রূপসা প্রতিনিধি।।
খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েই চলেছে। গত ২৫ এপ্রিল সরকারি বঙ্গবন্ধু কলেজের মেধাবী ছাত্রী যুথি রানী পাল রূপসা উপজেলার আলাইপুর বাজারে অবৈধ ট্রলির চাপায় নিহত। চারদিনের ব্যবধানে ২৯ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ছোট ব্রীজের কাছে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদ নিহত হয়েছেন।
নিহত খন্দকার ফিরোজ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে।পুলিশ ট্রাক চালককে আটক করতে পারেনি। তবে সহকারীকে আটক করা হয়েছে।
রূপসা থানার এস আই মো: তারেক রহমান জানান, খন্দকার ফিরোজ আহমেদ রূপসা উপজেলায় আরআরএফ নামে একটি এনজিও এর বিজনেস ডেভলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চলতি মাসে তিনি রূপসা শাখায় যোগদান করেন। সকালের দিকে দিকে তিনি অফিসের দিকে যাচ্ছিলেন। সাড়ে ১০ টার দিকে তিনি আলাইপুর ছোট ব্রীজের নিকট পৌছালে
বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাক যার নং খুলন মেট্রো ট- ১১-০৪২৩ তাকে চাপা দেয়।
এ সময় ট্রাকের একটি চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থালেই মারা যান। লাশ উদ্ধার করে থানা নেওয়া হয়। উত্তেজিত জনতা ধাওয়া দিলে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ট্রাক চালককে আটক করতে না পারলেও ঘটনাস্থল থেকে হেলপারকে আটক করা হয়। গণধোলাই দিয়ে তাকে পুলিশের নিকট দেওয়া হয়। পুলিশ তাকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।











































