0 খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে উন্নয়ন ও গণতান্ত্রিক রাজনীতির নবধারা প্রবর্তন করেছিলেন। যা দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনে দিয়েছিল। বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহদাত বার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটা উপজেলার মাথাভাংগা ইউনিয়ন বিএনপি ও অংগদল এবং ৩১ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মঞ্জু আরও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী গভীর রাতে পূর্ব পাকিস্তানের ঘুমন্ত, নিরীহ ও নিরস্ত্র বাঙালীদের উপর বর্বর হামলা চালিয়ে হত্যা ও মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে এক ভীতিকর পরিস্থিতি শুরু করলে জিয়া দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধে পরাজিত হলে নির্ঘাত মৃত্যু জেনেও সেদিন দেশ মাতৃকার মুক্তির জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, আবু হোসেন বাবু, হাসানুর রশিদ মিরাজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।










































