Home জাতীয় ফসলের অপচয় রোধে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারে গুরুত্বারোপ পরিবেশমন্ত্রীর

ফসলের অপচয় রোধে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারে গুরুত্বারোপ পরিবেশমন্ত্রীর

1

ঢাকা অফিস।।

ফসল তোলার পর অপচয় ও ক্ষতি কমিয়ে ফল এবং সবজির গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতিরিক্ত তাপমাত্রা, হিমাগারের অভাব ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে বাজারে পৌঁছানোর আগেই প্রচুর কৃষিপণ্য নষ্ট হয়ে যায়। হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন যুক্ত করা গেলে কৃষকেরা পণ্যের বেশি অংশ বাজারজাত করে আয় বাড়াতে পারবেন।

রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত হিমাগারের সফলতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে জলবায়ু-সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

ইউএনইপি ও সিটিসিএনের আর্থিক সহায়তায় এবং কাইটেকের নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার ও কাইটেকের প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়লসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বক্তব্য দেন।