আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা পদক্ষেপে যাবে না তেহরান। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও হুমকির মুখেও ইরানের অবস্থান স্পষ্ট এবং অপরিবর্তিত রয়েছে বলেও জানান গালিবাফ। তিনি বলেন, ইরানি জনগণকে হুমকি দেওয়া, অপমানজনক মন্তব্য করা এবং অর্থনৈতিক চাপ বাড়ানোর কথা বলা মূলত একটি স্বাধীন ও প্রতিরোধী জাতির বিরুদ্ধে ওয়াশিংটনের হতাশার বহিঃপ্রকাশ।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান আগে যে অবস্থান ঘোষণা করেছে, সেখান থেকে সরে আসবে না। দেশটির সাতটি শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না এবং আলোচনাতেও বসবে না তেহরান।
ইরানের পার্লামেন্ট স্পিকার আরও সতর্ক করে বলেন, শত্রুপক্ষ কোনো ভুল হিসাব করলে তার জবাব হবে কঠোর। প্রয়োজনে যুদ্ধক্ষেত্রের ভৌগোলিক পরিসর পরিবর্তন করেও এর জবাব দেওয়া হবে।
এর আগেও ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, সাতটি শর্ত দেশটির বৈধ অধিকার। কোনো ধরনের চাপ বা হুমকির মুখে এসব শর্ত থেকে সরে আসার সুযোগ নেই।
গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও একই অবস্থানের কথা জানান। তিনি বলেন, সাতটি শর্ত কোনো অস্বাভাবিক দাবি নয় কিংবা আলোচনায় বসার নিছক পূর্বশর্তও নয়; বরং এগুলো ইরানি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।
চলমান সংঘাতের অবসান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এসব শর্ত তুলে ধরেছে তেহরান। শর্তগুলোর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার, বিদেশে জব্দ করা ইরানের সম্পদ মুক্ত করা এবং ভবিষ্যতে নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়া।
এদিকে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় দুই দিনের একটি রোডম্যাপও প্রস্তাব করেছে ইরান।
তেহরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করলে এবং বিদেশে জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করলে ৪৮ ঘণ্টার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু হতে পারে।











































