Home জাতীয় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: স্বপ্ন বুননের আগেই বিধবা ডালিয়া

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: স্বপ্ন বুননের আগেই বিধবা ডালিয়া

20

আসাদুজ্জামান ইমন, ঢাকা।।
আট মাসে আগে বিয়ে হয়েছিলো ডালিয়ার। স্বামী নাহিদকে নিয়ে ছোট্ট সংসার। ভালোই যাচ্ছিলো দিন। কিন্তু সুখের স্বপ্ন বুননের আগেই বিধবা হতে হলো তাকে। নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুরিয়ার সার্ভিসে কর্মরত নাহিদ। একদিন আগেও স্বামীর ভালোবাসায় উচ্ছ্বাসিত ডালিয়ার জীবনটাই যেন এখন এলোমেলো।

দিশেহারা ডালিয়ার এখন স্বামীর ফটো এ্যালবামই বেঁচে থাকার একমাত্র সম্বল। সরেজমিনে কামরাঙ্গিরচর নাহিদের বাসায় কথা বলতে গেলে, কান্নায় ভেঙে পড়েন তার মা, স্ত্রীসহ আত্মীয়রা। মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্যে পড়েন নাহিদ। বিক্ষোভকারীদের বেধড়ক মারধরে জ্ঞান হারিয়ে দীর্ঘ সময় রাস্তায় পড়েছিলেন। পরে এক ব্যক্তি আহত অবস্থায় নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। নিয়তির পরিণতি এভাবে হবে ভাবেননি ডালিয়া।

নাহিদের উপরই ছিলো বাবা-মা, দুই ভাই-বোন এবং স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব। সেই নাহিদের মৃত্যুতে শোকের সঙ্গে সংসারের ঘানি কে টানবে এমন আশঙ্কাও ভর করেছে পরিবারটিতে। তবে সন্তান হত্যার বিচার চাইলেও কোনো মামলা করবেন বলে জানিয়েছেন নিহত নাহিদের মা নারগিস বেগম। নাহিদের পরিবার প্রায় আট থেকে দশ লাখ টাকা দেনা রয়েছেন। নাহিদের মৃত্যুতে এসব টাকা কিভাবে পরিশোধ করবে তার পরিবার সেই আশঙ্কা প্রকাশ করেছেন প্রতিবেশীরাও।

নাহিদের পরিবারকে আর্থিক সহযোগিতা করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। নিরাপরাধ নাহিদের হত্যার সুষ্ঠু বিচার হবে এবং নিহতের পরিবারের পাশে দাঁড়াবে সরকার এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।