সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও দুজন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) ও স্কুলছাত্র আরাফাত সরদার (১৬)। মহানন্দ সরকার ওই গ্রামের সোনা সরকারের ছেলে এবং আরাফাত একই গ্রামের মনি সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরেয়া গ্রামের আরিফুল ইসলামের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাব কিংবা বিষাক্ত গ্যাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তাকে উদ্ধারের জন্য পরে ট্যাংকের ভেতরে নামেন স্কুলছাত্র আরাফাত সরদার। একপর্যায়ে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাদের উদ্ধার করতে ট্যাংকে নামেন গোলাম হোসেন ও জামালউদ্দীন। তারাও ভেতরে অসুস্থ হয়ে পড়লে পরে তাদের উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যুর ঘটনা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।











































