বিনোদন ডেস্ক।।
হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার সকালে বগুড়ায় শুটিংয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক অভিনেতাকে মৃত ঘোষণা করেন।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, এমডি ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমার শুটিংয়ে জন্য ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন অভিনেতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।
শুটিং ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরা ছুটে আসেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
নসিব সিনেমার নির্মাতা এমডি ইকবাল বলেন, ‘সবার মতো সোহেল ভাই আজ (২৪ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন। এরপর সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একটি সুস্থ মানুষের চোখের সামনে এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা গোটা নসিব টিম শোকাহত।’











































