০ যশোর অফিস
যশোরের চৌগাছার আহাদ আলী (৪৫) হত্যার রহস্য ১২ ঘণ্টায় উদঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় ছেলে ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পরে চৌগাছা থানায় ছেলে হারুন অর রশিদ ওরফে সোহান (১৯) ও স্ত্রী জেসমিন আক্তারকে (৩৬) আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের বড় ভাই আবেদ আলী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাঠি গ্রামের নিজ শোবার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় আহাদ আলীর লাশ উদ্ধার করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, বৃহস্পতিবার ফুলসারা ইউপির দূর্গাবরকাঠি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছোট ছেলে আহাদ আলীর (৪৫) মৃতদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। আহাদ আলী প্রতিদিনের মতো বুধবার রাতে নিজ ঘরে ঘুমায়।
পুলিশ জানায়, সকাল ৬টার দিকে তার স্ত্রী ও ছেলে-মেয়ে ঘরের মধ্যে সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, ডিবি’র পুলিশ পরিদর্শক রুপন কুমার সরকার ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ টিম ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করে নিহতের স্ত্রী ও ছেলেকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছেলে হারুন-অর-রশিদ ওরফে সোহান (১৯) হত্যার দায় স্বীকার করে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের পাশে বালুর স্তুপেরভেভিতরে পুতে রাখা হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, বাঁশের লাঠি, রশি উদ্ধার করা হয়।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন আহাদ আলী ৪/৫ মাস আগে মুত্রথলী অপারেশন করেন এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে কোনো কাজ করতে পারতেন না। তার চিকিৎসায় জমি বিক্রি করে অভাবে দিন পার করছিল পরিবার। ছেলে হারুন-অর-রশিদ দ্বাদশ শ্রেণির ছাত্র। পাশাপাশি ইলেক্ট্রেশিয়ানের কাজ করত। অভাবের সংসারে ছেলে ও ছেলের মায়ের সঙ্গে আহাদ আলীর প্রায় সময় ঝগড়া হতো।
আসমিদের উদ্ধৃতি দিয়ে পুলিশ আরও জানায়, সর্বশেষ ঘটনার আগে জমি বিক্রি করে একটি গাড়ি (ট্রাক) কেনার জন্য উদ্যোগ নেয় আহাদ আলী। এতে বাধা দেয় স্ত্রী-ছেলে। এতে তাদের মধ্যে কথাকাটি হয়। রাগে ছেলে হারুন-অর-রশিদ তার বাবা আহাদ আলীকে মেরে ফেলার পরিকল্পনা করে। সে মোতাবেক ঘরে থাকা ছুরি বাঁশের লাঠির সঙ্গে বেঁধে বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে ঘরের পাকা দেয়ালে জানালার ইটের ফাঁক দিয়ে ছেলে তার বাবার বুকে আঘাত করে।
ছুরিবিদ্ধ হয়ে ছটফট করতে করতে খাট থেকে পড়ে রক্তক্ষরণে মৃত্যু হয় আহাদ আলীর। ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই আবেদ আলী চৌগাছা থানায় হত্যা মামলা করেছেন।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বিষয়টির সত্যতা প্রেস নোটের মাধ্যমে নিশ্চিত করেছেন।











































