স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে চলতি বছরের ১১ মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪০ জন। এসব ঘটনায় মামলা দায়ের হয়েছে ৩৮টি। এর মধ্যে ৩৬টি মামলার রহস্য উদঘাটন করা গেছে বলে দাবি পুলিশের।
গত সোমবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পাঠানো সংবাদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮টি মামলার মধ্যে এরই মধ্যে সাতটি মামলায় প্রতিবেদন দিয়েছে পুলিশ। আর দুটি মামলার রহস্য উদঘাটনে কাজ করছে নৌপুলিশ।
এ ছাড়া বিভিন্ন মামলায় ১৬৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৩৭ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অপরাধ সংঘটনের পরপরই ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। হত্যা মামলার তদন্তের পাশাপাশি অপরাধে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অপরাধের প্রকৃত রহস্য উন্মোচনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত।
কেএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং নগরবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে অপরাধ ও অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা বা পুলিশকে জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।











































