Home আন্তর্জাতিক দাড়ি কামাতেও পানি নেই, পানিসংকটে সাধারণ মানুষের দুর্ভোগে উদ্বিগ্ন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

দাড়ি কামাতেও পানি নেই, পানিসংকটে সাধারণ মানুষের দুর্ভোগে উদ্বিগ্ন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

0

আন্তর্জাতিক ডেস্ক।।

নাইজেরিয়ার সাধারণ মানুষের মতো দেশটির প্রেসিডেন্ট ভবনেও পানি ও বিদ্যুতের সংকট রয়েছে। এমনকি দাড়ি কামাতে বসেও পানির অভাবে পড়তে হয়েছে প্রেসিডেন্ট বোলা তিনুবুকে।

সম্প্রতি রাজধানী আবুজায় অবস্থিত প্রেসিডেন্ট ভবন ‘আসো রক’-এ এমন অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন তিনি। বিবিসির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

রবিবার লাগোসে পরিবারের সদস্যদের আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনুবু বলেন, গত বুধবার দাড়ি কামানোর সময় হঠাৎ প্রেসিডেন্ট ভবনের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘আমি দাড়ি কামাচ্ছিলাম, এমন সময় পানি চলে গেল। প্রেসিডেন্ট ভবনেও যে কতটা ভোগান্তি রয়েছে, তা হয়তো আপনারা জানেন না।’

তিনি আরো বলেন, ‘পানি ও বিদ্যুতের সংকট থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এসব সমস্যার সমাধানে আমার সরকার কাজ করছে।’ তিনুবু বলেন, ‘আমরা এসব সমস্যার সমাধান করব।

বিদ্যুৎ নেই, পানি নেই, এমন পরিস্থিতিতে উন্নয়ন সম্ভব নয়। আমরা মাত্র কাজ শুরু করেছি। এসব সমস্যার সমাধান করা সম্ভব এবং নাইজেরিয়ার জন্য আমরা তা অবশ্যই করব।’

আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনুবু। নির্বাচনে পুনরায় জয়ী হলে দেশের পানি ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আবুজায় আসো রকের পাদদেশে অবস্থিত ‘আসো ভিলা’ নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ও সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।

বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা কমাতে গত বছর এই ভবনে সৌরবিদ্যুৎচালিত একটি মিনি-গ্রিড স্থাপনের জন্য বাজেটে ১০ বিলিয়ন নাইরা বরাদ্দ রাখা হয়। এর পরিমাণ প্রায় ৫৫ লাখ পাউন্ড বা ৭২ লাখ মার্কিন ডলার।

কিছু প্রতিবেদন অনুযায়ী, সৌরবিদ্যুৎ প্রকল্পটির নির্মাণকাজ শেষ হয়েছে এবং বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। ভবিষ্যতে আসো ভিলাকে জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নিজস্ব সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

নাইজেরিয়া দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সংকটে ভুগছে। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহে তীব্র বিঘ্নের প্রধান কারণ গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া। তবে এটি জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি বিপর্যস্ত হওয়ার ঘটনা নয়। লাগোস, আবুজাসহ দেশটির বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিতরণ কোম্পানিগুলোকে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এতে সাধারণ পরিবার থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান, সবাই ব্যাপক ভোগান্তিতে পড়ছে।

বিদ্যুতের পাশাপাশি দীর্ঘস্থায়ী পানির সংকটেও ভুগছে দেশটি। দ্রুত বাড়তে থাকা শহুরে জনসংখ্যার তুলনায় সরকারি পানি সরবরাহের অবকাঠামো অপর্যাপ্ত ও জরাজীর্ণ হওয়ায় এ সংকট আরো প্রকট হয়েছে। বিশেষ করে লাগোসে লাখ লাখ মানুষ নিয়মিত ও নির্ভরযোগ্য পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে।

২০২৩ সালের নির্বাচনী প্রচারণায় বিদ্যুৎ সংকট সমাধানের বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। তবে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা ২০২৭ সালের ১৬ জানুয়ারির নির্বাচনের আগে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ২০২২ সালে তিনি বলেছিলেন, ‘যেকোনো উপায়েই হোক, মানুষ বিদ্যুৎ পাবে এবং কাউকে আর অনুমাননির্ভর বিদ্যুৎ বিল দিতে হবে না।’ এমনকি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে দ্বিতীয় মেয়াদে তাকে ভোট না দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকলেও তার সমর্থকেরা গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের উন্নতি এবং দুই বিলিয়ন ডলারের ‘ইস্ট-ওয়েস্ট সুপার গ্রিড’ প্রকল্পকে সরকারের অগ্রগতি হিসেবে তুলে ধরছেন। প্রকল্পটির লক্ষ্য জাতীয় বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বাড়ানো।

২০২৩ সালের নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর ও সাবেক গভর্নর পিটার ওবিকে হারিয়ে ক্ষমতায় আসেন তিনুবু। আগামী নির্বাচনেও এই তিনজনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।