Home খেলাধুলা ক্রীড়া আদালতের রায়ে শিরোপা পেল সেনেগাল

ক্রীড়া আদালতের রায়ে শিরোপা পেল সেনেগাল

0

স্পোর্টস ডেস্ক।।

দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা ফিরে পেল সেনেগাল। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) রায়ে বাতিল হয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (ক্যাফ) আগের সিদ্ধান্ত। ফলে ফাইনালে মরক্কোর বিপক্ষে পাওয়া ১-০ গোলের জয়ই বহাল থাকছে সেনেগালের।

সিএএস জানিয়েছে, সেনেগাল ফুটবল ফেডারেশনের করা আপিল গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ক্যাফের আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে ডিসিপ্লিনারি বোর্ডের আগের রায় পুনর্বহাল করা হয়েছে। এর ফলে আফকনের ফাইনালের ফলাফল অনুযায়ী সেনেগালকেই আনুষ্ঠানিক চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। অতিরিক্ত সময়ে পাপে গেয়ের করা গোলে জয় নিশ্চিত করে দলটি।

তবে ম্যাচের শেষ দিকে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনেগালের একটি গোল বাতিলের পর মরক্কো পেনাল্টি পেলে প্রতিবাদে মাঠ ছেড়ে যান সেনেগালের খেলোয়াড়রা। এতে প্রায় ১৭ মিনিট বন্ধ থাকে খেলা। পরে মাঠে ফিরে মরক্কোর ব্রাহিম দিয়াজের পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি। এরপর অতিরিক্ত সময়ে জয় তুলে নেয় সেনেগাল।

ম্যাচের দুই মাস পর সেনেগালের মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন সিদ্ধান্ত নেয় ক্যাফ। মরক্কোর অভিযোগের ভিত্তিতে ফাইনালে সেনেগালকে পরিত্যক্ত বা ওয়াকওভারজনিত হারের দায়ে অভিযুক্ত করে সংস্থাটি। পাশাপাশি ম্যাচের ফলাফল মরক্কোর পক্ষে ৩-০ ঘোষণা করা হয়।

ক্যাফের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এবার সেনেগালের পক্ষেই রায় দিল ক্রীড়ার সর্বোচ্চ সালিশি আদালত। ফলে মাঠের লড়াইয়ে অর্জিত শিরোপা ফিরে পেল ‘লায়ন্স অব তেরাঙ্গা’।