স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং ছিটিয়ে বিকৃত করা হয়েছিল। এ ঘটনার দুদিন পর আজ মঙ্গলবার সেই বিকৃত প্রতিকৃতি মুছে আবার নতুন করে আঁকা হয়েছে।
গত রোববার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপনের বিষয়টি দেখা যায়। তবে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে আঁকা দেয়ালের অন্য প্রতিকৃতিগুলো অক্ষত ছিল।
মহানগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীর রয়েছে। এই প্রাচীরে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতির পাশাপাশি জুলাই আন্দোলনের কিছু চিত্র আঁকা হয়েছে। প্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদির ছবি।
এর আগে, গত ৬ নভেম্বর এই দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করে দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। দুই সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো কালি মাখানোর ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছিলেন, ‘দুর্বৃত্তরা যতবার মুছবে, ততবার আমরা আঁকব।’
রেজা আর্টের রেজাউল করিম রেজা আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রতিকৃতিটি নতুন করে আঁকার কাজ শুরু করেন। বিকেলের মধ্যেই কাজ শেষ হয়। ছবি পুনরায় আঁকার কাজে অর্থায়ন করেছে খুলনা সিটি করপোরেশন বলে জানান প্রশাসক।











































