Home আঞ্চলিক দুবলার চরে রাশ উৎসবে অনুপ্রবেশের চেষ্টায় ১০৭ জন আটক

দুবলার চরে রাশ উৎসবে অনুপ্রবেশের চেষ্টায় ১০৭ জন আটক

0

বাগেরহাট প্রতিনিধি।।



সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাশ উৎসবে অবৈধ পথে প্রবেশের চেষ্টাকালে ১০৭ জনকে আটক করেছে বন বিভাগ। গত ২২ ও ২৩ নভেম্বর রাতভর বিশেষ অভিযান চালিয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা তাদের আটক করেন। পরে বন আইনের বিভিন্ন ধারায় তাদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে ২৪ নভেম্বর সকালে ছেড়ে দেয়া হয়।

চাঁদপাই বন বিভাগ জানায়, বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোর কোলে প্রতি বছরই ঐতিহ্যবাহী রাশ উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এই উৎসব ও পুণ্যস্নানে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে পূর্বনির্ধারিত ৫টি রুট নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আটক ব্যক্তিরা নির্ধারিত সেই রুটগুলো ব্যবহার না করে এবং নিজেদের প্রকৃত নাম-পরিচয় গোপন রেখে গোপনে ও অবৈধ পথে দুবলার চরের আলোর কোলে প্রবেশের চেষ্টা করছিলেন।

বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানায়, এবারের রাশ উৎসব ও পুণ্যস্নানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেয়ার অনুমতি ছিল। প্রশাসনিক ও বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, অন্য কোনো ধর্মের মানুষের সেখানে যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু সেই নির্দেশনা ও বিধিনিষেধ অমান্য করে অবৈধ পথে সুন্দরবনে প্রবেশের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে বন আইনের আওতায় প্রত্যেককে জরিমানা ও ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রাশ উৎসবের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বন বিভাগের পক্ষ থেকে শুরু থেকেই কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল। উৎসব উপলক্ষ্যে নির্ধারিত ৫টি রুট বাদ দিয়ে যারা নিজেদের নাম-পরিচয় গোপন করে অবৈধ পথে দুবলার চরের আলোর কোলে প্রবেশের চেষ্টা করেছিলেন, ২২ ও ২৩ নভেম্বর রাতভর অভিযানে তেমন ১০৭ জনকে আটক করা হয়। পরবর্তীতে বন আইন অনুযায়ী তাদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে আজ সকালে ছেড়ে দেয়া হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল ও ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না, এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রাশ উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে বন বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। এ বছর হিন্দু সম্প্রদায়ের প্রায় ১০ হাজারেরও বেশি পুণ্যার্থী নির্ধারিত নিয়মকানুন ও রুট মেনে দুবলার চরের রাশ উৎসব ও পুণ্যস্নানে অংশ নিয়েছেন।