শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মুরগীর খোপ থেকে ১৫ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের বিশাল একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ২৪ আগষ্ট বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা মডেল বাজার চরপাড়া গ্রামের বেল্লাল খাঁনের হাঁসের খোপ থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
ভিটিআরটি টিমের সদস্য মো. জাকারিয়া হোসাইন জানান, সুন্দরবনের পাশের গ্রাম সোনাতলা মডেল বাজার চরপাড়া গ্রামের বেল্লাল খাঁন ও তার স্ত্রী সকালে হাসের খোপ খুলতে গেলে অজগরটি দেখতে পায়। পরে তারা ভিটিআরটি টিমকে খবর দিলে আছাদুল মাতুব্বর, শাহাদাৎ হাওলাদার, ওয়াইল্ড টিমের আলম হাওলাদারের সহযোগীতায় সাপটি উদ্ধার করা হয়। অজগরটি ৩টি হাঁস খেয়ে ফেলেছে বলে তারা জানান। পরে শরনখোলা স্টেশন এলাকার সুন্দরবনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।
শরণখোলা ষ্টেশন কর্মকর্তা আছাদুজ্জামান জানান, সুন্দরবন সংলগ্ন সোনাতলা মডেল বাজার এলাকা থেকে ১৫ ফুট লম্বা ২০ কেজি ওজনের অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। খাদ্যের সন্ধানে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়া বিভিন্ন গ্রাম থেকে গত ১ বছরে শতাধিক অজগর উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে তা সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।









































