বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরশহরের চাপালী ফুটবল মাঠে জহুরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শেষ হাসি হাসলো কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। তারা ২-০ গোলের ব্যবধানে যশোর বসুন্দিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার চাপালী পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা শুরু হওয়ার আগে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার দ’ুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এরপর দুপুর ৩টা ৪৪ মিনিটে রেফারি রবিউল ইসলাম খেলা শুরুর বাঁশি বাজিয়ে দেন।
এরপর প্রথমার্ধের প্রথম থেকেই উভয় দল অতি সাবধানী ফুটবল খেলতে থাকে। কিন্ত খেলার ৬ মিনিটের মাথায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতির ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় সুব্রত বল বাড়িয়ে দেয়। সেই বল নিয়ে ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় অপু গোলরক্ষককে পরাস্থ করে বল জালে জড়ায়। এগিয়ে যায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে বসুন্দিয়া ফুটবল একাদশ। কিন্তু কোন দলই আর গোলের দেখা না পেয়ে বিরতিতে যায় দু’দল।
বিরতি শেষে খেলা শুরুতে বসুন্দিয়া গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। কিন্তু একদমই ফাঁকা বল পেয়ে তিনজনকে কাটিয়ে গোলের ব্যবধান দ্বিগুণ করেন কোটচাঁদপুর একাদশের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় জনি। ফলে ২-০ গোলে এগিয়ে যায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। এদিকে অনেক সহজ সুযোগ পেলেও ব্যর্থ হয় বসুন্দিয়ার খেলোয়াড়েরা। ফলে ২-০ গোলের ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে তারা। আর শেষ হাসি হাসে কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি।
খেলা শেষে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বিজয়ীদের হাতে ৩০ হাজার টাকার প্রাইজমানি ও রানার্সআপ স্বাগতিকরা পায় ২০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।











































