Home স্বাস্থ্য স্বাদ ও পুষ্টি দুটোই অটুট থাকবে, ডাল রান্নার সহজ কৌশল

স্বাদ ও পুষ্টি দুটোই অটুট থাকবে, ডাল রান্নার সহজ কৌশল

2

মিলি রহমান।।

নানা পদ থাকলেও দৈনন্দিন খাদ্যতালিকায় সবার বাড়িতে ডাল থাকা চাই। কখনও মুগ, কখনও মাসকলাই,কখনও বুট, কখনও বা মুসুর ডাল থাকে এই তালিকায়। এই পদ সহজে রান্না করা যায়। প্রোটিনের ভালো উৎস হওয়ায় ডাল প্রায় প্রতিদিনই খাওয়া হয়।

তবে ডাল রান্নার উপরেও এর পুষ্টিগুণ নির্ভর করে। পুষ্টিবিদদের মতে, কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই প্রতিদিনের ডাল থেকে আরও ভালো পুষ্টি পাওয়া সম্ভব।

রান্নার আগে কতক্ষণ ডাল ভিজিয়ে রাখবেন?
বিভিন্ন পুষ্টিবিদের মতে, রান্নার আগে অন্তত ২ ঘণ্টা আগে ডাল ভিজিয়ে রাখা ভালো। কারণ ডালে ভালো ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি কিছু অ্যান্টি-নিউট্রিয়েন্টও থাকে। এই উপাদান ডালের মধ্যে থাকা খনিজ শোষণে বাধা দিতে পারে। এ কারণে ডাল রান্নার আগে ভিজিয়ে রাখলে এই অ্যান্টি-নিউট্রিয়েন্টগুলির পরিমাণ অনেকটাই কমে যায়। তবে সব ধরনের ডাল একরকমভাবে ভিজিয়ে রাখা ঠিক নয়। মুগ-মসুর ডাল দু’ঘণ্টা ভিজিয়ে রাখা ভালো। অন্যদিকে ছোলার ডাল ৬ থেকে ৮ ঘণ্টা, অড়হড় ডাল ২ থেকে ৩ ঘণ্টা,রাজমা ১০ থেকে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়।

ভিজিয়ে রাখা পানি কি ফেলে দেওয়া ঠিক?
অনেকেই ডাল ভিজিয়ে রাখার পরে সেই পানি ফেলে দিয়ে নতুন পানি দিয়ে রান্না করেন। পুষ্টিবিদের মতে, ভিজিয়ে রাখার পানিতে যেমন ক্ষতিকর অ্যান্টি-নিউট্রিয়েন্ট থাকে, তেমনি পানিতে দ্রবণীয় কিছু ভিটামিন ও অন্যান্য উপাদান মিশে থাকে। এ কারণে সেই পানি ফেলে দিলে কিছু পুষ্টিগুণ নষ্ট হতে পারে।

কীভাবে ডাল পরিষ্কার করবেন?
প্রথমে পরিষ্কার পানিতে ডাল ভালোমতো কচলে ধুয়ে নিন। তার পরে আরও একবার ভালো করে পরিষ্কার করুন। এতে ডালে মিশে থাকা অ্যান্টি-নিউট্রিয়েন্ট, ধুলো-বালি চলে যায়। এর পরে ডাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে সেই পানিসহ পুরো ডাল একেবারে প্রেসার কুকার বা কড়াইয়ে দিয়ে রান্না করুন।

কোন ডাল বেছে নেবেন?
বাজারে এখন পলিশড, আনপলিশড, গোটা, ভাঙা সব ধরনের মুগ, মসুর-সহ বিভিন্ন ধরনের ডাল পাওয়া যায়। পুষ্টিবিদদের মতে, কম প্রক্রিয়াজাত বা আনপলিশড ডাল খাওয়াই সবচেয়ে উপকারী। অতিরিক্ত চকচকে দেখালেই সেই ডাল ভালো হবে-এমনটা নয়। ডাল কেনার সময়ে বিশ্বস্ত ব্র্যান্ড, প্যাকেটের মেয়াদ কতদিন রয়েছে এবং গুণমান কেমন, সবটা যাচাই করে কেনা ভালো।