ন
স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে একটি চায়ের দোকান লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শলুয়া বাজার সুইচগেট সংলগ্ন পান্নু খলিফার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে একটি পালসার মোটরসাইকেল যোগে তিনজন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী শলুয়া বাজারে আসে। তারা সুইচগেট সংলগ্ন পান্নু খলিফার চায়ের দোকানটিকে লক্ষ্য করে পিস্তল দিয়ে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।
গুলির সময় ওই চায়ের দোকানের ভেতরে রংপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন তালুকদারসহ (৫২) ১৪ থেকে ১৫ জন স্থানীয় বাসিন্দা ক্যারম খেলছিলেন। আকস্মিক গুলির শব্দে দোকানের ভেতরে থাকা লোকজন ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে গুলি ছোড়ার পর সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে সাহাপুরের দিকে পালিয়ে যাওয়ার সময় শলুয়া সুইচগেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে।
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের দুটি গুলির খোসা এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
আড়ংঘাটা থানা পুলিশ জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।











































