Home খেলাধুলা নারী লিগের আগে তারকা দলে টানতে তিন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই

নারী লিগের আগে তারকা দলে টানতে তিন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই

0

স্পোর্টস ডেস্ক।।

নারী ফুটবল লিগ সামনে রেখে দেশের ফুটবলাঙ্গনে শুরু হয়েছে দলবদলের উত্তাপ। জাতীয় দলের সাবেক তারকা সাবিনা খাতুনের সম্ভাব্য প্রত্যাবর্তন, ঋতুপর্ণা চাকমার দলবদল এবং বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্সের স্কোয়াডে বড় রদবদল সব মিলিয়ে আসন্ন লিগ ঘিরে তৈরি হয়েছে বাড়তি রোমাঞ্চ।

শিরোপাজয়ী দল গড়তে এখন থেকেই মাঠে নেমে পড়েছে উচ্চাভিলাষী তিন ক্লাব। ডিসেম্বরের শেষ সপ্তাহে নারী ফুটবল লিগের নতুন আসর শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগেই এআরকে, চাঁদপুর স্পোর্টিং ক্লাব ও রাজশাহী স্টার্স শক্তিশালী দল গড়ার দৌড়ে এগিয়ে রয়েছে। এখনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে এরই মধ্যে মৌখিক সমঝোতা সেরে ফেলেছে ক্লাব তিনটি।
বিসিবির ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান আরাফাত রহমান কোকোর নামের আদ্যক্ষরে গড়া ক্লাব এআরকে। সাবিনা খাতুনকে কেন্দ্র করে শক্তিশালী এক স্কোয়াড সাজাচ্ছে তারা।

গত মৌসুমে লিগ না খেলা সাবিনার পাশাপাশি এই দলে যোগ দেওয়ার কথা রয়েছে মাসুরা পারভীন ও নিলুফা ইয়াসমিন নীলার। এ ছাড়া মনিকা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, মাতসুশিমা সুমাইয়া ও তহুরা খাতুনকেও দলে ভেড়ানোর পথে রয়েছে ক্লাবটি।

সাবিনা ও মাসুরা সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে লিগে খেলেছিলেন এবং দলকে শিরোপা জিতিয়েছিলেন। পরের মৌসুমে তাঁরা লিগে খেলেননি। বর্তমানে মালদ্বীপের লিগে ব্যস্ত থাকা এই দুই ফুটবলার ডিসেম্বরের মাঝামাঝি সেখানে খেলা শেষ করে দেশে ফিরবেন এবং নতুন দলের হয়ে মাঠে নামবেন।

অন্যদিকে, জাতীয় দলের আরেক তারকা ঋতুপর্ণা চাকমাকে দলে টানতে নজর দিয়েছে চাঁদপুর স্পোর্টিং ক্লাব। তার সঙ্গে কৃষ্ণা রানী সরকার ও শিউলি আজিমেরও চাঁদপুরে যোগ দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর স্পোর্টিং ক্লাবের ম্যানেজার মারুফ হোসেন শিকদার বলেন, ‘ঋতুপর্ণা, শিউলি আজিম, কৃষ্ণা রানীসহ জাতীয় দলের আরও কয়েকজন তারকার সঙ্গে আমাদের মৌখিক সব কথা চূড়ান্ত হয়েছে। পাশাপাশি মানসম্মত কিছু বিদেশি খেলোয়াড় আনারও চেষ্টা করছি আমরা।’

গত মৌসুমে রাজশাহী স্টার্সের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ঋতুপর্ণা। তার যাওয়ার সম্ভাবনা এবং ফুটসাল ও বিদেশের লিগে খেলার পর কৃষ্ণার ঘরোয়া ফুটবলে ফেরা চাঁদপুরকে শিরোপার অন্যতম দাবিদার করে তুলতে পারে। উল্লেখ্য, এর আগে ফুটসাল লিগে অংশ নেওয়া এআরকে ও চাঁদপুর দুই দলই এবার নারী ফুটবল লিগে নিজেদের শক্তি দেখাতে প্রস্তুত।

তবে সহজে শিরোপা ছাড়তে নারাজ বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স। জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় দল ছাড়লেও গোলরক্ষক রূপনা চাকমা, ডিফেন্ডার আফঈদা খন্দকার ও মিডফিল্ডার স্বপ্না রানীকে ধরে রাখছে তারা। নেপালি দুই ফুটবলার বিমলা বিকে ও দীপা শাহী দল ছাড়ায় রাজশাহী এখন নেপাল ও আফ্রিকা থেকে নতুন বিদেশি খেলোয়াড় খুঁজছে। অন্যদিকে, নেপালি ওই দুই তারকাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে চাঁদপুর।

এদিকে, গত আসরের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফরাশগঞ্জ এখনো দলবদলের কার্যক্রম শুরু করেনি। তাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য মনিকা চাকমা ও মারিয়া মান্দা এরই মধ্যে এআরকে-তে যোগ দেওয়ার পথে রয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো অংশগ্রহণকারী ক্লাবগুলোর চূড়ান্ত তালিকা ঘোষণা করেনি। তবে এবার দলের সংখ্যা ১০টি থেকে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন আবেদনকারী ক্লাবগুলোকে ২০ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। বাফুফের ফার্স্ট ইনস্ট্যান্স বডি ক্লাবগুলোর লাইসেন্সিং আবেদন যাচাই-বাছাই করার পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।