Home Lead খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি

1

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীতে এক দিনের ব্যবধানে নয়, একই দিনে দুটি পৃথক স্থানে গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এর কিছুক্ষণ পর বিকেল সোয়া চারটার দিকে সোনাডাঙ্গা থানার কাছেই পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। দুটি ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পরপর এমন ঘটনায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুটুল নামে এক ব্যক্তি পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। মামুন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত কয়েক মাসের বাড়িভাড়া বকেয়া থাকাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রের দাবি, কয়েক দিন আগে ভিডিও কলে মামুন বাড়ির মালিককে নুর আজিম নামে এক ব্যক্তির ছবি দেখিয়ে তাঁকে চেনেন কি না জানতে চান। বাড়ির মালিক তাঁকে চেনেন না বলে জানান। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানা গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে টুটুল বাড়ি থেকে বের হওয়ার পর দুপুর আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার এসআই সাইফুল জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গেছেন। ঘটনার সঠিক তথ্য জানার চেষ্টা চলছে। কারা এবং কী কারণে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদা না পেয়ে পালংকি রেস্টুরেন্টে গুলি

অন্যদিকে, মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে সোনাডাঙ্গা থানার কাছেই পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এর আগে সোমবার রাতে খুলনার এক শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের পরিচয় দিয়ে রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেছে মালিকপক্ষ।

অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দুর্বৃত্তরা রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এরপর সোমবার রাতেই মালিকপক্ষ রেস্টুরেন্ট বন্ধ করে বাড়িতে চলে যায়।

মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানা পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্টটি খুলে দেয়। পাশাপাশি স্টাফদের ফোন করে কর্মস্থলে ফিরে আসার অনুরোধ করা হয়। বিকেলে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় সেখানে থাকা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুটি পৃথক ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।