Home জাতীয় বাল্যবিয়ে রোধে বিয়ের বয়স ১৮ বছর নির্ধারণের সুপারিশ

বাল্যবিয়ে রোধে বিয়ের বয়স ১৮ বছর নির্ধারণের সুপারিশ

1

ঢাকা অফিস।।

বাল্যবিবাহ প্রতিরোধে নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের সুপারিশ করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারা বাতিলসহ আইনটি সংস্কারে ছয়টি সুপারিশ তুলে ধরেছে সংস্থা দুটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকার একটি হোটেলে সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক সংলাপে এসব সুপারিশ তুলে ধরা হয়।

আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে বন্ধ দিবস সামনে রেখে এ সংলাপের আয়োজন করে ইউএনএফপিএ। আগামী ২৭ নভেম্বর দিবসটি পালিত হবে। সংলাপে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর বিভিন্ন সীমাবদ্ধতা এবং প্রস্তাবিত সংস্কারের ফলে মেয়েদের আইনি সুরক্ষায় কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা হয়। সংলাপে ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ পর্যালোচনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর বিধিমালা, ২০১৮-এর বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরা হয়। সংস্থা দুটির মতে, এসব সীমাবদ্ধতা মেয়েদের আইনি সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা তৈরি করছে। বাংলাদেশে বাল্যবিবাহের হার কমলেও তা কমার গতি এখনো ধীর।

বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। ২০১৯ সালে এ হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ।
তবে উদ্বেগের বিষয় হলো, বর্তমানে বিবাহিত ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের হার বেড়েছে। ২০১৯ সালে এ হার ছিল ৩২ দশমিক ৯ শতাংশ, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশে।

সংলাপে বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘বাংলাদেশে বাল্যবিবাহবিরোধী আইন রয়েছে।

কিন্তু কোনো আইন তখনই মেয়েদের সুরক্ষা দিতে পারে, যখন তারা সে আইন সম্পর্কে জানবে এবং বিচারব্যবস্থা তাদের জন্য সহজলভ্য হবে ও পুরোপুরি জবাবদিহির আওতায় থাকবে।’

সংলাপে বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারে ইউএনএফপিএ ও ইউনিসেফের ছয়টি সুপারিশ তুলে ধরা হয়। এগুলো হলো—বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিল করা; নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করা; বাল্যবিবাহ সংশ্লিষ্ট শিশুর ইচ্ছায় বাতিলযোগ্য করার বিধান রাখা; বাল্যবিবাহের ঘটনায় শিশুদের অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়া; অভিযোগ দায়েরের সময়সীমা বাড়িয়ে ছয় বছর করা এবং বাল্যবিবাহসংক্রান্ত মামলা পরিচালনায় আদালত, বিশেষ করে ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার স্পষ্ট করা।