Home আঞ্চলিক চৌগাছায় ই-কমার্সের নামে দুই কোটি টাকা আত্মসাৎ

চৌগাছায় ই-কমার্সের নামে দুই কোটি টাকা আত্মসাৎ

35

যশোর অফিস।।
যশোরের চৌগাছায় ই-কমার্সের নামে অর্ধশত গ্রাহকের প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। মঙ্গলবার চৌগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা ফটোকপি ব্যবসায়ী আব্দুর রশিদ রাজু বলেন, ইউনিক ওয়ার্ল্ড লিমিটেড নামের ই-কমার্স প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকার মালিবাগ রেলগেট এলাকার আয়েশা কমপ্লেক্সে। ৬৪ জেলায় সুপারশপ, রেস্টুরেন্ট, কোমলপানীয় প্রতিষ্ঠান, জুতার কারখানা ইত্যাদি প্রতিষ্ঠা করে সেখান থেকে আমাদের লভ্যাংশ দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তারা চৌগাছা শহরের মেইন বাসস্ট্যান্ডে পুরাতন সোনালী ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় ইউনিক মার্ট ও ইউনিক রেস্টুরেন্ট নামে দুটি প্রতিষ্ঠান খুলে বসে। ভুক্তভোগীদের অভিযোগ, কোম্পানির চৌগাছার ইউনিক মার্ট সুপারশপ ও ইউনিক রেস্টুরেন্টের মাধ্যমে বিভিন্ন গ্রামের গ্রাহকের প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— রহমত আলী সেতু, ফয়সাল আহমেদ, হাসিবুল হাসান শান্ত, নাজমুল কবীর, জিহাদ হোসেন, আমীর হামজা ও রেজওয়ান ইসালম। ভুক্তভোগীরা জানান, তাদের পাওনা টাকার বিপরীতে বিভিন্ন অঙ্কের চেক দিয়েছিল কোম্পানিটির কর্মকর্তারা। তবে সেসব হিসাবে কোনো টাকা নেই। এরই মধ্যে উকিল নোটিশ পাঠানো হলেও তাদের স্থায়ী ঠিকানায়ও কাউকে পাওয়া যায়নি। চৌগাছার যারা কোম্পানিটির সঙ্গে জড়িত ছিল, তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে এবং মোবাইল ফোন বন্ধ রেখেছে। এ ছাড়া কোম্পানিটির ঢাকা কার্যালয়ে কোম্পানির চেয়ারম্যান নুরুজ্জামান হীরা, ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, অ্যাডমিন ডিরেক্টর মাসুদ রানা, চৌগাছা উপজেলা কর্মকর্তা ফয়সাল আহমেদের সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দিচ্ছেন না। এ বিষয়ে অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।