নিপুণ রায় চৌধুরীর কথোপকথনে প্রচারিত অডিওটি বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২ এপ্রিল) বিকালে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলন সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী একজন কর্মরত আইনজীবী, একজন সক্রিয় মানবাধিকার কর্মী এবং সচেতন রাজনীতিক। কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রশ্নই উঠতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্রমূলক, সাজানো তৈরী করা এবং তাকে মিথ্যা দোষারোপ করার একটি জঘন্য চক্রান্ত।
২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন দলের কেন্দ্রীয় নেতা নিপুণ রায় চৌধুরীর একটি অডিও ফাঁস হয়। এ বিষয়ে ফখরুল বলেন, সেদিন একটি বেসরকারি টেলিভিশন জনৈক আরমানের সঙ্গে নিপুণ রায়ের কথোপকথনের একটি বানোয়াট অডিও প্রচার করে, যা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা। এটি বানোয়াট এবং ভিত্তিহীন।
‘সরকারের লোকজন ‘সিন্ডিকেট’ করে দাম বাড়াচ্ছে’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা খুব উদ্বিগ্ন ও চিন্তিত যে সামনে রমজান আসছে। ইতিমধ্যে চাল-ডাল-লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম যেভাবে বেড়ে গেছে- এটাকে নিয়ন্ত্রণে রাখতে সরকার সবসময় ব্যর্থ হয়েছে। কারণ যারা দাম বাড়ায় সেই সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত। সরকারের লোকেরাই এই সিন্ডিকেট তৈরি করে। যার ফলেই এই অবস্থা। প্রকৃতপক্ষে এই অর্থনীতি এখন একটা দুর্নীতিবাজদের অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে, লুটেরাদের অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে।
মির্জা ফখরুল আরো বলেন, বর্তমানে যে আওয়ামী লীগ সরকার এরা তো জনগণের পক্ষের সরকার নয়, তারা জনগণের বিরুদ্ধের সরকার। আগেও বলেছি, বর্গীরা যেমন আগে বাংলাদেশে আসতো, লুট করতো আর চলে যেতো, এরাও ঠিক একইভাবে লুট করছে এবং বিদেশে তাদের বিত্ত তৈরি করছে এবং সেখানে দেশের সম্পদ পাচার করে দিচ্ছে। দ্যাটস অল।
সংবাদ সম্মেলনে আবারো সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সংসদ নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। পাশাপাশি বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান তিনি।
‘ফের মামলা সরকারের চক্রান্তের অংশ’
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, গত কয়েক দিনের সরকারী বাহিনী ও পুলিশ দিয়ে হত্যা, আওয়ামী এজেন্টদের দিয়ে ব্রাক্ষণবাড়িয়ায় বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়ে দেশে পুনরায় হাজার হাজার অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করার হীন পরিকল্পনা করছে তারা।
‘করোনার জনসচেতনতা সৃষ্টিতে সরকার ব্যর্থ’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে যে সচেতনতা সৃষ্টি করার প্রয়োজন ছিলো জনগণের মধ্যে, সেই সচেতনতা সৃষ্টি করতে সরকার ব্যর্থ হয়েছে। তারা নিজেদেরকে সুরক্ষিত রেখেছেন, নিজেরা মাস্ক পড়েছেন, ফেস-শিল্ড পড়েছেন। একইসংগে করোনার সুযোগ নিয়ে কর্তৃত্ববাদী সরকার বিরোধী দলকে দমন করবার জন্য এটাকে একটা সুযোগ হিসেবে নিয়েছে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটসের এবার যে রিপোর্ট বেরিয়েছে সেখানে পরিস্কার করে বলা আছে যে, করোনার সুযোগ নিয়ে কর্তৃত্ববাদী সরকার বিরোধীদলকে দমন করবার জন্য উঠে-পড়ে লেগেছে।
-ঢাকা অফিস











































