জাহিদুর রহমান।।
দিনে দিনে বাড়ছে মাটির থালা-বাসনের কদর, ফিরছে হারানো ঐতিহ্য । একসময় গ্রামবাংলার ঘরে ঘরে এবং বড় বড় সামাজিক অনুষ্ঠানে মাটির থালা-বাসন, কলস ও নানা তৈজসপত্রের ব্যবহার ছিল বেশ প্রচলিত। মাটির থালায় খাবার পরিবেশন কিংবা মাটির কলসে পানি সংরক্ষণ ছিল বাংলার চিরচেনা সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।
তবে কালের পরিবর্তনে স্টিল, মেলামাইন ও আধুনিক প্রযুক্তিতে তৈরি নানা ধরনের তৈজসপত্রের ব্যবহার বাড়তে থাকায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল ঐতিহ্যবাহী মৃৎশিল্প। সময়ের সঙ্গে বদলে গেছে মানুষের জীবনযাত্রা, বদলেছে ব্যবহারিক সামগ্রীর ধরনও।
আধুনিক তৈজসপত্রের দাপটে একসময় মাটির তৈরি থালা-বাসনের চাহিদা অনেকটাই কমে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও মাটির তৈরি এসব সামগ্রীর প্রতি মানুষের আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে। নগরীর বিভিন্ন অলিগলি ও বাজারে গড়ে উঠছে মৃৎশিল্পের দোকান। সেখানে ক্রেতাদের উপস্থিতিও জানান দিচ্ছে, হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য আবারও নতুন করে ফিরে আসছে।

খুলনা নগরীর বয়রা এলাকায় গড়ে ওঠা মৃৎশিল্পের দোকানগুলোতে দেখা যাচ্ছে নানা ধরনের মাটির তৈরি থালা, প্লেট, মগ, কলস, ফুলদানি ও সৌন্দর্যবর্ধক সামগ্রী। যুগের সঙ্গে তাল মিলিয়ে এসব পণ্যে যুক্ত হয়েছে আধুনিক নকশা, বাহারি রং ও নানা ধরনের কারুকাজ। ফলে শুধু দৈনন্দিন ব্যবহার নয়, ঘর সাজানোর সামগ্রী হিসেবেও মাটির পণ্য জনপ্রিয় হয়ে উঠছে।
নগরীর বয়রায় ‘মাটির ঘ্রাণ’ নামের একটি দোকানে কথা হয় ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, ছোটবেলায় মাটির এসব জিনিসের ব্যবহার অনেক বেশি দেখেছি। বাড়িতে কিংবা বড় কোনো অনুষ্ঠানে মাটির থালা-বাসন ও কলসের ব্যবহার ছিল স্বাভাবিক বিষয়। একটা সময় এসব পণ্যের ব্যবহার কমে গিয়েছিল। তবে বর্তমানে মানুষের মধ্যে মাটির তৈরি জিনিসপত্র কেনার আগ্রহ আবারও বাড়ছে। প্রতিদিনই ভালো বেচাকেনা হচ্ছে। বিভিন্ন বয়সের ও পেশার মানুষ এসব পণ্য কিনছেন। তুলনামূলকভাবে চাহিদাও বেশ ভালো।
তিনি আরও বলেন, মাটির তৈরি পণ্যের প্রতি মানুষের এই আগ্রহ দেখে মনে হচ্ছে, হারিয়ে যেতে বসা মৃৎশিল্প আবারও নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। যেন মানুষ আবারও মাটির ঘ্রাণ নিতে শুরু করেছে।
প্রকৃতির উপাদানে তৈরি মাটির তৈজসপত্র শুধু ব্যবহারিক সামগ্রী নয়, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও শৈল্পিক সৌন্দর্যেরও প্রতীক। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নতুন নকশা ও বৈচিত্র্যে মাটির পণ্যের এই ফিরে আসা মৃৎশিল্পের সঙ্গে জড়িত কারিগর ও ব্যবসায়ীদের জন্যও নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।











































