পাইকগাছায় ছোট ভাইয়ের স্ত্রীর হাত ভেঙ্গে দিয়ে মৎস্য ঘেরে লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ভাসুর কর্তৃক ছোট ভাইয়ের স্ত্রীকে মারপিটপূর্বক হাত ভেঙ্গে দিয়ে মৎস্য লীজ ঘেরে লুটপাটের অভিযোগ উঠেছে। আহত ছোট ভাইয়ের স্ত্রী পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি উপজেলার পূর্ব গজালিয়া গ্রামে রবিবার সকালে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।
থানার এজাহার সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের দরিদ্র আব্দুল লতিফ ওরফে জুয়েল ঢালী অভাবের তাড়নায় ঢাকাতে দিনমজুরের কাজ করে। সে পূর্ব গজালিয়া গ্রামে তার পৈত্রিক দুই বিঘা সম্পত্তিতে ১০/১২ বছর পূর্বে বসত ঘর নির্মাণপূর্বক মৎস্য ও ধান্য চাষ করে থাকে। জুয়েল ঢাকাতে থাকায় তার স্ত্রী একটি শিশু সন্তান নিয়ে উক্ত বসত বাড়ীতে থেকে মৎস্য লীজ ঘেরটি দেখাশুনা করে অতি কষ্টে দিনযাপন করে। জুয়েলের বড় ভাই রাসেল ঢালী ও সাত্তার ঢালী এবং ভগ্নিপতি শহিদুল মোড়ল ছোট ভাই জুয়েলের বসত বাড়ী ও দুই বিঘা জমি ছেড়ে দেয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছে। জুয়েল পৈত্রিক সম্পত্তির ওয়ারেশ হিসেবে তার প্রাপ্য সম্পত্তি ছাড়তে রাজী না হওয়ায় রাসেল-সাত্তাররা ইতোপূর্বে একাধিকবার তাদের স্বামী-স্ত্রীর উপর হামলা করে। বর্তমানে জুয়েল বাড়ীতে না থাকায় এই সুযোগে রবিবার সকালে রাসেল ও সাত্তার দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮ জন বহিরাগতদের নিয়ে জুয়েলের মৎস্য ঘেরের বাঁধ কাটতে থাকে। এ সময় জুয়েলের স্ত্রী তাছলিমা খাতুন বাঁধা সৃষ্টি করলে প্রতিপক্ষরা ছোট ভাইয়ের স্ত্রীকে বেদম মারপিট করে হাত ভেঙ্গে দিয়ে আহত অবস্থায় লীজের ফাঁড়ির উপর ফেলে রাখে। এরপর তারা লীজ ঘেরের বাঁধ কেটে ও পানি উত্তোলনের স্যালো মেশিনের মটর ও বসত ঘরে ব্যাপক তান্ডব চালিয়ে প্রায় নগদ টাকা সহ লক্ষাধিক ও স্বর্ণালংকার লুটপাট করে। স্থানীয় লোকজন আহত তাছলিমাকে পাইকগাছা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় তাছলিমা বাদী হয়ে রাসেল, সাত্তার সহ ৫জনের নামে থানায় এজাহার দায়ের করেছে। ওসি এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি, ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বাগেরহাট শহীদ মিনারে মানুষের ঢল
স্টাফ রিপোটার,বাগেরহাট
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নেমেছে। পুস্পস্তবক হাতে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ এসেছেন শহীদ মিনারে।
রবিবার (২১ র্ফেরুয়ারি) প্রথম প্রহর অর্থাৎ ঘড়ির কাটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরেই শহীদ মিনারের বেদিতে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বাগেরহাট জেলা পরিষদ, বাগেরহাট পৌরসভা, বাগেরহাট জেলা বিএনপি, বাগেরহাট প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, সরকারি পিসি কলেজ, সেচ্ছাসেবক দল,বাগেরহাট মেরিন ইনস্টিটিউট, গণপূর্ত বিভাগ, বাগেরহাট সড়ক বিভাগ, এলজিএইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপরেই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধায় শত শত পুষ্মমালায় ভরে যায় শহীদ মিনারের বেদি।
এ সময় বাগেরহাট জেলা প্রশাসক আনম ফয়জুল হক, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাইদ ডাবলু, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ন আহবায়ক শেখ ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তি দলীয় নেতা কর্মীসহ হাজার হাজার লোক উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্মমাল্য অর্পণ করা হয়।
তবে করোনা মহামারির সময়ে স্বাস্থ্যগত ঝুঁকি থাকলেও বেশিরভাগ মানুষকেই মাস্ক ছাড়া শহীদ মিনারে আসতে দেখা গেছে। সকালে শহীদ মিনার উন্মুক্ত থোকবে, জন সমাগমের এই স্থানে সবাইকে মাস্ক পরে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন।
বাগেরহাটে জাল টাকাসহ প্রতারক আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরে জাল টাকাসহ জনতার হাতে বাবর আলী মোল্লা (৪৮) নামের এক ব্যক্তি আটক হয়েছে। সে জেলার মোল্লাহাট উপজেলার ডাবরা গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরের দিকে বাবর আলী একটি ছাগল ক্রয় করতে চিতলমারি উপজেলা সদরে আসে। এ সময় ছাগল বিক্রেতাকে নগদ টাকা দিলে তার মধ্যে একটি ১ হাজার ও একটি ৫০০ টাকার নোট জাল ধরা পড়ে। বিষয়টি স্থানীয় সবুজ সংঘ ক্লাবের সামনে হওয়ায় ক্লাবের লোকেরা তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে চিতলমারী থানা পুলিশ ওই জাল টাকাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
চিতলমারী থানার ওসি মীর শরীফুল হক জানান, একটি ১ হাজার ও ১টি ৫০০ টাকার জাল নোটসহ জনতার হাতে বাবর আলী আটক হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আর এর সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
ফকিরহাটের পিলজংগে নবনির্মিত শহীদ মিনার এর শুভ উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে নবনির্মিত শহীদ মিনার এর শুভ উদ্ভোধন রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির শুভ উদ্ভোধন করেন। ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক) এবং তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ। ইউনিয়ন আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক শেখ নুর মোহম্মদ, সহকারী প্রধান শিক্ষক শেখ আব্দুল হালিম ও শিক্ষানুরাগী অসিত মুখ্যাজী মন্টু সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
ফকিরহাটে সুন্দরবন ম্যানগ্রোভ পাবলীক লাইব্রেরীর বই প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় অবস্থিত সুন্দরবন ম্যানগ্রোভ পাবলীক লাইব্রেরী এর উদ্যোগে গরীব ও মেধাবী দুই শিক্ষাথীর হাতে আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২১ পালন উপলক্ষে পাঠ্য বই প্রদান করা হয়েছে। লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান লাভলু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই পাঠ্য বই বিতরন করেন। রবিবার সকাল সাড়ে ১১টায় অসহায় ও মেধাবী শিক্ষার্থী তৃপ্তি আক্তার (একাদশ শ্রেণী) এর টাউন নওয়াপাড়াস্থ নিজ বাড়ীতে এই পাঠ্য বই প্রদান করা হয়। এছাড়া সাতাবাড়িয়া গ্রামের অর্পিতার হাতে অনুরুপ পাঠ্য বই প্রদান করা হয়। এব্যাপারে সুন্দরবন ম্যানগ্রোভ পাবলীক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান লাভলু এর সাথে আলাপ করা হলে তিনি বলেন তিনি বিশ^াস করেন বই এর চেয়ে বড় উপহার পৃথীবিতে আর কিছুই নেই, জ্ঞান দান হচ্ছে সবচেয়ে বড় ও শ্রেষ্ট দান। তাঁর শ্লোগান আসুন বই পড়ি, নিজে আলোকিত হই অন্যকে আলোকিত করি, গড়ে তুলি আলোকিত বাংলাদেশ।
চুলকাঠি প্রেসক্লাব এর উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের চুলকাঠিতে আবস্থিত চুলকাঠি প্রেসক্লাব এর উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২১ পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন অনুষ্ঠান রবিবার সকাল ৯টায় কেন্দিয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য অমিত কর্মকার বিলাশ, মোঃ মাহাফুজুর রহমান, আরিফুজ্জামান ঢালী, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক শিশির শিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ মিজানুর রহমান মিঠু, সেকেন্দার আলী মোড়ল, জিএম মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক চন্দন দেবনাথ, সাংবাদিক শেখ আনিছুর রহমান ও শেখ আসাদুজ্জামান প্রমুখ। এর আগে প্রেসক্লাব চত্তরে জাতীয় ও কালো পতাকা উত্তলন করা হয়।











































