০ খুলনাঞ্চল রিপোর্ট
দীর্ঘদিন প্রেম করেও বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকার ওপর অভিমান করে জিহাদী (২৪) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (০২ জুন) বিকালে জিহাদী চট্টগ্রামের একটি ভাড়া বাড়িতে গলায় ফাঁস নেন জিহাদী। এসময় তিনি তার প্রেমিকা সানজিদা হক মিমের সংগে ভিডিও কলে ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৪ জুন) সকাল ১১টায় নিজ গ্রাম বেনাপোলের সাদিপুরে জিহাদীর দাফন সম্পন্ন হয়।
জিহাদী বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের তাহের আলীর ছেলে এবং চট্টগ্রামে এম. এম. ইন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্টে কাজ করতেন। অপরদিকে মিম যশোরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনার্সের ছাত্রী।
জিহাদীর মামা ইব্রাহিম শেখ সংবাদমাধ্যমকে জানান, জিহাদী ও মিম পাশাপাশি গ্রামের বাসিন্দা। প্রায় তিন বছর তার ভাগ্নে জিহাদীর সংগে মিমের প্রেমের সম্পর্ক ছিলো। সম্পর্কের জের ধরে দু’জনের স্বজনদেরও পরস্পরের বাড়িতে যাতায়াত ছিলো। মিমকে তারা ভাগ্নের সংগে বিয়ে দিতে চেয়েছিলো। ভাগ্নে চাকরির কারণে চট্টগ্রামে থাকে আর মিম যশোরে লেখাপড়া করায় তাদের সংগে মোবাইল ফোনে প্রায়ই কথাবার্তাও হতো। চট্টগ্রাম থেকে মিমকে লেখাপড়ার খরচও দিতো সে।
ইব্রাহিম শেখ অভিযোগ করেন, মিম একাধিক ছেলের সংগে প্রেম করে জানতে পেরে তার ভাগ্নে নিষেধ করে। কিন্তু মিম গুরুত্ব না দেওয়ায় এক পর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় গলায় রশি লাগিয়ে মিমের কাছে সে জানতে চায়, তাকে বিয়ে করবে কি না। কিন্তু মিম তাকে জানায়, আত্মহত্যা করলে তার কিছু যায় আসে না। এরপর সে আত্মহত্যা করে।
এদিকে মিম জানিয়েছেন, জিহাদীর সংগে তার দীর্ঘদিন সম্পর্ক ছিলো। সম্প্রতি সে সিগারেট খাচ্ছে- এমন কথা শুনে অভিমান করে তাকে বিয়ে করবেন না বলেছেন। কিন্তু এতে সে সত্যি সত্যি আত্মহত্যা করবে তা ভাবতে পারেননি তিনি।
মিমের বাবা সেলিম হক বলেন, মেয়ের সংগে জিহাদীর প্রেমের সম্পর্ক ছিলো জানি। ছেলেও অনেক ভালো। তার সংগে বিয়েতে আমার কোনো আপত্তি ছিলো না। মেয়ের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, সিগারেট খাওয়া নিয়ে সামান্য বিষয়ে কথা কাটাকাটি নিয়ে অভিমানে সে আত্মহত্যা করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি (তদন্ত) রাসেল সরোয়ার জানান, আত্মহত্যা সংক্রান্ত বিষয়ে তদন্তে যদি পোর্টথানা পুলিশের কাছে কোনো সহযোগিতা চাওয়া হয় তা করা হবে।











































