মিলি রহমান।।
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা জানাচ্ছেন গবেষকেরা। ‘ডারাশোনরাসিভ’ নামের একটি পরীক্ষামূলক ওষুধ নিয়ে প্রাথমিক গবেষণায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। ট্যাবলেট আকারের এই ওষুধ ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং টিউমারের আকার কমাতে কার্যকর হতে পারে বলে দাবি করেছেন গবেষকেরা।
তবে ওষুধটি সব রোগীর ক্ষেত্রে কতটা কার্যকর ও নিরাপদ, তা নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেভোলিউশন মেডিসিন্স ওষুধটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির দাবি, অগ্ন্যাশয়ের ক্যানসার কোষ থেকে নিঃসৃত বিশেষ ধরনের প্রোটিনের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে ওষুধটি। ক্যানসার কোষের বৃদ্ধি ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার সঙ্গে এই প্রোটিনের সম্পর্ক রয়েছে। রোগের পর্যায় বিবেচনা করে ওষুধটির মাত্রা নির্ধারণ করা হবে।
অগ্ন্যাশয়ের ক্যানসারকে প্রাণঘাতী ক্যানসারগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। প্রাথমিক পর্যায়ে অনেক সময় এ রোগের লক্ষণ স্পষ্ট হয় না। ফলে রোগ শনাক্ত হওয়ার সময় অনেক রোগীর ক্যানসার তৃতীয় বা চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়। এ কারণে চিকিৎসা জটিল হয়ে পড়ে এবং রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনাও কমে যায়।
গবেষণাসংশ্লিষ্টদের দাবি, অগ্ন্যাশয়ের ক্যানসারের প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে ‘আরএএস’ নামের জিনগত পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন ক্যানসার কোষের দ্রুত বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে। নতুন ওষুধটি এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে কাজ করে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে ৬১ জন অগ্ন্যাশয়ের ক্যানসার রোগীর ওপর ওষুধটির প্রয়োগ পরীক্ষা করা হয়। তাদের অনেকের ক্যানসার লিভার ও ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। গবেষকদের পর্যবেক্ষণে দেখা যায়, ওষুধটি প্রয়োগের পর প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে রোগীদের শরীরে ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি টিউমারের আকারও ছোট হতে থাকে। কয়েক মাস ওষুধটি সেবনের পর বেশির ভাগ রোগীর টিউমার নির্মূল হয়েছে বলেও দাবি করা হয়েছে।
ওষুধটি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পরীক্ষামূলক প্রয়োগের ফল আশাব্যঞ্জক হলেও এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে আরও পর্যবেক্ষণ চলছে। সব রোগীর শরীরে ওষুধটি একইভাবে কাজ করবে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে।
গবেষণার পরবর্তী ফল সন্তোষজনক হলে ওষুধটি দ্রুত বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে প্রাথমিক গবেষণার ফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার সম্পূর্ণ নিরাময়ের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।











































