Home জাতীয় ২৪ ঘণ্টায় মুভমেন্ট পাস-এর আবেদন সাত কোটি ৮১ লাখ, অনুমতি দুই লাখ

২৪ ঘণ্টায় মুভমেন্ট পাস-এর আবেদন সাত কোটি ৮১ লাখ, অনুমতি দুই লাখ

21

১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারি নিষেধাজ্ঞার মধ্যে বাড়ির বাইরে যাঁদের একান্তই যেতে হবে তাঁদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে মুভমেন্ট পাস ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এটি উদ্বোধনের পর প্রতি ঘণ্টায় সোয়া ১ লাখ জন আবেদন করার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর; যা প্রতি মিনিটে প্রায় ১৫ হাজারের মত।

এ তথ্য নিশ্চিত করে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম) মো. সোহেল রানাজানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার সকাল ১১ টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত পুলিশের মুভমেন্ট পাসের জন্য আবেদনের চেষ্টা হয়েছে ৭ কোটি ৮১ লাখ বার। এরমধ্যে রেজিস্ট্রেশনে সফল হয়েছে মাত্র ৩ লাখ ১০ হাজার ব্যক্তি। তবে তাঁদের মধ্যে জরুরি বিবেচনায় ২ লাখ ৫০ হাজার জনকে মুভমেন্ট পাস দিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ওয়েব সাইট উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর বলেন, যাদের সীমিত কারণে বের হওয়া লাগতে পারে। তারা মুভমেন্ট পাস নেবেন। রাস্তাঘাটে কোনও আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবেন না। বের হলেও অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।

গাড়ি বের করার বিষয়েও নিরুৎসাহী করে তিনি বলেন, অবশ্যই মুভমেন্ট পাস নেবেন। পুলিশকে সবাই সহযোগিতা করবেন।

করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতনতার সংগে দায়িত্ব পালনের বিষয়ে আইজিপি বলেন, সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা কোনও প্রাণহানি চাই না। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে ব্যক্তিগত সচেতনতা। আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ঢাকা অফিস