খুলনাঞ্চল ডেস্ক।।
ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গাসম বলেছে, আগামীকাল শনিবার (২১ মে) থেকেই রাশিয়া সে দেশে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। ফিনল্যান্ড সম্প্রতি রাশিয়ার চাহিদামতো সে দেশের মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকার করেছিল। তবে দেশটি ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর এ গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিল রাশিয়া। খবর বিবিসি।
ফিনল্যান্ডের রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থা গাসম রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করে। শনিবার (২১ মে) সেই আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে বড় বড় সংস্থার ওপর। প্রাকৃতিক গ্যাস নির্ভর বড় বড় শিল্পসংস্থা নেসটে, মেটসা উৎপাদন চালু রাখতে তাই বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছে।
ফিনল্যান্ডের প্রাকৃতিক গ্যাসের চাহিদার অনেকটাই পূরণ করে পার্শ্ববর্তী দেশ রাশিয়া। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে ফিনল্যান্ডের প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হবে বলে মনে করা হচ্ছে। যদিও গ্রাহকদের আশ্বস্ত করে গাসম জানিয়েছে, কোনো পরিষেবা বিঘ্নিত হবে না। বাল্টিককানেক্টর পাইপলাইন থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করে সরবরাহ স্বাভাবিক রাখা হবে।
তবে দেশটি বলেছে, গ্যাস সরবরাহের এ সমস্যা তারা মোকাবিলা করতে পারবে। গ্যাস ফিনল্যান্ডের মোট জ্বালানি খরচের এক-দশমাংশেরও কম। ফিনিশ রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গাসম বলেছে, এ পদক্ষেপ দুঃখজনক। তবে গ্রাহকদের জন্য কোনো সমস্যা হবে না।
এ রকম একটা পরিস্থিতি যে তৈরি হতে চলেছে তার আভাস বুধবারই পায় গাসম। রাশিয়ার সরকারি সংস্থা গ্যাজপ্রম গত এপ্রিলে ফিনল্যান্ড, পোল্যান্ড এবং বুলগেরিয়াকে রুশ মুদ্রা রুবেলে অর্থ মেটাতে বলে। তাতে আপত্তি জানায় ফিনল্যান্ড। তার দুদিন পরই এই সিদ্ধান্ত নিল রাশিয়া।
আরও পড়ুন:পুরুষ সেজে প্রতারণার অভিযোগে যশোরে তরুণীকে গ্রেফতার
বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে গ্যাজপ্রম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ফিনল্যান্ডে প্রতিদিন গড়ে প্রায় ৩২ লাখ কিউ মিটার গ্যাস রপ্তানি করেছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ইউরোপের কয়েকটি দেশ বিশেষ করে রাশিয়ার প্রতিবেশী দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। যার জেরে তারা ন্যাটোতে যোগ দিতে আগ্রহী হয়ে উঠেছে। গত সপ্তাহে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং প্রধানমন্ত্রী সানা মারিন বলেছিলেন, কোনো দেরি না করে ফিনল্যান্ড এখনই পশ্চিমা প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করবে।
আরও পড়ুন: কাজল রেখা সিনেমা নিয়ে ব্যস্ত মন্দিরা
গাসম এর সিইও মিকা উইলজানেন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে, আমাদের সরবরাহ চুক্তির অধীনে থাকা প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করা হচ্ছে। তবে আমরা এ পরিস্থিতির জন্য সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলাম। গ্যাস সঞ্চালন নেটওয়ার্কে কোনো বিঘ্ন না ঘটলে আমরা আগামী মাসে সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।
গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেন, এটা স্পষ্ট যে কেউ বিনামূল্যে কিছু দেবে না। এর আগে রাশিয়া ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেয়।











































