কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে মুক্তিযুদ্ধের সময়কার মর্টারশেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মর্টারশেলটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ দল। এ সময় বিকট শব্দে বিস্ফোরিত হয় মর্টার শেলটি।
স্থানীয়রা জানান, গত দুই দিন আগে ঈশ্বরবা গ্রামের আব্দুল কাদেরের বাড়ির পেছনে স্থানীয়রা মর্টারশেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সেটি উদ্ধার করে।
ওই এলাকায় মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। মর্টারশেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা স্থানীয়দের।
কালীগঞ্জ থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা জানান, গত ১৪ জুন উপজেলার ঈশ্বরবা গ্রামে মর্টারশেলটি দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর সেটি উদ্ধার করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল এসে বৃহস্পতিবার দুপুরে সেটি নিষ্ক্রিয় করেন। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। নিষ্ক্রিয় করার নেতৃত্ব দেন যশোর ৫৫ পদাতিক ডিভিশনের মেজর আরিফুর রহমান।
তিনি আরও জানান, মর্টারশেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।











































