মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে মণিরামপুর চাল বাজারে একটি দোকানের পাশে ভিক্ষার চাল ও কিছু পুরনো কাপড়চোপড় রেখে ফের ভিক্ষা করতে বের হন কুলসুম বেগম (৪৫)। ফিরে এসে সেই চাল ও কাপড়ের প্যাকেট খুঁজে পাননি তিনি। এসময় কুলসুমের কান্নায় আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে। যা নিয়ে গণমাধ্যমে খবর বের হয়।
খবর পেয়ে আজ বুধবার একমাসের চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ে ভরতপুর সরদারপাড়ায় কুলসুমের বাড়িতে হাজির হন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।
তিনি কুলসুম ও তার স্বামী ইউসুফ আলীর হাতে ২৫ কেজি চাল, এক লিটার তেল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম ডিটারজেন্ট ও একটি সাবানসহ নগদ এক হাজার টাকা তুলে দেন। এসময় ইউপি সদস্য সঞ্জয় রাহা উপস্থিত ছিলেন।
নাজমা খানম বলেন, কুলসুম বেগমের দুই সন্তান। তার স্বামী অসুস্থ; কাজ করতে পারেন না। ভিক্ষা করে কুলসুমের সংসার চলে। ভিক্ষুকের চাল চুরির খবর শুনে তার পাশে দাঁড়িয়েছি। রোজার একমাস কুলসুম ভিক্ষা করতে বাইরে যাবে না। তাকে এক মাসের বাজার করে দিয়েছি। যেকোন প্রয়োজনে আমাকে জানাতে বলেছি।
এছাড়া বুধবার মাসনা গ্রামের কর্মক্ষমহীন মুক্তার হোসেন ও পাড়িয়ালী গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান মানবিক এই জনপ্রতিনিধি।
– মণিরামপুর (যশোর) প্রতিনিধি









































