খুলনাঞ্চল ডেস্ক।।
মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ভারতের তেলেঙ্গানার বিজেপির বিধায়ক টি. রাজা সিংকে আটকের একদিন পর জামিন দেওয়া হয়েছে। ধর্মের নামে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গতকাল মঙ্গলবার তাকে আটক করা হয়। পরে আজ বুধবার তাকে জামিন দিয়েছেন ভারতের একটি আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পুলিশি হেফাজতে রাখার আবেদন প্রত্যাখ্যান করে বিধায়ক টি. রাজা সিংকে জামিন দিয়েছেন আদালত। টি. রাজা সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ধর্মীয় অনুভূতিকে আহত করার জন্য ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের অবমাননার দায়ে মামলা হয়েছিল। একপর্যায়ে ব্যাপক সহিংসতার পর আটক হলে তাকে দল থেকে বরখাস্তের ঘোষণা দেয় বিজেপি।
গত সোমবার রাতে শহরের পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিসের সামনে এবং হায়দরাবাদের অন্য অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)-এর একদল বিধায়ক এবং গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশনের করপোরেটররা থানায় গিয়ে টি. রাজা সিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হায়দরাবাদের বিক্ষোভকারীরা বলেন, রাজা সিং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। তার গ্রেপ্তারের দাবিতে সেখানকার বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের হেফাজতে নেওয়া হয়। পরে তাদের বিভিন্ন থানায় স্থানান্তর করা হয়।
এআইএমআইএম’র প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেন, ‘মানুষ ক্ষুব্ধ। লোকজনের চোখে পানি। কেন তারা নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে এমন কথা বলছে? আমাদের দাবি, বিজেপির এসব করা বন্ধ করা উচিত। লোকজন দেখতে পাচ্ছে, আপনারা নবীকে কতটা ঘৃণা করেন।’
উল্লেখ্য, কয়েক মাস আগে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। মধ্যপ্রাচ্যে ভারতীয় পণ্য বর্জনেরও ডাক আসে। সমালোচনার মুখে ওই সময়ে নূপুর শর্মাকে বহিষ্কারের ঘোষণা দেয় বিজেপি।
ওই ঘটনার কয়েক মাসের মাথায় ফের মুসলমানদের নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আরেক বিজেপি নেতা। বিতর্ক ছড়িয়ে পড়লে নূপুর শর্মার মতো টি. রাজা সিংকেও বরখাস্তের ঘোষণা দেয় বিজেপি। তবে ওই ঘোষণার পরও বুধবার জামিন পাওয়ার পর পার্টি অফিসে তাকে বীরের মতো স্বাগত জানানো হয়।










































