রামপাল প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে সুন্দরবনের গোলপাতা দিয়ে তৈরি ঘরে প্রান্তিক জনগোষ্ঠীকে বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে। ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’র উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নে গড়ে তোলা হয়েছে ১০টি গোলপাতার ঘর। এসব ঘরে ‘সেবাবন্ধু’দের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যতথ্য সংগ্রহ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
উদ্যোক্তারা জানান, প্রাথমিক পরীক্ষায় কোনো রোগীর অবস্থা ঝুঁকিপূর্ণ মনে হলে তাকে চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। প্রয়োজনে অনলাইনে বিদেশি চিকিৎসকদের পরামর্শ নেওয়ারও ব্যবস্থা রয়েছে। নিজস্ব ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) ব্যবস্থার মাধ্যমে রোগীর তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রোগ শনাক্তকরণ সহজ হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা না করানোয় অনেকেই ঝুঁকির মধ্যে ছিলেন। গোলপাতার ঘরে নিয়মিত পরীক্ষা ও পরামর্শ পাওয়ায় তারা এখন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছেন।
আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রেজা সেলিম বলেন, ‘অসুখ হলে চিকিৎসা নেওয়ার পাশাপাশি অসুখ প্রতিরোধে মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। তাই মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছি।’
এ বিষয়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের সেবা নিয়ে আমি অভিভূত। তারা এটাকে নিয়ে যে স্বপ্নের বীজ বুনেছে আমি মনে করি তাদের সেই স্বপ্ন পরিপূর্ণতা পেয়েছে এবং আগামীতে আরও প্রতিস্ফূটিত হবে। এখানে অভিজ্ঞ ডাক্তার, উন্নতমানের যন্ত্রপাতি ও বিদেশি ডাক্তার অনলাইনে পরামর্শ প্রদান করে থাকে। সব মিলিয়ে বিশ্বমানের চিকিৎসাসেবা এটা নিশ্চিন্তে বলা যায়। এই মানবিক সেবা দেশের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। দেশের বিভিন্ন জায়গায় এমন প্রতিষ্ঠান আরো প্রতিষ্ঠিত করতে সরকার উদ্যোগ গ্রহণ করবে।








































