হাতে ১০ উইকেট রেখে বেশিরভাগ দলই এই লক্ষ্য তাড়া করত। দুর্ভাগ্যবশত আমরা করতে পারিনি। আমরা কাছাকাছি গিয়েছিলাম। তবে সেটা যথেষ্ট ছিল না।’

২০১৬ সালের বেঙ্গালুরু হারের ক্ষত এই দলের সাকিব, মোস্তাফিজ, সোহান বয়ে বেড়াচ্ছেন। আজ তাদের নামের পাশে যুক্ত হলো অ‌্যাডিলেডের দুঃস্মৃতি। তবে শেষ বল পর্যন্ত ম‌্যাচে থাকায় সাকিব খুশি, ‘২০১৬ বিশ্বকাপের মতোই ম্যাচটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এতেই আমি খুশি।’

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ডাক ওয়ার্থ লুইস আইনে বাংলাদেশ ১৭ রানে এগিয়ে ছিল। খেলা শুরু না হলে ওই রানেই জিতে যায় বাংলাদেশ। কিন্তু খেলা চালু করার জন‌্য আয়োজকদের তোড়জোর ছিল চোখে পড়ার মতো।

মুষলধারে বৃষ্টিতে মাঠ ভিজেছিল। বৃষ্টি থামার আগেই গ্রাউন্ডসম‌্যানরা দুই ট্রলিতে রশি বেঁধে পানি সরিয়েছেন। ৫২ মিনিট খেলা বন্ধ থাকার পর যখন খেলা শুরু হলো তখনও মাঠ ভেজা ছিল বলে জানা গেছে। ক্রিজ ঢাকতে কেবল দুই স্তরের ত্রিপল ব‌্যবহার করা হয়েছিল। সেই ত্রিপলও সরানো হয় যখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আধুনিক পানি নিষ্কাশনের ব‌্যবস্থা থাকায় অ‌্যাডিলেড ওভালের সবুজ গালিচা থেকে পানি সরতে বেশি সময় নেয় না। কিন্তু মাঠে ঠিকই পানি ছিল।

মাঠ ভেজা নিয়ে সাকিব খেলা শুরুর আগেই দুই আম্পায়ারের সঙ্গে কথা বলেন। ঘাষে হাত বুলিয়ে দেখিয়ে দেন মাঠে পানি আছে। আম্পায়াররা সাকিবের কথায় কান-ই দেননি। সাকিব সূর্যকুমার যাদব, রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও ভেজা মাঠ দেখান। কিন্তু তাদের মুখের হাসিতে আড়াল হয়ে যায় সাকিবের খেলা শুরু না করার ‘নীরব প্রতিবাদ।’

খেলা শুরু হওয়ার পর দ্বিতীয় বলেই লিটন রান নিতে গিয়ে পা পিছলে পড়ে যান। রাগে নিজের গ্লাভস ছুঁড়ে মারেন লিটন। ড্রেসিংরুম থেকে ফিজিও এসে তার হাতে স্প্রে করে সতেজ করে তোলেন। পরবর্তীতে ওই ঘাসের ওপর দিয়েই দুই রান নিতে গিয়ে হোঁচট খেয়ে রান আউট।

সাকিব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভেজা মাঠকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি। বরং লিটনকেই সচেতনতা দেখানোর কথা বললেন, ‘যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে মাঠ অবশ্যই পিচ্ছিল ছিল। সাধারণত এ ধরনের কন্ডিশনের সঙ্গে ব্যাটিং দল সহজে মানিয়ে নিতে পারে। আমরা পারিনি। এটাকে অজুহাত বানাতে চাই না।’

‘লিটনের দুই বার পিছলে পড়ার কথা বলা হলো। আমি জানি না ও কোন দিক দিয়ে দৌড়াচ্ছিল। যদি ঘাসের ওপর দিয়ে দৌড়িয়ে থাকে, তাহলে ওর উচিত ছিল প্রথমবার পিছলে পড়ার পর সতর্ক হওয়া ও পিচের পাশ দিয়ে দৌড়ানো।’